এসআই সোবহান ২০ লাখ টাকা যৌতুক নিয়েও নির্যাতন চালায় : আরও ১০ লাখ টাকা না দেওয়ায় চুরির মামলা
স্টাফ রিপোর্টার
খুলনা সদর থানার এসআই সোবহান মোল্লার বিরুদ্ধে প্রথম বিয়ে গোপন করে প্রেমের ফাঁদে ফেলে দ্বিতীয় বিয়ে, প্রমোশনের নামে ২০ লাখ টাকা যৌতুক গ্রহণ এবং আরও ১০ লাখ টাকা যৌতুক না দেওয়ায় নির্যাতন ও চুরি মামলা দেয়ার অভিযোগ উঠেছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দ্বিতীয় স্ত্রী ফারজানা বিনতে ফাকের (ক্ষমা) তার পুলিশ স্বামী সোবহানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগের ফিরিস্তি তুলে ধরেন। এ সময় সঙ্গে ছিল তার ৮ মাসের শিশু পুত্র ইসতাইন সময়। তিনি নগরীর মজিদ স্মরণী বাইলেনের মো. ফাকের ইবনে সামাদের মেয়ে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এসআই সোবহান মোল্লা নগরীর সোনাডাঙ্গা থানায় কর্মরত থাকাকালীন এসব অপকর্ম করলেও বারবার ওই থানার ওসি মমতাজুল হক তাকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। তার অপরাধ ধামাচাপা দিয়ে মিমাংসার নামে উল্টো তাদেরকে আইনের আশ্রয় নেওয়া থেকে বিরত রেখেছেন। এমনকি থানায় মামলা করতে গেলেও না নিয়ে বারবার তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। যে কারণে ন্যায় বিচার পেতে বাধ্য হয়ে তিনি স্বামীর বিরুদ্ধে আদালতে দুটি মামলাও দায়ের করেছেন। কিন্তু দু’ মামলার আসামি হয়েও বহাল তবিয়তে রয়েছেন এসআই সোবাহান। উল্টো তার বাবাকে (শ্বশুর) দিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা সাজানো হয়েছে। সোবহান মোল্লা মাগুরা সদর উপজেলার চন্দনপ্রতাপ গ্রামের আব্দুস সবুর মোল্লার ছেলে।
ফারজানা বিনতে ফাকের অভিযোগ করেন, এসআই সোবহান মোল্লা সোনাডাঙ্গা থানায় কর্মরত থাকাকালীন তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে ২০২০ সালের ১২ মে তাকে প্রলুব্ধ করে নগরীর ১৮নম্বর ওয়ার্ডের কাজী অফিসে নিয়ে ৩ লাখ টাকা দেন মোহর নির্ধারণ করে বিয়ে করেন। কিন্তু পরে তিনি জানতে পারেন সোবহান মোল্লার প্রথম স্ত্রী ও দুটি সন্তান আছে। তখন তিনি এমএম সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী হওয়ায় তার প্রতারণার বিষয়টি তিনি ধরতে পারেননি। কিন্তু বিষয়টি জানাজানি হলে তার ওপর নেমে আসে শারীরিক ও মানসিক নির্যাতন। একপর্যায়ে এসআই সোবহান মোল্লা তাকে কীটনাশক পানে আত্মহত্যা করতে প্ররোচনা দেন। এ কারণে তিনি মারাত্মক অসুস্থ হয়ে ২০২০ সালের ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। এমনকি তাদের বিয়ের প্রমাণ নষ্ট করতে তিনি রেজিস্ট্রার দেখার অজুহাতে ১৮নম্বর ওয়ার্ডের কাজী অফিসে গিয়ে রেজিস্ট্রারের ৬নম্বর ভলিউমের ১৪নম্বর পাতা ছিড়ে ফেলেন। প্রতিবাদ করলে নিকাহ রেজিস্ট্রারকে (কাজী) জীবননাশের হুমকি দেন। এ বিষয়ে কাজীর সহকারী সোনাডাঙ্গা থানায় জিডি করতে গেলে তা গ্রহণ করা হয়নি। ফলে কাজী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। যদিও থানার ওসির মধ্যস্থতায় ২০২০ সালের ১ ডিসেম্বর আবারও তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়।
ফারজানা বিনতে ফাকের আরও অভিযোগ করেন, তার সুখের জন্য পিতা-মাতা ৫ লাখ টাকার মালামাল দেয়। কিন্তু তারপরও এসআই সোবহান ইন্সপেক্টর হিসেবে প্রমোশনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ৫০ লাখ টাকা ঘুষ দিতে হবে বলে তার কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। মেয়ের সংসারের সুখের জন্য তার পিতা দু’ দফায় ১০ লাখ করে তাকে ২০ লাখ টাকা যৌতুক দিতে বাধ্য হন। এরপরও তার কাছে আরও ১০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। কিন্তু তার পরিবারের পক্ষে আরও যৌতুক দেয়া সম্ভব না হওয়ায় বিভিন্ন সময় তাকে নির্যাতন করা হয়। এমনকি কোলের শিশু ছেলের দুধ কিনে দেওয়ার কথা বলে সোনাডাঙ্গা থানায় ডেকে নিয়েও তাকে পিস্তল দিয়ে আঘাত করে মাথা ফাঁটিয়ে দেওয়া এবং আসামি পেটানোর লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তার মাথায় ১২টি সেলাই দেওয়া হয় বলেও অভিযোগ করেন ফারজানা বিনতে ফাকের। এসব ঘটনায় তিনি স্বামী এসআই সোবহানের বিরুদ্ধে গত বছরের ১৫ ডিসেম্বর খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এ খবর জানতে পেরে ওইদিনই সোবাহান পুলিশের পোশাক পরা অবস্থায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তার পিতার কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। না দিলে হুমকি দেন। এ ঘটনায়ও তিনি গত ২৭ ডিসেম্বর মহানগর হাকিমের আমলী আদালত সোনাডাঙ্গায় মামলা দায়ের করেন। এ অবস্থায় তিনি মামলা তদন্তে পুলিশের অবৈধ প্রভাব বিস্তার এবং তাকে ও তার মা-বাবাকে হুমকি দিচ্ছেন এবং ক্ষতি করার চেষ্টা করছেন। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি স্ত্রী-সন্তানের অধিকার, নিরাপত্তা এবং ন্যায় বিচারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
স্বামীর যৌতুক মামলায় এএসআই কলি’র জামিন লাভ
স্টাফ রিপোর্টার ।।
খুলনা থানায় কর্মরত এএসআই কলি খানম স্বামী রফিকুল ইসলাম রাজু’র দায়ের করা যৌতুক মামলায় জামিন লাভ করেছেন। রবিবার (১৩ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতে কলি খানমের পক্ষে জামিন আবেদন করেন এডভোকেট তারিক মাহমুদ তারা। শুনানি শেষে বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট সুমি আহমেদ জামিন মঞ্জুরের আদেশ প্রদান করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১ মে খুলনা থানায় কর্মরত এএসআই কলি খানম সঙ্গে বিয়ে হয় লবণচরা মোক্তার হোসেন সড়কের রফিকুল ইসলাম রাজুর। তাদের ঘরে বর্তমানে দু’টি পুত্র সন্তান রয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি কলি রাজুকে তালাক দেয়। একই বছরের ৮ মার্চ আড়াই লাখ টাকার ড্রেজার মেশিন নিজের নামে লিখে নিয়ে কলি রাজুকে আবারও বিয়ে করে শর্ত অনুযায়ি ভাড়া বাসায় ওঠে। একই বছরের ১০ নভেম্বর রাত ৮টার দিকে রাজুর ৮ লাখ টাকা ও ২ কাঠা জমি নিজের নামে লিখে দেয়ার জন্য ঝগড়া করে পিতৃলয়ে চলে আসে। এঘটনায় রাজু স্ত্রী কলি খানমের বিরুদ্ধে আদালতে যৌতুক মামলা দায়ের করেন যার নং- সিআর ১০৯৬/২১। আদালত মামলাটি আমলে নিয়ে স্থানীয় মহিলা কাউন্সিলরকে তদন্ত প্রতিবেদন দিতে আদেশ প্রদান করেন। তদন্তে দোষী প্রমানিত হওয়ায় এএসআই কলি খানমকে সমন জারি করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট তৌহিদুর রহমান চৌধুরী তুষার।
