কয়রা প্রতিনিধি।।
খুলনার কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন খাসিটানা খাল এলাকায় অভিযান চালিয়ে হরিণের দুটি মাথা, দুটি চামড়া, দুটি ভুঁড়ি, আটটি পা ও দুই কেজি মাংস জব্দ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এগুলো জব্দ কর হয়।
কোস্টগার্ডের জোনাল কমান্ডার লে. কমান্ডার এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে খাসিটানা খাল এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশনের একটি টহল দল। এসময় পরিত্যক্ত অবস্থায় হরিণের দুটি মাথা, দুটি চামড়া, দুটি ভুঁড়ি, আটটি পা ও দুই কেজি মাংস জব্দ করা হয়। এসময় হরিণ শিকারিরা কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ হরিণের মাংসসহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ স্থানীয় আন্দারমানিক ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন বড় আংটিয়ারা এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি হরিণের মাংসসহ অসিত কুমার সরদার নামের এক শিকারিকে আটক করে কোস্টগার্ড।











































