ঢাকা অফিস।।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিদ্যুত, গ্যাস, পানির দাম বৃদ্ধি করছে বারবার। কারণ একটাই শুধুমাত্র চুরির জন্য। এখানে একজন বলেছেন যে, চাল-ডাল-তেলের দাম বাড়ানোর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। অবশ্যই দাঁড়াতে হবে।’ আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাব জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ‘ফসলের মাঠে কৃষকের আত্ম হত্যা : ফ্যাসীবাদী শাসনের খণ্ডচিত্র’ শীর্ষক এই প্রতিবাদ সভা হয়।
গত ২ ফেব্রুয়ারি শেরপুরের নালিতাবাড়ীর মানিকচাঁদ গ্রামে শাসকগোষ্ঠির প্রভাবশালী মহল কর্তৃক সেচ পাম্প স্থাপনে বাধা প্রদানের প্রতিবাদে নিজের ফসলের মাঠে কৃষক শফিউদ্দিন আত্মহত্যা করেন।
কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহসভাপতি গৌতম চক্রবর্তী, নাসির হায়দার, জামাল উদ্দিন খান মিলন, এসএম ফয়সাল, আনম খলিলুর রহমান, ওমর ফারুক শাফিন, সৈয়দ অলিউল্লাহ সিদ্দিকী, যুগ্ম সম্পাদক শাহ আবদুল্লাহ আল বাকী, মাহবুদা হাবিবা, ইশতিয়াক আহমেদ নাসিরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
বিএনপি মহাসচিব আরও বলেন,‘সরকারকে জবাব দিতে হবে কেনো চালের দাম বাড়ল? যে চালের দাম আমাদের সরকারের আমলে ছিল সর্বোচ্চ ১৭/১৮ টাকা সেটা এখন ৬০/৭০ টাকা বিক্রি হচ্ছে মোটা চাল। কেনো সোয়াবিন তেলের দাম বাড়ছে? যেটা আমাদের সময় ছিলো ৫৪ টাকা সেটা এখন ১৮০ টাকা। কারণটা কী? চুরি, দুর্নীতি। প্রতিক্ষেত্রে দুর্নীতি। এই যে দুর্নীতি এই দুর্নীতির সঙ্গে একেবারে রন্ধ্রে রন্ধ্রে রাষ্ট্রের সমস্তঅংশগুলোকে এরা জড়িয়ে ফেলেছে। কোনো ফাঁক নেই যেই খাতে দুর্নীতি নেই।’ মাথাপিছু মানুষের আয়বৃদ্ধি নিয়ে সরকারের পরিসংখ্যানও ‘মিথ্যা’বলে মন্তব্য করেন তিনি।









