ঝিনাইদহে র্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন যাদবপুর বাজারে অভিযান চালিয়ে ১৪৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। রবিবার ভোরে গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার চৌগাছা থানার কুলিয়া গ্রামের মৃত. মোখলেছুর রহমানের ছেলে শেখ ফরিদ (৫২)।
র্যাব-৬ জানায়, রবিবার ভোরে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন যাদবপুর বাজারে অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকস আভিযানিক দল। এসময় জান্নাত টেলিকম (ওয়ালটন) এর সামনে পাকা রাস্তার উপর থেকে ১৪৯ বোতল ফেন্সিডিলসহ শেখ ফরিদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে।
জাতীয় কারাতে প্রশিক্ষক এহসান এর ইন্তেকালে জেলা ক্রীড়া সংস্থার শোক
খবর বিজ্ঞপ্তি
সাঊেশ জাতীয় কারাতে প্রশিক্ষক এহসানুর রহমান এহসান ইন্তেকাল করেছেন (ইন্না…… রাজিউন)। ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী শামীম আহসান, এস এম মোর্ত্তজা রশিদী দারা, আবুল মনসুর আজাদ, মো. গোলাম রহমান, সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. মোতালেব মিয়া, যুগ্ম-সম্পাদক জি এম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, কার্যনির্বাহী পরিষদ সদস্য মোল্লা খায়রুল ইসলাম, এস এম খালেদীন রশিদী সুকর্ন, মো. বেলাল হোসেন, মো. তরিকুল ইসলাম, নাজমুস সাদাত সিদ্দীকি (সুমন), এসএম ইনামুল কবির মন্নু, অধ্যাপক আহমেদুল কবীর (চাইনিজ), মনোয়ার আলী মনু, ইমতিয়াজ হোসেন পিলু, শাহ আসিফ হোসেন রিংকু, ফরহাদ নেওয়াজ সিমু, মো. নাজমুল ইসলাম, ফয়সাল আহম্মেদ পপা, কে এম ইকবাল হোসেন, খান নজরুল ইসলাম, ফারহানা আহমেদ, শাহানাজ ফাতেমা আজাদ মৌরী।
দাকোপে জীবন-জীবিকা নিয়ে বিপাকে নিম্ন আয়ের মানুষ: বেড়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য
মোঃ শামীম হোসেন – বাজুয়া
খুলনার দাকোপের বাজুয়া চড়ার বাঁধ মোড়ে খেটে খাওয়া গাড়ি চালক হক মল্লিক বসে বসে অলস সময় কাটাচ্ছিলেন। আগে দিনে যেখানে তিনি চার- পাঁচশত টাকা রোজগার করতেন এখন তা দুই-তিনশ টাকায় নেমে গেছে। তিনি বলেন, আগের মতো এখন আর বেশি মানুষ বাইরে আসেনা। যদি সব কিছু বন্ধ হয়ে যায়, কি খেয়ে বেচে থাকবো। সংসার কীভাবে চালাবো। রবিবার সকালে দাকোপের বাজুয়া, কৈলাশগঞ্জ, লাউডোব, কালিবাড়ীগেট, খুুটাখালি মোড়, চুনকুড়ি মোড়, পোদ্দারগঞ্জ বাজার সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শুধু হক মল্লিক নয় বরং এখন সড়কে থাকা প্রায় সব নচিমন, অটো ভ্যান চালক ও নিম্ন আয়ের মানুষের অবস্থা একই ধরনের। একেতো কমে গেছে আয়, তার উপর রাস্তায় বের হতে হয় ঝুঁকি নিয়ে। এ প্রসঙ্গে বাদামতলা স্কুলের সামনে বিশ্রামরত ভ্যান চালক গনেশ মৃধা বলেন, বিশ্রাম তো আর এমনি এমনি নেই না ভাই। কোনো যাত্রী নাই। সকাল থেকে ১০০ টাকাও আয় হয়নি এখনো। দিনশেষে নিজে খেতে হবে আবার পরিবারের জন্য কিছু টাকা বাড়ি পাঠাতে হবে। কোন জমানো টাকাও নেই যে তা দিয়ে চলবো। এখন সব সৃষ্টি কর্তার উপর ছেড়ে দিয়েছি। পাশে থাকা দিনমজুর অমিত সরকার বলেন, কাজ তো এখন একদমই নাই, তার উপর নতুন করে করেনা ভাইরাস নাকি বেড়েছে লোক রাস্তায় বের না হলে ইনকাম হবে কোথা থেকে এদিকে আবার বাজারেও দাম বেড়েছে সবকিছুর। আগে রাইস মিলে কাজ করতাম মিলটি বন্দ হওয়ার পর যখন যে কাজ পাই সেটাই করি এখন তাও নাই। মানুষ উপার্জন নিয়ে বিপাকে পড়েছেন। জীবন বাজি রেখে জীবিকার জন্য কাজে যাচ্ছে মানুষ। কিন্তু মহামারী করোনার আঘাতে ব্যবসা-বাণিজ্য, শিল্পসহ সামগ্রিক উৎপাদন ও অর্থনীতি ধসে পড়েছে। ফলে ৭০ ভাগ মানুষের উপার্জন কমে গেছে। অথচ কমেনি জীবনযাত্রার ব্যয়। উল্টো মানুষের উপার্জন কমলেও বেড়েছে জীবনযাত্রার খরচ। কেননা গত কয়েক মাসে অব্যাহতভাবে বেড়েছে চাল, ডাল, তেলসহ প্রায় সব ধরনের নিত্যপণ্য, মাছ, মাংস ও শাকসবজির দাম। ফলে নিজ নিজ প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে কস্ট কাটিংয়ের পথে হাঁটছেন অনেকেই। এর ফলে চাকরি হারাচ্ছেন অনেকেই। আবার রোজগার কমে যাওয়ায় যেমন বিপাকে পড়েছে মানুষ, তেমন চাকরি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে বিপুলসংখ্যক জনগোষ্ঠী। অনেকেই নিয়মিত দোকানের বাকি টাকা ও সমিতির কিস্তির টাকা পরিশোধ করতে পারছেন না। ফলে সমিতির লোকদের কিস্তির টাকা চাপে আমরা দিশেহারা হয়ে পড়ছি। স্বাস্থ্যবিধি মানতে গিয়েও খরচ বেড়েছে। অথচ আয় বাড়েনি। জানা গেছে, করোনাভাইরাসের প্রভাবে কাজ হারানোর পর এখন বাসস্থানও হারানো শুরু করেছে মানুষ। অর্থনৈতিক বিপর্যয়ের হাত ধরে মানবিক বিপর্যয় নিয়ে এসেছে করোনাভাইরাস। অনিশ্চিত জীবন নিয়ে শহর ছেড়েছে বহুজন। একইভাবে জরুরি ওষুধ, ভোগ্যপণ্যসহ প্রায় সব ধরনের জিনিসপত্রের দাম বেড়েছে। কিছুদিন আগে গরিবের ডাল ভাতের সঙ্গী মোটা মসুর ডাল ছিল ৬০ টাকা কেজি। এখন সেটা ৯০ টাকা। আর এ সময়ে মোটা চালের দামও বেড়েছে কেজিতে ১০ টাকা পর্যন্ত। ফলে সাধারণ মানুষে জীবন ও জীবিকার হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে। করোনাভাইরাস মহামারীর এই সংকটে সবাই এক চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। মানুষ সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়েছে জীবন ও জীবিকা নিয়ে। আবার এরই মধ্যে মানুষের মধ্যে তৈরি হয়েছে কর্ম হারানোর আতঙ্ক। ফলে মানুষ এখন চরম উদ্বিগ্ন। যারা কর্ম হারানোর ঝুঁকিতে রয়েছেন আর কর্ম হারিয়েছেন তারা আবার নতুন করে দরিদ্রের খাতায় নাম লেখাচ্ছেন বলে দুঃখ প্রকাশ করে জানান তিনি।
সাংবাদিকদের জন্য প্রণোদনার দাবি বিএফইউজের
খবর বিজ্ঞপ্তি
বিএফইউজেÑবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বর্তমান বাজার মূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণে দেশের সাংবাদিকদের জন্য এক বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছে।
গতকাল (১২-০২-২০২২) শনিবার বিএফইউজের নির্বাহী পরিষদের এক ভার্চুয়াল সভায় নেতৃবৃন্দ এই দাবি জানান। বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলী) আইন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ অবিলম্বে ৯ম ওয়েজবোর্ড সংশোধন ও বাস্তবায়নের জোর দাবি জানান। এছাড়াও সভায় বিএফইউজে ভবন নির্মাণের প্রস্তাব উত্থাপন করা হয়।
