মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
প্রথমবারের মত বঙ্গোপসাগর পাড়ের সুন্দরবনের দুবলার চরের জেলেদের করোনা টিকা দেয়া শুরু হয়েছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লীর আলোরকোলে সকাল সাড়ে ৯ টা থেকে এ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। দুবলা ফিসারম্যান গ্রুপের আয়োজনে দুবলার চরের সমুদ্রগামী ১৪ হাজার জেলেদের এ করেনা টিকা দেয়া হচ্ছে। দুবলার চরে
স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচীর এই কার্যক্রমের উদ্ধোধন করেন বাগেরহাট সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন আহম্মেদ।
বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল জানান, দুর্গম বঙ্গোপসাগর পাড়ের দুবলার চরের আলোরকোল, মাঝিরকিল্লা ও নারিকেলবাড়ীয়ায় জেলেদের টিকা কার্যক্রমে অংশ নেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডাঃ সৌরসহ অন্তত পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক। ১২ জন অভিজ্ঞ স্বাস্থ্য সহকারী জেলেদের এ টিকা প্রদান করছেন। এছাড়া রেড ক্রিসেন্টের ৮ জন স্বেচ্ছাসেবীও কার্যক্রমে অংশ নেন।
জেলেদের জন্য ১৮ হাজার টিকা দুবলার চরে আনা হলেও জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকলেই ১৪ হাজার জেলেদের দেয়া হবে আমেরিকার ‘জনসন এন্ড জনসন’ ভ্যাকসিন। যার এক ডোজই দেয়া হবে। এর কোন দ্বিতীয় ডোজ নেই। একই সাথে এসব জেলেদের টিকা কার্ড প্রদান করা হবে বলেও জানান ডাঃ সুকান্ত কুমার পাল।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে গভীর সমুদ্রে মাছ আহরনে আসা এসব জেলেদের টিকা কার্যক্রমে বাগেরহাট সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন আহম্মেদ ছাড়াও রয়েছেন রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম সমাদ্দারসহ আরো ২ জন মেডিকেল অফিসার, বনবিভাগের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় ও দুবলা ফিশারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ কামাল উাদ্দন আহম্মেদ।










































