শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি।।
ঝিনাইদহের শৈলকুপার লাঙ্গলবাঁধ থেকে শহীদনগর পর্যন্ত তিন কিলোমিটার সেচ খালের রাস্তার দুই পাশের গাছ নির্বিচারে কাটা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু বনজ গাছ কাটার টেন্ডার হলেও কেটে নেওয়া হচ্ছে ফলদ গাছও। এ ছাড়া টেন্ডারে গাছ মাটির উপরিভাগ থেকে কাটার কথা থাকলেও তা মানা হচ্ছে না।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) শৈলকুপা শাখা অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়া প্রধান সেচ খালের শৈলকুপার লাঙ্গলবাঁধ থেকে শহীদনগর পর্যন্ত রাস্তা প্রশস্তকরণের জন্য সেচ খালের রাস্তার উভয় পাশের বনজ গাছ বিক্রির টেন্ডার আহ্বান করা হয়। ১১ লাখ ৯০ হাজার টাকায় কার্যাদেশ পায় মাহাবুব এন্টারপ্রাইজ। সরেজমিনে দেখা যায়, পাউবি কুষ্টিয়ার প্রধান সেচ খালের শৈলকুপার লাঙ্গলবাঁধ থেকে শহীদনগর পর্যন্ত টেন্ডার হওয়া বনজ গাছের সঙ্গে কেটে নেওয়া হচ্ছে ফলদ গাছও। আর সেগুলো কাটা হচ্ছে দুই থেকে তিন ফুট মাটি খুঁড়ে।
এলাকাবাসীর অভিযোগ, শৈলকুপা পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীদের যোগসাজশে এমন নির্বিচারে গাছ কাটা চলছে।
টেন্ডারে গাছ ক্রয়কারী হাটফাজিলপুর এলাকার মানিক বিশ্বাস জানান, তিনি কোনো ফলদ গাছ কাটেননি। তবে মাটি খুঁড়ে গাছ কাটার বিষয়ে তিনি বলেন, বোর্ডের কর্মচারীদের সঙ্গে আলোচনা করেই গাছ কাটা হচ্ছে।
গাছ ব্যবসায়ী সাহেব আলী বলেন, পানি উন্নয়ন বোর্ডের সেচ খালের সীমানাসংলগ্ন জমির মালিক ও পাউবি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করেই তারা ফলদ গাছ ক্রয় করে কেটে নিচ্ছেন।
কাশিনাথপুর গ্রামের ইউপি সদস্য আকরাম খান বলেন, পানি উন্নয়ন বোর্ডের সেচ খালের বনজ গাছের সঙ্গে বেআইনিভাবে ফলদ গাছ কেটে নেওয়া হচ্ছে। বোর্ডের দায়িত্বপ্রাপ্তরা দেখেও না দেখার ভাঁন করছেন।
পানি উন্নয়ন বোর্ডের শৈলকুপা শাখার কর্মচারী আব্দুর রশিদ জানান, তিনি টেন্ডারের গাছ কাটা দেখাশোনার দায়িত্বে আছেন। টেন্ডারের বনজ গাছ কাঠ ব্যবসায়ীরা কেটে নিয়ে যাচ্ছে আর ফলদ গাছ এলাকাবাসী কেটে নিচ্ছে। নিষেধ করলেও তারা কোনো কথা শুনছে না বলে জানান।
পানি উন্নয়ন বোর্ডের শৈলকুপা শাখার শাখা কর্মকর্তা উপসহকারী কর্মকর্তা বিকর্ণ দাস জানান, কুষ্টিয়া প্রধান সেচ খালের শৈলকুপা অংশের বনজ গাছের টেন্ডার হয়েছে। ফলদ গাছ কাটা নিষেধ। ফলদ গাছ কাটার বিষয়টি তার জানা নেই। এ ধরনের কাজ হয়ে থাকলে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।











