মহাসচিব দীপ আজাদের সঞ্চালনায় সভায় সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সহ-সভাপতি মধুসূধন মণ্ডল, মোশাররফ হোসেন, মাহমুদুল আলম নয়ন, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ, মহসিন কাজী, মো: হেদায়েৎ হোসেন মোল্লা, দপ্তর সম্পাদক সেবীকা রানী, নির্বাহী কমিটির সদস্য উম্মুল ওয়ারা সুইটিসহ সকল অঙ্গ সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
জেটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের বিভোক্ষ মিছিল ও সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
নগরীর ৬ ও ৭নং ঘাট জেটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ( রেজি নং- ১৯১৩) এর উদ্যোগে শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে গতকাল রবিবার সকালে খুলনা খালিশপুরস্থ মংলা বন্দর কর্তৃপক্ষের গেট সম্মুখে এক সমাবেশ ও বিভোক্ষ মিছিল অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন ইউনিয়ন সভাপতি মোঃ মাহবুব হাসান শামিম, সাঃ সম্পাদক মোঃ কামাল হোসেন মিয়া, সহ-সভাপতি খলিলুর রহমান , সাংগঠনিক সম্পাদক আলমগীর সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক সালাম পাটোয়ারী, কোষাধ্যক্ষ ইলিয়াজ হোসেন, দপ্তর সম্পাদক লিটন হোসেন সহ শ্রমিকবৃন্দ। সভাপতি তার বক্তৃতায় হুশিয়ারী দিয়ে জানান, সাবেক নৌ-মন্ত্রী মোঃ শাহাজাহান খানের হস্তক্ষেপে গরীব-দুঃস্থ শ্রমিকদের বাসস্থান করে দেয়া হয়েছে। আজ ঐ সকল শ্রমিকদের উচ্ছেদ্দের গভীর ষড়যন্ত্র চলছে। বিভোক্ষ সমাবেশ হতে মোংলা পোট চেয়ারম্যানের নিকট সিও মেহেদী হাসানের অপসারণের দাবি তোলেন নেতৃবৃন্দ।
সমাবেশে শ্রমিকগন বলেন, প্রায় ৪ শত শ্রমিক দীর্ঘদিন ধরে ঘাটে কাজ করে আসছি, আমাদের বাসস্থান এমনকি শ্রমিকদের ব্যবহৃত বাথরুম গুলো বন্ধ করে দেন। তাছাড়া বর্তমানে ঘাটের বেইলি ব্রিজ বাতিল করে শীট পাইল দিয়ে ঘাট করলে জাহাজ হতে মালামাল লোড-আনলোডের সুবিধা হবে।
কৃষিবিদ দিবস উদযাপন উপলক্ষ্যে খুবিতে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
‘বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ শ্লোগানকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস-২০২২ উদযাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে গতকাল ১৩ ফেব্রুয়ারি (রবিবার) বেলা সাড়ে ১২টায় ক্যাম্পাসে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সামনে দিয়ে হাদী চত্ত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সেখানে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদান করেছিলেন। তাঁর এই ঘোষণা ছিল অত্যন্ত দূরদর্শী এবং সদ্য স্বাধীন দেশের কৃষির সমৃদ্ধির জন্য যুগোপযোগী। যার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও পরিকল্পনায় কৃষিবিদদের অবদানে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এক সময়ের খাদ্য ঘাটতির দেশে এখন খাদ্য উৎপাদনসহ মৎস্য ও প্রাণিসম্পদ তথা কৃষির সকল ক্ষেত্রে সাফল্য অর্জিত হয়েছে। এই সফলতার পেছনে কৃষকদের নিরন্তর শ্রম ও অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয় এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়নে আরও পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. সরদার শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস। আলোচনা সভায় আরও বক্তৃতা করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, শিক্ষার্থী ছালেহা খাতুন রিক্তা। এসময় এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আছিয়া মেমোরিয়াল ক্রীড়া চক্রের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাঁটা ও দোয়া
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা ক্রীড়া সংস্থার তৃতীয় বিভাগের ক্রিকেট দল আছিয়া মেমোরিয়াল ক্রীড়া চক্রের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাঁটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রূপসায় সুন্দরবন সি ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় আছিয়া মেমোরিয়াল ক্রীড়া চক্রের সহ সভাপতি ফয়সাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজুমল হোসেন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে কেক কাঁটেন কাজী ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর রিজিওনাল সেলস ম্যানেজার খুলনা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী সি ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর সিনিয়ার এরিয়া ম্যানেজার রকিবুল কবির, সংগঠনের সভাপতি মুসফিকুর রহমান, সহ সভাপতি ফয়সাল হোসেন চৌধুরী, মঞ্জুর শাহিন রুবেল, জুনায়েদ আহসান, সন্ত্র, বনি, মিরাজ, প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসেন চৌধুরী।
এইচএসসি: বাগেরহাটে এগিয়ে সাধারণ শিক্ষার্থীরা
স্টাফ রিপোটার, বাগেরহাট
উচ্চ মাধ্যমিক (এইসএসসি ও সমমান) পরীক্ষার ফলাফলে বাগেরহাট জেলায় পাশের হারের দিক থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের থেকে এগিয়ে সাধারণ শিক্ষার্থীরা। যশোর বোর্ডের অধিনে জেলায় এইসএসসি পরীক্ষায় অংশ নেয় ১২ হাজার ১১৮ জন। তাদের মধ্যে কৃতকার্য হয়েছে ১১ হাজার ৮৭৭ জন। পাশের হার শতকরা ৯৬ দশমিক ০১ ভাগ।
তবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে সমমানের আলীম পরীক্ষায় অংশ নেওয়া ৩ হাজার ৭৮ জন শিক্ষার্থীদের মধ্যে কৃতকার্য হয়েছে ২ হাজার ৯৫৫ জন। পাশের হার ৯৬ দশমিক ০২ ভাগ। আর কারিগরি বোর্ডের অধীনে জেলা থেকে এই পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৫৯০ জন। যাদের মধ্যে ২ হাজার ৪০৯ জন কৃতকার্য, পাশের হার ৯৩ দশমিক ০২ ভাগ।
বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, জেলায় পাশের হারের দিক থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের চেয়ে সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে আছে।
খুলনা জেলা ক্রীড়া অফিস আয়োজিত স্কুল পর্যায়ে ফুটবল প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
