স্পোর্টস ডেস্ক।।
চলতি বছর প্রথমবার ফিরছে চ্যাম্পিয়নস লিগ। যেখানে শেষ ষোলোর লড়াইয়ের শুরুর দিনেই থাকছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) বনাম রিয়াল মাদ্রিদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই।
আজ মঙ্গলবার রাত ২টায় পার্ক দে প্রিন্সেসে দুই দলের প্রথম লেগে পিএসজির মুখোমুখি হবে রিয়াল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২।
ফরাসি কাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর পিএসজি ঘুরে দাঁড়িয়েছে লিগ ওয়ানে। একইভাবে রিয়াল কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেও লা লিগায় অপ্রতিরোধ্য। যদিও গেটাফের সঙ্গে শেষ ম্যাচটি তারা ড্র করেছে গোলশূন্যতে। দুই দলই নিজেদের শীর্ষ ঘরোয়া লিগের এক নম্বরে। তাই লড়াইটা হবে সমানে সমান।
২০১৭-১৮ মৌসুমে এই পর্যায়ের ম্যাচে রিয়ালের কাছে হেরে গিয়েছিল পিএসজি। এবার তার বদলা নেওয়ার পালা। তাহলেই চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের একমাত্র অধরা স্বপ্ন পূরণের পথে এগোবে পিএসজি।
আর এই স্বপ্ন নিয়েই তো লিওনেল মেসিকে গত আগস্টে বার্সেলোনা থেকে প্যারিসে এনেছিল পিএসজি। দলটির জার্সিতে আর্জেন্টাইন ফরোয়ার্ড করেছেন সাত গোল, তার মধ্যে পাঁচটিই চ্যাম্পিয়নস লিগে।
পিএসজির জন্য দারুণ সুখবর হতে পারে আক্রমণভাগে নেইমারের ফেরা। গোড়ালির ইনজুরিতে দুই মাসের বেশি সময় মাঠের বাইরে থাকার পর সম্প্রতি অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা। কিলিয়ান এমবাপ্পে ও মেসির সঙ্গে তার আক্রমণভাগ রিয়ালের কঠিন পরীক্ষা নেবে।
এদিকে মাদ্রিদ ক্লাবের জন্য বড় ধাক্কা হতে পারে করিম বেনজেমার অনুপস্থিতি। যদিও তাদের আশা ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে ম্যাচ শুরু করতে পারবে। হ্যামস্ট্রিং চোটে গত দুটি ম্যাচে ছিলেন না তিনি।











































