Home আঞ্চলিক শুকনো মৌসুমেও পদ্মায় তীব্র ভাঙন, বাড়িঘর জমি বিলীন

শুকনো মৌসুমেও পদ্মায় তীব্র ভাঙন, বাড়িঘর জমি বিলীন

20
শুকনো মৌসুমেও দৌলতপুরে পদ্মার ভাঙনে দিশেহারা মানুষ

কুষ্টিয়া প্রতিনিধি।।

বর্ষা মৌসুমে পদ্মা নদী বন্যার পানিতে চারদিক টইটুম্বুর থাকে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে নদীর পাড় ভাঙতে দেখা যায়। পানি নেমে গিয়ে শুকনো মৌসুমে অর্থাৎ মাঘ-ফাল্গুন মাসে পদ্মা মরা খালে পরিণত হয়। নদীর বুকচিরে জেগে ওঠে ধু ধু বালুচর। বন্যার পানি আসার আগে পদ্মার এসব চরে কৃষকরা নানা ধরনের ফসল ফলাতে ব্যস্ত হয়ে ওঠে।

পদ্মার তীরবর্তী উপজেলার চিলমারী, রামকৃষ্ণপুর, ফিলিপনগর ও মরিচা— এই ৪টি ইউনিয়নের মানুষের মাঝে যুগ যুগ ধরে একই চিত্র দেখা গেছে। ৩টি ইউনিয়নে স্বাভাবিক চিত্র দেখা গেলেও মরিচা ইউনিয়নের ভিন্ন চিত্র দেখা গেছে। শুকনো মৌসুমেও যেন পদ্মা অগ্নিমূর্তি ধারণ করেছে। প্রতিদিনই নদী গিলে খাচ্ছে শত শত বিঘা ফসলি জমি। নদী এতটাই তীব্র আকার ধারণ করেছে যা দেখে স্থানীয় মানুষ হতভম্ব হয়ে পড়েছে।

স্থানীয়দের মতে, আগে কখনও অসময়ে এ ধরনের ভাঙনের ঘটনা ঘটেনি। নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনসহ প্রভাবশালী মহল সুবিধামতো ব্যবহার করার ফলে পানির গতিপথ পরিবর্তন হয়ে গেছে। সে কারণে মূল নদী থেকে পানিপ্রবাহ বাধাপ্রাপ্ত হয়ে তীব্রগতিতে পানি পাড়ে আছড়ে পড়ছে। যার কারণে নদী ভাঙনের সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সমস্যার কারণ জানার পরও সমাধানে তেমন কোনো উদ্যোগ দেখা যায় না। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে বিলীন হয়ে যেতে পারে মরিচা ইউনিয়নের কয়েকটি গ্রাম, রায়টা-মহিষকুণ্ডি নদী রক্ষাবাঁধ ও অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান। হুমকির মুখে পড়তে পারে ভারত থেকে আসা বিদ্যুতের সঞ্চালন লাইন। ফলে প্রভাব পড়তে পারে হার্ডিঞ্জ, লালনশাহ ব্রিজের মতো স্থাপনা।

সরেজমিন দেখা গেছে, মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া-কোলদিয়া গ্রাম থেকে শুরু করে মাজদিয়াড়, পোড়ারদিয়ার, হাটপাড়া হয়ে জুনিয়াদহ পর্যন্ত ৫ থেকে ৬ কিলোমিটার এলাকাজুড়ে নদী ভাঙনের সৃষ্টি হয়েছে। প্রতিদিন ৫০ থেকে ১০০ বিঘা ফসলি জমি, ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কয়েক সপ্তাহে কয়েক হাজার একর জমি নদীতে তলিয়ে গেছে। জমি হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন।