খুলনা জেলা ক্রীড়া অফিস আয়োজিত স্কুল পর্যায়ে ছাত্রদের ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ১৩ ফেব্রুয়ারি বিকালে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলীমুজ্জমান। বয়রা মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজের সভাপতিত্বে বক্তৃতা করেন সিনিয়র কোচ মুস্তাকিুজ্জামান, এ এস আই সেলিম রেজা, রূপসা উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক প্রশন্ত দে, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ, কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলী, ইউপি সদস্য লিপিকা রানী দাস,ফুটবল কোচ মোস্তাফিজুর রহমান, কৃষকলীগ নেতা মহসিন হোসেন পাইক। উপস্থিত ছিলেন সাংবাদিক চিত্ত রঞ্জন সেন,তুষার দাস,সাধন কুমার দে, সজীব,আবুল হাসান,জহির খান,ফেরদৌস শেখ,খালিদ ফেরদৌস,আঃ রহমান,তাহসিন, আবদুল্লাহ মিনা,মো: জাকারিয়া প্রমূখ।
ফাইনাল খেলায় শহীদ মনসুর স্মৃতি সংসদকে নৈহাটী ফুটবল একাডেমী ট্টাইবেকারে ৩-৪ গোলে পরাজিত করে। খেলার প্রথমার্ধে নৈহাটী ফুটবল একাডেমীর ১৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার দূর্জয় দাস গোল করে বিজয়ী দলকে এগিয়ে দেয় পরবর্তীতে বিজীত দলের ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার নাঈমের গোলে সমতায় ফিরে।খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, সাইফুল ইসলাম,ফেরদৌস সরদার প্রমূখ।
রূপসায় সরকারী রাস্তা দখলের ঘটনায় অভিযোগ দায়ের
রূপসা প্রতিনিধি
রূপসায় সরকারী রাস্তা দখল করে ব্যক্তির জমির উপর দিয়ে চলাচলা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের।
অভিযোগে জানাগেছে, উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা পশ্চিম পাড়া এলাকায় আনসার আলীর ছেলে নজরুল ইসলাম সরকারী রাস্তা দখল করে রেখেছেন দীর্ঘদিন ধরে। যার কারনে পথচারীরা একই এলাকার আব্দুল গফুর এর ছেলে জাকির হোসেন’র ২০শতক নিজস্ব জমির উপর দিয়ে চলাচল করে। যার মৌজা-সামন্তসেনা, খতিয়ান-৫৪৬, আর এস দাগ-২৭৩। তাতে তার ব্যাপক ক্ষতি হচ্ছে বলেও অভিযোগ করেন। সরকারী রাস্তা দখলমুক্ত করার জন্য জাকির হোসেন বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
খুলনাঞ্চলের সকল রাষ্ট্রীয় সম্পদ সম্মিলিতভাবে রক্ষা করতে হবে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খান জাহান আলী (রহ.) ব্রীজসহ খুলনাঞ্চলের সকল রাষ্ট্রীয় সম্পদ সম্মিলিতভাবে রক্ষা করতে হবে। কেউ যাতে সরকারি সম্পদের ক্ষতি সাধন না করে সেদিকে সকলের দায়িত্বশীল হওয়া দরকার। তিনি বলেন, খান জাহান আলী (রহ.) ব্রীজসহ খুলনাঞ্চলের সকল উন্নয়ন কর্মকান্ড বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান। তিনি এতদাঞ্চলের উন্নয়নের রূপকার। উন্নয়ন সহযোগী হিসেবে তাঁর উন্নয়নের অগ্রযাত্রা আমাদেরকে এগিয়ে নিতে হবে।
সিটি মেয়র রবিবার বিকাল ৪টায় খান জাহান আলী (রহ.) ব্রীজ (রূপসা ব্রীজ) বাজার কমিটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সিটি মেয়র আরো বলেন, খুলনাকে আমরা সুন্দর ও শান্তির শহরে পরিণত করতে চাই। এ জন্য মাদকের কারবারসহ সকল অসামাজিক কর্মকান্ড কঠোর হস্তে দমন করা হবে। তিনি বলেন, খুলনাকে সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড শুরু করা হয়েছে। আরো নতুন নতুন প্রকল্প আসছে। তবে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নাগরিকদেরও ত্যাগের মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। রাস্তা প্রশস্তকরণসহ প্রকল্প বাস্তবায়নে কেসিসি’র পাশে থাকার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।
খান জাহান আলী (রহ.) ব্রীজ বাজার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো: নজরুল ইসলাম-এর সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, ৩১নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আরিফ হোসেন মিঠু ও সংরক্ষিত আসনের কাউন্সিলর রেকসনা কামাল লিলি। অন্যান্যের মধ্যে খান জাহান আলী (রহ.) বাজার কমিটির সভাপতি জিএম আব্দুর রব, আওয়ামী লীগ নেতা শেখ মো: ফারুক হোসেন, সাহেবুর রহমান পিটু মোল্যা, মো: এনামুল কবীর, আরিফুল ইসলাম আরিফ, আসাদুজ্জামান শাহীন প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও কেসিসি’র এ্যাসেসর মো: শামীমুর রহমান শামীম। নবনির্বাচিত কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষ পর্বে সিটি মেয়র নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
বটিয়াঘাটায় আশ্রায়ণ প্রকল্পের নির্মানাধীণ সেমি পাকাঘর পরিদর্শন
বটিয়াঘাটা প্রতিনিধি
খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান বলেছেন, সরকারের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে পৌঁছে নিতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এসডিজি বাস্তবায়নে দেশে কোন নারী- পুরুষ যাতে করে ভূমি ও গৃহহারা না থাকে সে লক্ষ্যে প্রধানমন্ত্রী নিজেই তাঁর দপ্তর থেকে সরাসরি আশ্রায়ণ প্রকল্পের আওতায় জমি নাই ঘর নাই এমন গৃহহারা মানুষদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়ে বৈশ্বিক দরবারে এ দেশকে উন্নত’র দেশের কাঁতারে সামিল করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন । অতি স্বল্প সময়ে প্রধানমন্ত্রীর এ সদিচ্ছা বহিঃবিশ্বে অনেকাংশেই প্রশংসিত করেছে। তিনি গতকাল রবিবার বেলা ২ টায় বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ও ভান্ডারকোট ইউনিয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চলমান আশ্রায়ণ প্রকল্পের আওতায় জমি নাই ঘর নাই ভূমিহীন ও গৃহহীন ১০০ টি পরিবারের জন্য নির্মানাধীণ সেমি পাকাঘর নির্মাণ কাজ পরিদর্শন শেষে স্থানীয়দের মাঝে মতবিনিময় কালে এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও পরিদর্শন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরোয়ার মিম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট হামিদা মোস্তফা, সার্ভেয়ার মোঃ সাকিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ আছাবুর রহমান আছাব, ইউপি চেয়ারম্যান সেখ ওবায়দুল্লাহ, ইউপি সদস্য কামরুল ইসলাম ও মোঃ হানজালা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রমুখ। উল্লেখ্য উপজেলার এ প্রকল্পটিতে ভ্যাট ও আইটি বাদে ২ কোটি ৪০ লক্ষ টাকা ব্যায়ে ১০০ টি ভূমি ও গৃহহীন পরিবারের জন্য ২ টি বেড রুম, ১টি এ্যাটাষ্ট বাথ ও ১ টি কিচেন এবং ১টি বারান্দা সহ মানসম্মত দৃষ্টি নন্দনীয় সেমি পাঁকা ঘর নির্মাণ কাজ তড়িৎ গতিতে এগিয়ে চলছে।
