স্টাফ রিপোর্টার।।
নগরীর নতুন বাজার লঞ্চঘাট থেকে ২০৮ বস্তা গম র্যাব পরিচয়ে ডাকাতি করে নিয়ে যাওয়া গম উদ্ধারসহ ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। ১৬ ও ১৭ ফেব্রুয়ারি খুলনা ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামীরা হলেন খুলনা জেলার দিঘলিয়া থানার চন্দনীমহল গ্রামের স্টার জুট মিল ২নং গেট এলাকার মৃত. গাজী রেজাউল হকের ছেলে গাজী সালাউদ্দিন সুমন (৩৯), খালিশপুর হার্ডবোর্ড গেট দারোয়ান কোয়াটারের মো. মফিজ হাওলাদারের ছেলে মো. রবিউল ইসলাম (২১), খালিশপুর ৬১, ইস্ট ব্লক নিউ মার্কেট রোডের মো. মফিজুর রহমান ভুইয়ার ছেলে মো. হারুন অর রশিদ (৩৭), খালিশপুর হাউজিং বাজার এলাকার মৃত. রুস্তম শেখের ছেলে মো. মুরাদ শেখ (৪০) ও বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার মৃত. আবু তাহের খানের ছেলে মো. খায়রুজ্জামান খান তুহিন (৪০)।
র্যাব-৬ এর অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস ব্রিফিং-এ জানান, চালনাবাজার মধ্যপাড়া এলাকার ব্যবসায়ী চন্দন সাহা ১০ ফেব্রুয়ারি ভাড়াকৃত ট্রলারযোগে চালনা বাজার ট্রলারঘাট থেকে কাবিখার বৈধভাবে ক্রয়কৃত ২০৮ বস্তা লাল গম নিয়ে নতুন বাজার লঞ্চঘাট বরফকল এলাকায় পৌছায়। পৌছানোর কিছুক্ষন পর সেখানে অজ্ঞাতনামা ১৫/১৬ জন ব্যক্তি র্যাবের পরিচয় দিয়ে তার ভাড়াকৃত ট্রলারের মাঝি মধু সাহাকে ভয়ভীতি দেখিয়ে এবং মারধর করে ট্রলারের কেবিনে বসিয়ে রাখে। এরপর আসামিরা লেবার দিয়ে ট্রলার থেকে ২০৮ (দুইশত আট) বস্তা লাল গম একটি বড় ট্রাকে উঠিয়ে নিয়ে যায়। এসময় ট্রলারের মাঝিকে কেবিন থেকে বের করে রাস্তার উপরে নিয়ে এসে একটি কালো রংয়ের জীপ গাড়িতে উঠিয়ে মাঝির চোখ বেঁধে অন্যত্র নিয়ে যায়।পরবর্তীতে ট্রলারের মাঝিকে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ২ ঘন্টা পর রয়েলের মোড়ে এসে চোখ বাঁধা অবস্থায় রাস্তার উপর ফেলে দিয়ে চলে যায়। এসময় মাঝির কাছে থাকা একটি মোবাইল ফোন এবং দশ হাজার টাকা আসামিরা নিয়ে যায়।
ডাকাত চক্রকে গ্রেপ্তার এবং ডাকাতির মালামাল উদ্ধারের জন্য র্যাব-৬ এর ষ্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ১৬ ফেব্রুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত চক্রের মূলহোতা গাজী সালাউদ্দিন সুমন নতুন বাজার লঞ্চঘাট বরফকল এলাকায় অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি বুধবার রাতেই অভিযান পরিচালনা করে ডাকাত গাজী সালাউদ্দিন সুমন কে গ্রেপ্তার করে। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির কথা স্বীকার করে। সে আরও জানায় যে, তার সহযোগী আসামিরা খালিশপুর থানা এলাকায় এবং ঢাকার রমনা থানা এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে আসামির দেওয়া তথ্যমতে আভিযানিক দলটি খালিশপুর উজ্জল ফুডস ইন্ডাষ্ট্রিজ এর মধ্যে হতে রবিউল ইসলাম, হারুন অর রশিদকে এবং গ্রেপ্তার করে এবং তাদের হেফাজত রাখা ডাকাতির ২০৮ বস্তা লাল গম উদ্ধার পূর্বক জব্দ করে। সেইসাথে ঢাকা রমনা থানা এলাকা থেকে আসামি খায়রুজ্জামান খান তুহিন ও মুরাদ শেখকে রাত সাড়ে ৪ টায় গ্রেপ্তার করে এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ধূসর রংয়ের জীপগাড়ী উদ্ধার পূর্বক জব্দ করে। আসামিদের বিরুদ্ধে বাদী চন্দন সাহা খুলনা সদর থানায় র্যাবের সহায়তায় মামলা রুজু করেছেন।











































