বাগেরহাট প্রতিনিধি ।।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলায় বাগেরহাট পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান ও পৌরসভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার পৌর মেয়র ও সাবেক সচিব বাগেরহাটের দায়রা ও সিনিয়র স্পেশাল জজ আদালতে জামিন আবেদন করলে বিচারক মো. রবিউল ইসলাম শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে আদালত বিকাল ৩টায় বর্তমান পৌর মেয়র হিসেবে জেল কোড অনুযায়ী যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, তা প্রদানের জন্য কারা কতৃপক্ষকে নির্দেশ দেন।

এদিকে পৌর মেয়রের জামিন না দেওয়ার প্রতিবাদে দুপুরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বাগেরহাট-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও রাস্তায় বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে বন্ধ হয়ে যায় মহাসড়কে সব ধরনের যান চলাচল। এরপর পুলিশ মহাসড়কের ব্যারিকেড অপসারণ করলে বিকাল ৩টায় যান চলাচল শুরু হয়।
মামলা সূত্রে জনা গেছে, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানসহ ১৭ জনের বিরুদ্ধে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২৫ নভেম্বর পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। চাকরিতে লোক নিয়োগ এবং আবাহনী ক্রীড়া কমপ্লেক্স ও ডায়াবেটিস হাসপাতাল নির্মাণ না করে ওই টাকা আত্মসাৎ করায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্মিলিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে এ মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর চলতি বছরের ৩১ জানুয়ারি হাইকোর্টে পৌর মেয়র খান হাবিবুর রহমান ও সাবেক সচিব বর্তমান মাগুরা পৌরসভার সচিব মোহাম্মদ রেজাউল করিম জামিনের আবেদন করলে শুনানি শেষে তাদের ৩ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। বুধবার পৌর মেয়র ও সাবেক সচিব বাগেরহাটের দায়রা ও সিনিয়র স্পেশাল জজ আদালতে জামিন আবেদন করলে বিচারক মো. রবিউল ইসলাম শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদক সহকারী পরিচালক বলেন, ২০২০ সালে পৌর মেয়র খান হাবিবুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে তার সত্যতা পেয়েছে দুদক। মেয়র ও সচিবসহ অন্যদের বিরুদ্ধে পরস্পর যোগসাজসে সরকারের অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়ে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় পৃথক দুটি মামলা করা হয়।

মামলার অপর আসামিরা হলেন- পৌরসভার পাম্পচালক দীপু দাস, নিতাই চন্দ্র সাহা, মেহেদী হাসান, বাজার শাখার আদায়কারী আসাদুজ্জামান, সৌদি করিম, সাব্বির মাহমুদ, পারভীন আক্তার, স্বাস্থ্য সহকারী সেতু পাল পূজা, সহকারী লাইসেন্স পরিদর্শক জ্যোতি দেবনাথ, সহকারী কর আদায়কারী মারুফ বিল্লাহ, বালি শফিকুল ইসলাম, পানি শাখার ক্লার্ক শারমিন আক্তার বনানী, ট্রাকচালক হাছান, সুইপার সুপারভাইজার হাসনা আক্তার, জিলানী ও চতুর্থ শ্রেণির কর্মচারী তানিয়া। মামলার আসামিরা সবাই বরখাস্ত হয়েছেন।
আদালতে আসামিপক্ষে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আইনজীবী নকীব সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি একে আজাদ ফিরোজ টিপুসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। দুদকের পক্ষে আইনজীবী ছিলেন মিলন কুমার ব্যানার্জি।











