১ নং ওয়ার্ডের প্রথম ওয়ার্ড সভা
বটিয়াঘাটা প্রতিনিধি:
গত বৃহস্পতিবার বেলা ১১ টায় হেতালবুনিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে বটিয়াঘাটা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের প্রথম ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় ১ নং প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যা বিবেক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু। উপস্থিত ছিলেন নারী ইউপি সদস্য লিপিকা জোদ্দার, নারী নেত্রী অপর্ণা বিশ্বাস, সাবেক ছাত্র নেতা সাধন বিশ্বাস, ওয়ার্ড আওয়ামীলীগ সম্পাদক মূরারী মোহন ঢালী, অনিমেষ ঢালী, সহাদেব রায়, গুরুদাসী বৈরাগী, লিটন গাইন, মোং মোশারেফ হোসেন হীরু, রেজাউল সরদার, আশরাফ হোসেন, কে এম এস বটিয়াঘাটা ম্যানেজার প্রমূখ।
নগরীর ৭, ৮ ও ১০নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
নগরীর ৭, ৮ ও ১০নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ৭নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু প্রদত্ত কম্বল বিতরণ করা হয়। সামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন এ্যাডভোকেট ফজলে হালিম লিটন। এসময় উপস্থিত ছিলেন নিজাম উর রহমান লালু, কাজী শফিকুল ইসলাম, আশরাফ হোসেন, ইমতিয়াজ আলম বাবু, নুর-এ-আব্দুল্লাহ, বারেক হাওলাদার, সেলিম কাজী, ইসমাইল হোসেন, হ্রদয় হাসেম, মুজিবুর রহমান বাবুল, ফজলুর রহমান, হানিফ কমান্ডার, আবুল কালাম, আব্দুল হালিম, মো. সেলিম, শামীম, মো. আলম, বেলায়েত হোসেন, ফজলুল কবির, এ বি সিদ্দিকী, নুর ইসলাম, আকবর আলী, জাকির, রবিউল, মো. সেন্টু, ময়না, নাসিমা, রেনু, জাহাঙ্গীর প্রমুখ। কম্বল বিতরণকালে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
ডুমুরিয়ায় পুলিশের অভিযানে একদিনে ১৮ আসামী গ্রেফতার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর,জিআর মামলায় আদালতের পরোয়ানাভূক্ত এবং নিয়মিত মামলার আসামীসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়,গত ২৪ ঘন্টায় থানার বিভিন্ন এলাকায় চালিয়ে সিআর,জিআর মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ১৬ জন এবং নিয়মিত মামলায় ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। থানার এস,আই হাফিজুর রহমান,এসআই কাজলসহ অন্যান্য অফিসার শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জিআর মামলার আসামি ধামালিয়া গ্রামের রত্না বেগম,জিলেরডাঙ্গা গ্রামের হুমায়ারা বেগম,চন্ডিপুর গ্রামের রেজাউল ইসলাম,খড়িয়া গ্রামের ইব্রাহীম গাইন,রুদাঘরা গ্রামের এস,এম দ্বীন মোহাম্মদ,শরাফপুর গ্রামের আবদুর রাজ্জাক গাজী,জিআর মামলার আসামি বরুনা পূর্বপাড়া এলাকার মেহেদী হাসান@ সাগর,শাহাপুর গ্রামের শামীম গাজী,চাকুন্দিয়া গ্রামের আবুল কালাম শেখ,টোলনা গ্রামের সুন্দরী বেগম,চাকুন্দিয়া গ্রামের ইমরান হোসেন গাজী,টোলনা গ্রামের আবদুর রউফ বিশ্বাস,বরুনা গ্রামের জাহাতাপ বিশ্বাস,টোলনা গ্রামের মিনা বেগম ও আফজাল বিশ্বাস,শরাফপুর গ্রামের আবদুর রাজ্জাক। এছাড়া থানার নিয়মিত মামলার আসামি রাতুল ফকির ও মিতুল ফকিরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,ধৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাগেরহাটে সওজের দেওয়া বেইলী ব্রীজের ব্যারিকেট ভেঙ্গে দিল বিক্ষুদ্ধ জনতা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা পুরাতন মহাসড়কের ভৈরব নদীর উপর নির্মিত পাকিস্তান আমলের বেইলী ব্রীজটির ব্যারিকেট ভেঙ্গে ফেলেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। ফকিরহাট সদর ও মূলঘর ইউনিয়নে সংযোগ রক্ষাকারী ব্রীজটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ থাকার পর বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ একমাস আগে ব্রীজটি ব্যারিকেট দিয়ে পথচারী ও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছিল। কিন্তু বিকল্প কোন ব্যবস্থা না থাকায় এবং বন্ধ বেইলী ব্রীজটি সওজের পক্ষ থেকে মেরামতের উদ্যোগ না নেওয়ায় এ পথে নিয়মিত যাতায়াতকারী লোকজন ব্যারিকেটটি ভেঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে আবারও পারাপার করছেন।
উপজেলার পুরাতন ঢাকা-খুলনা মহাসড়কের কাঠালতলা মোড় সংলগ্ন ভৈরব নদী গুরুত্বপূর্ণ এই ব্রীজটি নিয়ে সড়ক ও জনপথ বিভাগের উদাসীনতা রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। প্রায় তিন যুগ আগে তৈরী ব্রীজটি দীর্ঘ ৬বছর যাবৎ লোহার পাতের বিভিন্ন স্থানে মরিচা ধরে ভেঙ্গে ও খসে যাওয়ায় চলাচল অনুপযোগী হয়ে পড়ে। ফলে ঝুঁকিপূর্ণ ব্রীজে যাতায়াত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় ঘটে। এলাকাবাসীর দাবী, সওজ মাঝে মধ্যে দায়সারা ভাবে দু’একটি পাত মেরামত করলেও কিছু দিনের মধ্যে তা নষ্ট হয়ে আবার ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। সেতুটির পাতগুলো সিডিউল অনুযায়ী দেয়ার নিয়ম থাকলেও সঠিক ভাবে দেয়া হয় না। এ ক্ষেত্রে ঠিকাদার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ স্থানীয়দের। তাঁরা বলেন, ব্রীজটি মেরামত না করে মাসখানেক আগে (১২ ডিসেম্বর) ব্যরিকেট তৈরি করে চলাচল বন্ধ করে দিয়েছে সেতু কর্তৃপক্ষ। এটি মেরামতের কোন উদ্যোগ না নেওয়ায় হতাশ এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে দুই দিন আগে ব্যারিকেট ভেঙ্গে ফেলেছে। ব্রীজ সংলগ্ন মূলঘর ইউনিয়নের চরভৈরব গ্রামের বাসিন্দা মো. লতিফ মোল্লা, ভ্যান চালক ফিরোজ আলী, সবজি চাষী কালীদাস বাছাড় সহ উপস্থিত অনেকে জানান, মূলঘর এলাকা থেকে ফকিরহাট সদরে ব্রীজ দিয়ে আসতে শুধুমাত্র ১১০ ফুটের দুরত্ব, অথচ সেটি বন্ধ করায় মানুষকে এক কিলোমিটারের বেশি ঘুরে ফকিরহাট সদরে আসতে হয়। আবার ব্যস্ততম বিশ^রোড দিয়ে ঘুরে আসতে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। বেইলী ব্রীজের নিকটবর্তী মূলঘর অংশে একাধিক সরকারি, বেসরকারি স্কুল ও মাদ্রাসা রয়েছে। অন্যদিকে মূলঘর থেকে ফকিরহাট সদর এলাকায় একাধিক স্কুল কলেজে কয়েকশত ছাত্রছাত্রীরা এ ব্রীজের উপর দিয়ে যাতায়াত করে।
