মোঃ তাহের আলী মোল্লা, নড়াইল ।।
নড়াইলে হেরোইন পাচারের দায়ে এক নারীকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাডাও তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেয়া হয়। ১৪ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টাই নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। কারাদণ্ড প্রাপ্ত ওই মহিলার নাম অহিদা বেগম, সে যশোর কোতোয়ালি থানার শংকরপুর গ্রামের শরিফুল খানের স্ত্রী। মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ১৩ অক্টোবর নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে নড়াইল-যশোর সড়কের সীতারামপুরে একটি প্রাইভেটকার থেকে (ঢাকা মেট্রো খ-১১-৬২৫৫) আসামি অহিদা বেগমকে আটক করে।
পরে তার দেহ তল্লাশি করে সালোয়ারের ভেতর লুকানো ১শ গ্রাম হেরোইন উদ্ধার করে। ঘটনাস্থল থেকে অহিদার স্বামী শরিফুল খানসহ অরো ৪ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা করে পুলিশ। পরে দীর্ঘ শুনানি শেষে আদালত অহিদাকে যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড ও তার স্বামীসহ অপর আসামিদের অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেন। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে এবং বিধি মোতাবেক তা ধংসের আদেশ দেন আদালত।











































