Home আঞ্চলিক সেই তামান্নার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সেই তামান্নার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

7

যশোর অফিস।।

দুই হাত, এক পা নেই। আছে অদম্য মনোবল। এক পায়ে লিখেই প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি পরীক্ষায় অর্জন করেছেন জিপিএ-৫। অদম্য এই মেধাবীর নাম তামান্না আক্তার নূরা।

সোমবার সন্ধ্যায় তাকে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা ফোন করে অভিনন্দন জানিয়েছেন। স্বপ্ন পূরণে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সাহস জুগিয়েছেন এগিয়ে যাওয়ার।

প্রধানমন্ত্রী ও তার বোনের ফোনে অভিনন্দন ও পরামর্শ পেয়ে উচ্ছ্বসিত তামান্না ও তার পরিবার।

তামান্না আক্তার নূরা বলেন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ভাই সোমবার আমাকে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেন। তিনি বলেন- আপা (শেখ হাসিনা) তোমার সঙ্গে কথা বলবে। আমি ওই নম্বরে ম্যাসেজ পাঠাই। তাতে লিখি- মাননীয় প্রধানমন্ত্রী আমি তামান্না আক্তার নূরা। আমার দুই হাত এক পা নেই। ইতোমধ্যে আমি আপনার কাছে একটি আবেদন করেছি। আমি আপনার সঙ্গে এক মিনিট কথা বলতে চাই।

তখন সাড়া পাইনি। এরপর হাসপাতালে চিকিৎসাধীন  মাকে দেখতে যায়। আমার ফোনটা ছোট ভাইয়ের হাতে ছিল। তখন দুইবার ফোনে কল আসে। ছোট ভাই ফোন কেটে দেয় ধরতে পারিনি। এরপর আবার আমার ফোনে কল আসে। রিসিভ করি।

তামান্না বলে, অপর প্রান্ত থেকে বলেন- আমি রেহানা বলছি। আমার আপার সঙ্গে কি তোমার কথা হয়েছে? তখন বুঝলাম আগের দুটি ফোন মাননীয় প্রধানমন্ত্রীর ছিল। আমি বললাম আপনি শেখ রেহানা বলছেন, তিনি বললেন হ্যাঁ। তখন আমি এতটাই আনন্দিত হয়েছিলাম, যে কেঁদে ফেলেছিলাম। তারপর বললাম আপনারা যে আমাকে এভাবে খোঁজ নিচ্ছেন, ফোন করছেন এটাই আমার বিশাল প্রাপ্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়তে চাই, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাই। তখন তিনি বললেন, আমরা দুই বোন তোমার পাশে আছি যতদিন বেঁচে আছি। এরপর আমাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। তারপর অভিনন্দন জানিয়ে রেখে দেন।

এরপর মাননীয় প্রধানমন্ত্রীর ম্যাসেজ পাই, তাতে লেখা তামান্না তুমি তো অনেক সুন্দর দেখতে। আমি তোমাকে দুইবার ফোন করেছিলাম। তোমার পরিবারে কে কে আছে। তোমার যা যা সহযোগিতা দরকার আমি করবো। তুমি নূর, নূরের জ্যোতি, তোমার মধ্যে ঐশ্বরিক শক্তি আছে। তোমাকে অভিনন্দন।

সে বলে, মাননীয় প্রধানমন্ত্রী দুইবার ফোন করলেও আমি রিসিভ করতে পারিনি। তাই ফের তার নম্বরে ম্যাসেজ রিপ্লাই দিই। ম্যাসেজে বলি, মমতাময়ী মা, আমার আম্মু হাসপাতালে ভর্তি থাকায় আপনার ফোন রিসিভ করতে পারিনি। মা, আপনি যে আমাকে এভাবে খোঁজ নিচ্ছেন, আপনাদের মতো মানুষদের সঙ্গে কথা বলতে পারছি। আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনার সঙ্গে কথা বলতে চাই। তারপর তিনি (প্রধানমন্ত্রী) ফোন ব্যাক করেন। তিনি আমাকে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারের হত্যার বিষয়টি বলেন। তিনি আমাকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে আবেদন করতে বলেন। একই সাথে জানান, আমার আগের আবেদনটি পেয়েছেন। তিনি আশ্বাস দেন, আমার পাশে থাকবেন, আমাকে দেখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা আমাকে ফোন করে খোঁজ নিচ্ছেন, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে কথা বলতে পেরে খুশি তামান্না আক্তার নূরা ও তার পরিবারের সদস্যরা। বিশেষ চাহিদা সম্পন্ন এই অদম্য মেধাবীকে প্রধানমন্ত্রী ফোন করে অভিনন্দন জানানোয় উচ্ছ্বসিত যশোরবাসীও। তাকে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।