জানা গেছে, প্রায় তিন যুগ আগে ভৈরব নদীর উপর ফকিরহাট ও মূলঘর সংযোগ রক্ষাকারী বেইলী ব্রীজটি তৈরি করা হয়। মূলঘর ইউনিয়নবাসীসহ আশপাশ এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন এ ব্রীজ দিয়ে ফকিরহাট সদর বাজার, উপজেলা পরিষদ, মডেল থানা, বাগেরহাট ও খুলনা অঞ্চলসমূহে যাতায়াত করে থাকেন। বিশেষ করে ব্রীজটি এসব অঞ্চলের সঙ্গে অন্যতম ব্যবসা কেন্দ্র ফকিরহাট সদর বাজারের যোগসূত্র স্থাপন করে। এসব কারণে ব্রীজের বেরিকেট ভেঙ্গে যানবাহন ও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। ভূক্তভোগী জনসাধারণের মাঝে বেইলী ব্রীজটি নিয়ে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার বলেন, বেইলী ব্রীজটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ। প্রতি রবি ও বুধবার সাপ্তাহিক হাটে ফকিরহাটের এ ব্রীজ দিয়ে হাজার হাজার পথচারী ও বিপুল সংখ্যাক যানবাহন চলাচল করায় চাপ বেড়ে যায়। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে এখানে। তিনি আশু প্রতিকারে সওজের দৃষ্টি আকর্ষন করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, বেইলী ব্রীজটি দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী হওয়ায় পারাপারে ঝুঁকি বেড়েছে। তবে এখানে শীঘ্রই বেইলী ব্রীজের পরিবর্তে কংক্রিটের ব্রীজ নির্মাণ করা হবে।
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সাগর সৈকত মন্ডল বলেন, এখানে বেইলী ব্রীজটি ভেঙে আমরা কংক্রিটের ব্রীজ নির্মান করবো। ইতোমধ্যে টেন্ডার ও ওয়ার্ক অর্ডার সম্পন্ন হয়েছে। এ রাস্তায় পর্যায়ক্রমে ১০টি ব্রীজ নির্মাণ করা হবে। ইতোমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স ফলতিতা এলাকা থেকে ছোট ব্রীজগুলোর কাজ শুরু করেছেন। ব্রীজের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি ঝুঁকিপূর্ণ বেইলী ব্রীজটি ব্যবহার না করার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছেন।
৭৯ বাচ্চা দিয়ে শুরু, মেহেদীর খামারে এখন ১৬ হাজার কোয়েল
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে করোনাকালে হঠাৎ লোকসানের মুখে পড়েন বয়লার মুরগির খামারি কলেজ শিক্ষার্থী শেখ মেহেদী হাসান। হতাশা কাটাতে শখের বশে ঘরে থাকা ইনকিউবেটরে কোয়েলের ডিম ফোটানোর চেষ্টা করেন।২০২০ সালের ডিসেম্বর মাসে ৩৭০টি ডিমে ৭৯টি বাচ্চা ফোটাতে সক্ষম হন তরুণ এই শিক্ষার্থী। ৭৯ বাচ্চার সেই খামারে এখন ১৬ হাজার কোয়েল পাখি রয়েছে। খামার থেকে মেহেদীর মাসিক আয় ৪০ থেকে ৪৫ হাজার টাকা। মেহেদীর স্বচ্ছলতা দেখে এলাকার অন্যরাও আগ্রহী হয়ে উঠেছে কোয়েল চাষে। মেহেদীর মত তরুণ উদ্যোক্তাদের কোয়েল চাষে উৎসাহ দিতে নতুন বাজার সৃষ্টিতে কাজ করছে প্রাণিসম্পদ বিভাগ।
বাগেরহাট সদর উপজেলার কাশেমপুর গ্রামে পিচঢালা রাস্তার পাশে মেহেদী হাসানের বাড়ি। বাড়ির প্রবেশ দ্বারে রয়েছে পুকুর। পুকুরের পাড়েই গোলের ছাউনির ঘর। ওই ঘরের পেছনে রয়েছে আরও একটি পুকুর। পুকুরের মধ্যেখানে আরও একটি ঘর। দুই ঘরে থাকে মেহেদী হাসানের কোয়েল পাখি। ডিম এবং মাংসের জন্য পালন করা হয় আলাদা আলাদাভাবে। বাবা শেখ সরোয়ার হোসেন, মা নার্গিস বেগম ও স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী বোন মরিয়াম খাতুন সবাই মিলে কোয়েলের যত্ন করেন পরম আদরে। বর্তমানে প্রতিদিন সাড়ে চার হাজার ডিম ও সপ্তাহে চার হাজার পাঁচশ কোয়েল বিক্রি করেন মেহেদী। প্রতিটি ডিম ২ টাকা থেকে ২ টাকা ৫ পয়সা এবং কোয়েল ২০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত বিক্রি হয় পাইকারি দরে। সব ধরনের ব্যয় বাদ দিয়ে দিনে এক থেকে দেড় হাজার টাকা আয় হয় মেহেদীর। মেহেদীর এমন উদ্যোগে খুশি পরিবারের সবাই।
মেহেদীর বাবা শেখ সরোয়ার হোসেন বলেন, সংসার চালাতে ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতাম। কিন্তু ছেলে কোয়েলের চাষ শুরু করার পরে বাড়িতে ফিরে আসি। সবাই মিলে কোয়েল পালন করে আমরা ভাল আছি। এখন আর আমার বাইরের কাজ খুঁজতে হয় না।
মেহেদীর বোন সরকারি পিসি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী মারিয়া খাতুন বলেন, পড়াশুনার পাশাপাশি ভাইয়ার ফার্মে সহযোগিতা করি। বিশেষ করে ইনকিউবেটরে ডিম ফোটানো, ডিম এবং মাংসের জন্য বাচ্চা বাছাইয়ের কাজ করে থাকি আমি। এতে আমার সময় যেমন ভালো কাটে, তেমনি ভাইয়ারও সহযোগিতা হয়। মেহেদীর কাছ থেকে বাচ্চা নিয়ে কোয়েল পালনকারী বাগেরহাট সদর উপজেলা ফতেপুর গ্রামের মো. সুমন বলেন, লোকমুখে শুনে কাশেমপুর এলাকায় সুমন ভাইয়ের খামার দেখতে যাই। খামার দেখে ভালো লাগে। পরে তার কাছ থেকে কিছু বাচ্চা এনে আমিও কোয়েল পালন শুরু করি। বর্তমানে আমার খামারে প্রায় তিন হাজার পাখি রয়েছে। এই খামার থেকেই আমার জীবনে স্বচ্ছলতা এসেছে।
শুধু সুমন নয়, ফতেপুরের ইয়াছিন, রাকিব, ফুলতলা এলাকার রবিউল, সোহাগসহ বেশ কয়েকজন যুবক মেহেদীর কাছ থেকে বাচ্চা নিয়ে কোয়েলের খামার শুরু করেছেন।
খামার মালিক শেখ মেহেদী হাসান বলেন, প্রায় ১২০০ মুরগির খামার ছিল আমার। কিন্তু রোগে মৃত্যু ও দাম কমে যাওয়ার কারণে আমি প্রায় সাত লাখ টাকার ঋণী হয়ে যাই। একপর্যায়ে হতাশা থেকে মুক্তি পেতে কোয়েল চাষ শুরু করি। বর্তমানে খাবারের দোকানের দেনা প্রায় সব শেষ করে দিয়েছি। আশাকরি কোয়েল চাষের মাধ্যমে একটি ভালো যায়গায় যেতে পারব আমি।
কোয়েল পালন ও ব্যয় সম্পর্কে মেহেদী হাসান বলেন, ডিম থেকে ইনকিউবেটরে বাচ্চা ফুটতে সময় লাগে ১৬ দিন। একটি বাচ্চা মাংসের উপযোগী হয় ২৭-২৮ দিনে। বাচ্চা থেকে ডিম পারা শুরু করে ৪৫-৫০ দিনের মাথায়। প্রতিটি কোয়েলের পেছনে দিনে ৪৫ থেকে ৫০ পয়সার খাবার ব্যয় হয়। এর সঙ্গে কর্মচারী, বিদ্যুৎ বিলসহ আনুসঙ্গিক নানা ব্যয় রয়েছে। কোয়েল ও ডিমের দাম কিছুটা বাড়লে হয়ত আরও বেশি লাভ করতে পারতাম আমরা।মেহেদী আরও বলেন, কোয়েল পালনের সব থেকে বড় সুবিধা হচ্ছে এর জন্য কোনো ওষুধ লাগে না। রোগ হওয়ার আগেই কোয়েল বিক্রি করা যায়। যেকোনো পরিবেশে খুব অল্প সময়ে স্বল্প ব্যয়ে কম জায়গায় কোয়েলের চাষ করা যায়।
বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান বলেন, কোয়েল পাখির মাংস ও ডিম গুণগতভাবে উৎকৃষ্ট হওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ডায়াবেটিস ও হাই ব্লাড প্রেসারের রোগীদের জন্য এই পাখির ডিম খাওয়া বেশি উপকারী। তবে স্থানীয়ভাবে এই পাখির বাজার এখনও তেমনভাবে তৈরি হয়ে ওঠেনি, বর্তমান যারা খামারি রয়েছেন তাদের জন্য বাজারের সুযোগ সুবিধা বাড়াতে আমরা চেষ্টা করে যাচ্ছি। মেহেদীর মত আরও যুবকরা যদি কোয়েল পালনে এগিয়ে আসন, তাহলে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন এই কর্মকর্তা।