এলাকাবাসীরা জানায়, রাজশাহী-কুষ্টিয়ার মাঝ দিয়ে পদ্মা নদী প্রবাহিত হয়ে চলেছে। বর্ষা মৌসুমে পদ্মায় বন্যার পানি আসলে মূল নদী পেরিয়ে বিস্তীর্ণ চর ও নদীর দু’পাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়। বন্যার পানি কমার সময় সাধারণত নদী ভাঙনের তাণ্ডব দেখা দেয়। এক থেকে দেড় মাসের মধ্যে বন্যার পানি কমে গেলে শুরু হয় শুকনো মৌসুম। পদ্মার বুকচিরে জেগে ওঠে চর। শুকনো মৌসুমে মূল নদী দিয়ে পানি প্রবাহিত হয়। যুগ যুগ ধরে একই ধারা চলে আসছে।

কিন্তু এই মৌসুমে আচমকা পানির প্রবাহ মূল নদী পেরিয়ে প্রবল স্রোতে কিনারের দিকে ধেঁয়ে এসে পাড়ে আছড়ে পড়ছে। ফলে মরিচা ইউনিয়নের কোলদিয়াড় থেকে ভেড়ামারা উপজেলার জুনিয়াহ পর্যন্ত এলাকা ভাঙনের মুখে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, পদ্মার দৌলতপুর অংশে বৈধ বালুমহাল না থাকলেও প্রভাবশালীরা অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন করেছেন। এর ফলে পানির গতিপথ পরিবর্তন হয়ে নদী ভাঙনের সৃষ্টি হয়েছে।

ভাঙনের এই তীব্রতা অব্যাহত থাকলে আগামী বর্ষা মৌসুমের আগেই নদীতে বিলীন হয়ে যাবে রায়টা-মহিষকুন্ডি বন্যানিয়ন্ত্রণ বাঁধ, ভুরকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোলদিয়াড় কান্দিপাড়া প্রাথমিক বিদ্যালয়, কোলদিয়াড় প্রাথমিক বিদ্যালয়, কোলদিয়াড় মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ কয়েকটি গ্রামের হাজারো মানুষের বসতঘর।

কোলদিয়া গ্রামের কৃষক ভুলু ফরাজী বলেন, ‘শুকনো মৌসুমে এ ধরনের নদী ভাঙন আগে কখনও ঘটেনি। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করার কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। অবিলম্বে বালু উত্তোলন বন্ধ করে নদী ভাঙনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।’

একই গ্রামের বাসিন্দা মুক্তার হোসেন বলেন, ‘কোলদিয়াড় মাঠে তার ৭ বিঘা জমি ছিল। এসব জমিতে গম, ভুট্টা, পেঁয়াজসহ বিভিন্ন ফসল চাষ করা হয়েছিল। কিন্ত কয়েক দিনের ভাঙনে সব নদীতে তলিয়ে গেছে। এখন আমি দিশেহারা হয়ে পড়েছি।’

মরিচা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘শুকনো মৌসুমে পদ্মার ভাঙনে ইউনিয়নের অনেকে দিশেহারা হয়ে পড়ছেন। স্থায়ী নদী শাসন না হলে পুরো ইউনিয়নই নদীতে তলিয়ে যাবে। বালু উত্তোলন বন্ধ করে স্থায়ী নদী ভাঙন রোধে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নিতে হবে।’

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল জব্বার বলেন, ‘নদী ভাঙন রোধ করতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। বালু উত্তোলন বন্ধে প্রশাসন তৎপর রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে একাধিকবার অভিযান চালানো হয়েছে। বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় সব ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দৌলতপুর আসনের এমপি অ্যাডভোকেট আ ক ম সরওয়ার জাহান বাদশাহ বলেন, ‘তাৎক্ষণিক নদী ভাঙন রুখতে নদীপাড়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে জিওব্যাগ ফেলাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও স্থায়ীভাবে নদী ভাঙন রোধে ইসলামপুর-ফিলিপনগর-কোলাবাড়ির মতো সিমেন্টের ব্লক নির্মাণ করার চেষ্টা অব্যাহত রয়েছে।’