Home আঞ্চলিক আ.লীগ নেতার মৃত্যু: সিসি ফুটেজে সনাক্ত ৭ জনের পরিচয় খুঁজছে পুলিশ

আ.লীগ নেতার মৃত্যু: সিসি ফুটেজে সনাক্ত ৭ জনের পরিচয় খুঁজছে পুলিশ

18

স্টাফ রিপোর্টার ।।

বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগর শাখার সদস্য ও মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান সাগরের মৃত্যুর রহস্য কি জানা যাবে? খুলনার রাজনৈতিক অঙ্গনে এ প্রশ্ন এখন সবার মাঝে ঘুরপাক খাচ্ছে। এদিকে এ মৃত্যু নিয়ে নানা ধরনের গুঞ্জণ শুরু হলে পুলিশ খুলনার হাসপাতালসহ বেশ কয়েক স্থানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। ওই ফুটেজে মনিরুজ্জামান সাগরকে হাসপাতালে ভর্তির মুহুর্তের ৬/৭জনকে সণাক্ত করা হয়েছে। তবে তাদের চেহারা অপরিচিত বিধায় পুলিশ এখনও পর্যন্ত কারও বক্তব্য নিতে পারেনি। তবে সেদিন সন্ধ্যার পর থেকে আ’লীগ নেতা মনিরুজ্জামান সাগরের অবস্থান কোথায় ছিলো। তা জানতে তার মুঠোফোনের অবস্থান সণাক্ত করতে পুলিশের তেমন বেগ পেতে হবে না।

গত ২২ফেব্রুয়ারি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। ২৩ ফেব্রুয়ারি সকালে ঢামেক মর্গে সাগরের মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়। দুপুরে সেখান থেকে এ্যাম্ব্যুলেন্স যোগে তার মৃতদেহ খুলনার উদ্দেশ্যে আনা হয়। পরবর্তিতে জানা গেছে সাগরের মৃতদেহ ঢামেক মর্গ থেকে ময়নাতদন্ত ছাড়াই খুলনায় এনে দাফন করা হয়েছে।

গত শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দেখিয়ে মনিরুজ্জামান সাগরকে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সেখান থেকে সোমবার (২১ফেব্রুয়ারি) তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়। তার মৃত্যুতে খুলনার রাজনৈতিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে।

২৩ ফেব্রুয়ারি রাতে মনিরুজ্জামান সাগরের জানাজায় এসে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেন, কোথায় কিভাবে সড়ক দুর্ঘটনা হয়েছিলো তা জানা প্রয়োজন। কারন এধরনের দুর্ঘটনায় সেই রিক্সা বা ইজিবাইক ক্ষয়ক্ষতি হবে। সেই যানবাহনের চালকও সামান্য হলেও আহত হবেন।

এ বিষয়ে মনিরুজ্জামান সাগরের ভাই সোহাগ বলেন, পিজি হাসপাতাল থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিলো। কিন্তু পরিবারের অন্য সদস্যরা ময়নাতদন্ত না করার জন্য সিদ্ধান্ত নেয়ায় করা হয়নি।

তিনি আরও বলেন, আমার ভাই মারা গিয়েছে এটাই সত্য। শুনেছি দুর্ঘটনা হয়েছে, কিন্তু তা তো দেখতে পায়নি কোথায় কিভাবে হয়েছে।

এদিকে মনিরুজ্জামান সাগর সেদিন রাতে সড়ক দুর্ঘটনার স্বীকার হননি বলে সন্দেহ করছেন খুলনার আওয়ামী লীগের নেতাকর্মিদের অনেকে। ওই রাতে তার দুই চোখ ও মুখে গুরুতর জখম, পাজরের হাড় এবং পায়ের হাড় মারাত্মক ভাবে ভেঙ্গে যায়। সড়ক দুর্ঘটনায় যে ধরনের সিমটম দেখা যায় মনিরুজ্জামান সাগরের জখম গুলো ছিলো ভিন্ন। তার জখম গুলো পরিকল্পিত মারপিটের জখমের মতোই দেখা যায়। তবে তার আহত হওয়ার পর এ নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও, সরাসরি মুখ খোলেনি কেউ।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, মনিরুজ্জমান সাগরের মৃত্যু নিয়ে নানা গুঞ্জণের কারনে সম্ভব্য স্থানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। হাসপাতালের ফুটেজ থেকে ৬/৭জনকে সণাক্ত করা হয়েছে। এছাড়া বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।