বাগেরহাটে সাংবাদিকের সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে সাংবাদিক ফিরোজ হোসেন শুভর সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার যোহর বাদ তার নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ফিরোজ হোসেন শুভ জাতীয় দৈনিক নতুন দিন পত্রিকার বাগেরহাট প্রতিনিধি ও বাগেরহাট কোমরপুর যুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক হিসেবে কর্মরত আছেন। অসুস্থ্য সাংবাদিক ফিরোজ হোসেন শুভ সদর উপজেলার মগড়া গ্রামের মৃত মোঃ দেলোয়ার হোসেন মাস্টারের ছেলে।
তিনি বলেন, আমার দীর্ঘ দিন ধরে অসুস্থতার ভিতরে কাটতে হচ্ছে। ২০১৯ সালে গুরুত্বর অসুস্থ্য হলে পাশ^বর্তী দেশ ভারতে ওপেনহার্ট ও হাড় ভাঙ্গা রোগের চিকিৎসা করানো হয়। দীর্ঘ নয় মাস ইন্ডিয়া থেকে কিছুটা সুস্থ হয়ে দেশে আসি। পরিপূর্ন সুস্থ্য না হতেই গত এক মাস ধরে হৃদ রোগের কারনে শ^াস কষ্ট বেড়ে যায় ও নিউওরালজি রোগে আক্রান্ত হই। তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
বাগেরহাটে সমলয় পদ্ধতিতে বোরো আবাদ, কমবে খরচ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে সমলয় পদ্ধতিতে সমলয় পদ্ধতিতে বোরো ধানের আবাদ শুরু হয়েছে। এই পদ্ধতিতে চারা উৎপাদন থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত ব্যবহার করা হয় আধুনিক যন্ত্রপাতি। ফলে সময়, শ্রমিক ও উৎপাদন খরচ সাশ্রয়ী হবে।
জানা গেছে, সরকার যখন ফসলের মাঠে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে চেষ্টা করছে, তখন ধান চাষ পদ্ধতি পাল্টে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে ‘সমলয়’। এতে বিশেষ পদ্ধতিতে মাটি প্রস্তুত করে ট্রেতে করে বীজতলা তৈরি এবং মাত্র ২২ দিনেই রোপণের উপযোগী চারা প্রস্তুত করা হয়। চারাগুলো রাইস ট্রান্সপ্লান্টারে লাইন লোগো পদ্ধতিতে রোপণ করা হয়। পোকামাকড়ের প্রকোপ থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয় পার্চিং পদ্ধতি ও সুষম সার। ধান কর্তন, মাড়াই ও প্যাকিংয়ে ব্যবহার করা হয় কম্বাইন হারভেস্টার। এটাকেই সমলয় পদ্ধতি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদ করছেন লখপুর ইউনিয়নের খাজুরা এলাকার ৪০ জন কৃষক। এ জন্য ৫০ একর জমিতে গড়ে তোলা হয়েছে সমলয় চাষাবাদ স্কিম। কৃষি যান্ত্রিকীকরণ জোরদার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের জমি এবং সেচের খরচ বাদে ধানের বীজতলা তৈরি থেকে শুরু করে সমুদয় ব্যয় বহন করছে সরকার। এই পদ্ধতিতে যন্ত্রের সাহায্যে স্বল্প খরচে ধান রোপণ থেকে শুরু করে ঘরে তোলা যাবে। এতে লাভবান হবেন কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত জানান, এই উদ্যোগকে সফলে কাজ করছেন তিনিসহ উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা। সেই সঙ্গে জেলা ও বিভাগীয় পর্যায়ের কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক নজরদারি করছেন।
খাজুরা এলাকার কৃষক এরশাদ আলী জানান, কৃষি খামার করতে সবচেয়ে বড় অসুবিধা শ্রমিক সংকট। জনপ্রতি প্রতিদিন ৭ থেকে ৮শ’ টাকা দিয়েও সময়মতো শ্রমিক পাওয়া যায় না। তাছাড়া শ্রমিকের মজুরি বেশি হওয়ায় ফসলের উৎপাদন খরচ বেড়ে যায়।
কৃষক মাহবুব শেখ ও কামল হোসেন বলেন, এলাকায় যন্ত্রের সাহায্যে ধান রোপণ এই প্রথম। স্বল্প সময়ে কম খরচে মেশিন দিয়ে ধান রোপণ দেখে তাদের মতো অনেক কৃষক এটা ব্যবহারে আগ্রহী হয়েছেন।
রাইস ট্রান্সপ্লান্টার চালক আমিনুল ইসলাম জানান, মাত্র ১০০ টাকার পেট্রোল খরচ করে এক বিঘা জমিতে এক ঘণ্টায় ধান রোপণ করা যায়। একই জমি শ্রমিক দিয়ে হাতে রোপণ করতে গেলে খরচ হতো তিন হাজার টাকা। সরকার কৃষকদের মাঝে ভর্তুকিমূল্যে এই যন্ত্র বিতরণ করছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ফজলুল হক জানান, নতুন প্রযুক্তির সঙ্গে কৃষকদের মেলবন্ধন তৈরি হবে। কৃষি যান্ত্রিকীকরণের ফলে সময়, শ্রম ও অর্থের লাঘব হবে। বর্তমান সরকার এই ধরনের আরও অনেক প্রণোদনা দিচ্ছে। এটা তারই একটি অংশ। এই প্রযুক্তিতে চাষাবাদ হলে দেশে কম খরচে নিরাপদ ও বর্ধিত খাদ্য উৎপাদন সম্ভব।
“নলতায় আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতালে ফ্যাকো মেশিনে লেন্স সংযোজন শুরু”
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নতুন সংযোগ হিসেবে মিশনের কার্যনির্বাহী সদস্য আলহাজ্জ মো. রফিকুল ইসলাম বাচ্চু’র বিশেষ সহযোগিতায় ১৩ ফেব্রুয়ারি রবিবার থেকে অত্যাধুনিক ফ্যাকো মেশিনের সাহায্যে মনোরম পরিবেশে চোখের ছানি পড়া রোগীদের স্বল্প খরচে বেলা দেড়টা থেকে অপারেশন কার্যক্রম শুরু হয়েছে।
কালিগঞ্জ উপজেলার মকুন্দ মধুসূদনপুর (এম এম পুর) গ্রামের আব্দুল আজিজ এর স্ত্রী জোহরা খাতুন (৫৫) এর বাম চোখে লেন্স সংযোজনের মাধ্যমে নতুন এ কার্যক্রমের যাত্রা শুরু হয়। ঢাকা লায়ন্স চক্ষু ইন্সটিটিউট এন্ড হাসপাতালের কনসালটেন্ট ও আবাসিক সার্জন এবং এলাকার ইন্দ্রনগর গ্রামের কৃতি সন্তান ডাঃ আবুল হোসেন এর নেতৃত্বে প্রায় ৪০ জন চক্ষু রোগীর মধ্যে জোহরা খাতুন, পারুলিয়া চারা বটতলা এলাকার জাহান আলীর স্ত্রী ফরিদা খাতুন ( মিশন সম্পাদকের শাশুড়ী) সহ রেজিস্ট্রেশনকৃত ৬ জন ফ্যাকো রোগী এবং অবশিষ্ট নন-ফ্যাকো বা অন্যান্য চক্ষু রোগীদের ২ দিন ব্যাপী অপারেশন কার্যক্রমের ১ম দিন অপারেশন শুরুকালে আরো উপস্থিত ছিলেন নলতার অপর কৃতি সন্তান ও চক্ষু বিষয়ের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডাঃ মো. ফজলুর রহমান, আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আলহাজ্জ ডা: আকছেদুর রহমান, অত্র হাসপাতালের চক্ষু চিকিৎসক আলহাজ্জ মো. হাবিবুর রহমান ও ডা: তন্ময় কুমার ঢালী, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন, যুগ্ম-সম্পাদক ডা: মো. নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও ফ্যাকো মেশিনে লেন্স সংযোজন কার্যক্রম চালুর নেপথ্যের কারিগর আলহাজ্জ মো. রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী সদস্য আলহাজ্জ আবুল ফজল শিক্ষক, মো. খায়রুল হাসান, মিশনের আজীবন সদস্য ও সংবাদকর্মী প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন), হাসপাতালে ব্যবস্থাপক মো.