কেশবপুর প্রতিনিধি।।
কেশবপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি পানের বরজ পুড়ে ছাই । ঘটনাটি ঘটেছে রোববার সকালে উপজেলার সাগরদাঁড়ি গ্রামে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
পান চাষি সাগরদাঁড়ি গ্রামের উদয় হরি বলেন, দুই বছর আগে প্রায় এক বিঘা জমিতে তিনি পান চাষ করেন। রোববার সকাল ৯টার দিকে কে-বা কারা তার পানের বরজের ৫ জায়গায় আগুন ধরিয়ে দেয়। এতে কয়েক মিনিটের মধ্যে বরজটি পুড়ে তার প্রায় আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পাশের বরজের পান চাষি অধির ও গোপাল জানান, একই এলাকায় তাদের ১০/১২ জনের পানের বরজ রয়েছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে যেয়ে কেরসিনের গন্ধ পেয়েছে। বরজের শুকনো বেড়া ও ছাউনিতে কেরোসিন ঢেলে ৫/৬ জায়গায় আগুন দেয়ায় অল্প সময়ের মধ্যে বরজের সব পান পুড়ে ঝলসে গেছে। প্রাণপণ চেষ্টা করেও বরজটি রক্ষা করা গেল না।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, সাগরদাঁড়ি গ্রামে পানের বরজে আগুন দেয়ার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।











































