লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি।।
নড়াইলের লোহাগড়ার ইতনা গ্রামে মঙ্গলবার মো. মিরাজ বাকার নামের এক বর হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন। এ সময় বাকারের সঙ্গে তার তিন আত্মীয় ছিলেন। এদিকে হেলিকপ্টার নিয়ে বর আসায় তাদের দেখতে ভিড় করেন উৎসুক গ্রামবাসী।
জানা যায়, কিছুদিন আগেই মাদারীপুর সদর উপজেলার আলহাজ্ব আবু বক্কার সিদ্দিকের ছেলে লন্ডনপ্রবাসী মো. মিরাজ বাকারের সঙ্গে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য হুমায়ুন কবির মিল্টন ভূইয়ার মেয়ে লামিয়া কবির মিমের বিয়ে ঠিক হয়। পারিবারিকভাবে তাদের বিয়ের তারিখ ছিল মঙ্গলবার। এদিন দুপুর দুইটার দিকে ভাড়া করা হেলিকপ্টার নিয়ে মিরাজ বাকার তিন আত্মীয়সহ ইতনা গ্রামের স্কুল মাঠে নামেন। অন্য বর যাত্রীরা মাইক্রোবাসে চড়ে আসেন।
হুমায়ুন কবির মিল্টন বলেন, তার তিন সন্তানের মধ্যে বড় মেয়ে লামিয়া এইচএসসি পরীক্ষার্থী। এ বিয়েতে বর পক্ষের ২০০ যাত্রীসহ ৫০০ লোক এসেছে। বিয়ে শেষে বিকেলে হেলিকপ্টারে করে মেয়েকে নিয়ে গেছেন বর।
এ ব্যাপারে বর মিরাজ বাকার বলেন, বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা।
মেয়ের চাচা মশিউর রহমান মিলন ও আলী আজগর মিন্টু জানান, সবার ছোট ভাইয়ের মেয়েকে আত্মীয়-স্বজন উপস্থিত থেকে ধুমধাম করে বিয়ে দিয়েছি। আমাদের মেয়ে মিমকে বরপক্ষ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়াতে আনন্দ লাগছে।











































