Home আঞ্চলিক জমির এখন সচ্ছল, ফেরত দিতে চান সরকারি উপহারের ঘর

জমির এখন সচ্ছল, ফেরত দিতে চান সরকারি উপহারের ঘর

11

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।

দিনমজুর জমির উদ্দিন বসবাস করেন পৈত্রিক ভিটায়। অভাব অনটনের সংসারে স্ত্রী সন্তান নিয়ে একটা ঝুপড়ি ঘরে থাকেন। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেতে আবেদন করার পর ২০২১ সালে একটি ঘর বরাদ্দ পান। এর পরও স্ত্রী আফরোজা ও ছয় বছরের কন্যা সন্তান লামিয়াকে নিয়ে ঝুপড়ি ঘরেই বসবাস করছিলেন তিনি। পরে দিনমজুরের পাশাপাশি কলার ব্যবসা করে সচ্ছলতা ফিরে আসলে বরাদ্দ পাওয়া উপহারের ঘর ফেরত দিতে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন জমির উদ্দিন। এলাকাবাসী জানায়, জীবননগর উপজেলার শাহাপুর গ্রামের জমির উদ্দীন দিনমজুরের কাজ করেন। বাবা-মা মারা যাওয়ার পর পৈত্রিক সূত্রে পাওয়া দেড় শতক জমি ছিল তার। আন্দুলবাড়ীয়া শাহাপুর গ্রামে দুই শতক জমির ওপর একটি ঘর বরাদ্দ দেওয়া হয় তাকে। কিন্তু এ ঘর বরাদ্দ পাওয়ার পরও তিনি সেখানে যাননি। এর মধ্যে দিনমজুরের পাশাপাশি কলার ব্যবসা শুরু করে প্রতি মাসে ১২ হাজার টাকা করে আয় করেন তিনি। তা ছাড়া পরিবারের অন্য সদস্যদের ছেড়ে ওই ঘরে বসবাস করতে মন চাইছে না তার। তাই বোনের কাছ থেকে পৈত্রিক ভিটায় আরও এক শতক জমি কিনে ঝুপড়ি ঘরেই বসবাস শুরু করেছেন।

জমির উদ্দীন বিশ্বাস বলেন, জমি জায়গা আগে তেমন ছিল না। বাপের কাছ থেকে দেড় শতক জমি পেয়েছি। এখন আয় রোজগার একটু ভালো। ভাই, চাচারা চাইছে না মাঠের মধ্যে বাস করি। বোন জামাইয়ের সঙ্গে কথা বলে তারা আমাকে এক শতক জমি দিতে চেয়েছে। তাই আমি এ ঘর ফিরিয়ে দিয়ে আমার পৈত্রিক ভিটায় বসবাস করতে চাই। বরাদ্দ পাওয়া ঘরে আমি কখনও থাকিনি। চাচাত ভাই সবুজ বলেন, জমির উদ্দীনের পৈত্রিক সূত্রে দেড় শতক জমি আছে। বড় বোন তাকে আরও এক শতক জমি দেবে বলে জানিয়েছে। সে ওই মাঠের মধ্যে আমাদের ছেড়ে থাকতে পারবে না সে কারণে বরাদ্দ পাওয়া ঘর ফিরিয়ে দিয়েছে।  জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, এ বিষয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে রাজি নই। বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরে জানানো হবে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে তাই বাস্তবায়ন করা হবে।