শামীম হোসেন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতি হিসেবে পরিচালিত নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সাথে পরামর্শক্রমে ফ্যাকো মেশিনে চক্ষু রোগীদের লেন্স সংযোজন কার্যক্রম শুরুর পূর্বে সকালে অত্র চক্ষু হাসপাতালে এক দোয়ার অনুষ্ঠান হয়। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মুফতি মাওলানা মো. আবু সাঈদ রংপুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন চক্ষু সার্জন ডা: মো. আবুল হোসেন, মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মো. সাইদুর রহমান শিক্ষক, সাধারণ সম্পাদক আলহাজ্জ এনামুল হক, পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌ. আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য আলহাজ্জ মো. ইউনুছ, নির্বাহী সদস্য আলহাজ্জ মো.রফিকুল ইসলাম বাচ্চু, আলহাজ্জ রবিউল হক, আলহাজ্জ আবুল ফজল, আলহাজ্জ একরামুল রেজা সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, আলহাজ্জ হাফেজ শামছুল হুদা, আলহাজ্জ বদরুল আহ্ছান খোকন, আলহাজ্জ রেজাউল ইসলাম সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পরিচালনায় মিশন প্রাঙ্গণে ১৯৯১ সাল থেকে সামান্য ফিসের মাধ্যমে চক্ষু রোগীদের চিকিৎসা কার্যক্রম চলমান থাকলেও ২০১৭ সালের ১জানুয়ারি থেকে নলতা পাক রওজা শরীফের প্রয়াত খাদেম আলহাজ্জ মৌ. আনছার উদ্দিন আহমদ’র বিশেষ উদ্যোগে অত্র আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি নলতা অডিটোরিয়াম এর দক্ষিণ পার্শ্বে সু-বিশাল জায়গায় অবস্থিত হওয়ায় হাসপাতালটিতে চক্ষু,গাইনী,দন্ত,মেডিসিন সহ নানা বিষয়ে চিকিৎসা কার্যক্রম চালু ও পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত গতিতে এগিয়ে চলেছে।
কৃষকলীগের সম্মেলন সফলের লক্ষে ব্যাপক প্রস্তুতি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানার অর্ন্তগত কেসিসি ২ নং ওয়ার্ড ৩৩, ৩৪,৩৫ ও ৩৬ নং ওয়ার্ড বাংলাদেশ কৃষকলীগের ত্রি বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে আহবায়ক কমিটির নেতৃত্বে ব্যাপক প্রস্তুতি অব্যাহত রয়েছে। সম্মেলনকে সামনে রেখে ১৩ ফেব্রুয়ারী রবিবার কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শাহাবুদ্দিন আহম্মেদ, ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আঃ হামিদ সরদার, ৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খান হাফিজুর রহমান, ৩৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, ৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপন , ৩৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক খ,ম লিয়াকত আলী, ৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মুকুল, ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ কিসমত আলী ও ৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আঃ হক এর নিকট আনুষ্ঠানিক ভাবে সম্মেলনের দাওয়াতপত্র তুলে দেন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ । নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর কৃষকলীগের আহবায়ক কমিটির সদস্য সদস্য মোঃ মফিজুর রহমান , মোঃ রেজোয়ান রাজা আকুজ্ঞি , মোঃ আবু নাইম । কৃষকলীগ নেতা মুন্সি আঃ মান্নান, মোঃ টুকু, ইদ্রিস , সেলিম , মোঃ হোসেন প্রমুখ । উল্লেখ্য আগামি ১৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩ টায় শিরোমনি ৩৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ।
ফুলের বাজারে বেশি দামের রেকর্ড: আজ ভালোবাসায় জড়ালো বসন্তকে
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
আজ ১৪ ই ফেব্রুয়ারী। আবার পহেলা ফাল্গুন। দিনটি বিশ্ব ভালোবাসায় জড়িয়ে ধরলো বসন্তকে। সারাদেশে উৎসব দুটি বরণ হচ্ছে ফুলেল পরিবেশে। একইভাবে বসন্ত বরণ হচ্ছে ফুলের ছোয়ায় প্রাণের ভালোবাসায়। দিনটিতে তরুণ-তরুনীসহ বিভিন্ন বয়সী মানুষ তার প্রিয়জনকে ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করছেন। তাই দেশব্যাপি ফুলের ছড়াছড়িতে ফুলের বাজার আজ সরগরম। এর আগে গত ৩ দিন ধরে এ অঞ্চলের ফুল চলে গেছে রাজধানীসহ সারাদেশে। ফুলচাষীদের ভাষ্য, গত বছর মহামারী করোনার কালো থাবায় তারা জর্জরিত হয়েছেন। কিন্ত এবছর ফুলের বাজারে তাদের জন্য বইছে ফুলের সুরভীত সুবাতাস। তারা বলছেন, বিগত এক দশকের মধ্যে এবছরই ফুলের দাম আকাশচুিম্ব। লাভের বছরে দিনশেষে ফুলচাষীদের সাথে অধিক রোজগার হবে ব্যবসায়ীদেরও এমন ভাবনা ফুলসংশ্লিষ্ঠদের। আর এ বিশেষ দুটি উৎসব ঘিরে দেশের মধ্যে অন্যতম ফুল উৎপাদনের এলাকা ঝিনাইদহ কালীগঞ্জ সেজেছে ফুলে ফুলে। এখানকার ফুলে সাজবে গোটা দেশও।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসসূত্রে জানাগেছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাটি ফুল উৎপাদনে সহায়ক। বর্তমানে এ এলাকায় দেশী বিদেশী জাতের ভিন্ন ভিন্ন রঙের লিলিয়াম, গ্লাডিওলাস, জারবেরা, রজনীগন্ধ্যা, গোলাপ, চন্দ্র মল্লিকা, ভুট্রাফুল, গাঁদাসহ হরেক রকম মিলে প্রায় ২০ হেক্টোর জমিতে ফুলচাষ করা হয়েছে। যা সারাদেশের ফুলের চাহিদা মেটাতে ব্যাপক ভূমিকা রাখছে।
আজকের ভালোবাসা দিবস ও বসন্তবরনের ফুল বাজারজাতকরনের প্রস্ততি দেখতে গত শনিবার ১২ ফেব্রুয়ারী ফুল এলাকা খ্যাত কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নের বিভিন্ন মাঠে গেলে দেখা যায়, সারা অঞ্চলের মাঠ যেন নানা রঙের ফুলে নববধুর মত সেজে আছে। যা দেখে চোখ জুড়িয়ে মন ভরিয়ে দিচ্ছে। এ অপরুপ সৌন্দর্য্য দেখতে দর্শনার্থীরাও ভিড় করছেন এ অঞ্চলের মাঠে মাঠে। যতদুর নজর যাচ্ছে শুধু মনে হচ্ছে ফুলের পর ফুলক্ষেত। তবে বিদেশী জাতের নানা রঙের ফুলে যেন দেশী জাতের ফুলকে জাপটে ধরেছে। যে ফুল আজকের উৎসবের বাজার ধরতে ফুলচাষী সকলেই মহাব্যস্ত। গ্রামের অস্বচ্ছল পরিবারের মেয়েরা ফুল কন্যা হিসেবে মজুরীর ভিত্তিতে ক্ষেত থেকে ফুল তুলে সহজ বহনযোগ্য করতে মালা বা ঝোঁপা তৈরী করছেন। বেলা গড়ানোর সাথে সাথে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে আসলে দেখা যায় শত শত ফুলচাষী ইঞ্জিনচালিত বিভিন্ন পরিবহন বোঝাই ফুল নিয়ে দুরপাল্লার গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। আবার কিছু কিছু দুরপাল্লার যাত্রীবাহী বাসের ছাদে ফুলের বড় বড় ঢোপ সাজানো হচ্ছে। এক কথায় নানা রঙের ফুলে ফুলে ভরে গেছে শহরের মেইন বাস টার্মিনাল।
সারাদেশের আড়তগুলোতে ফুল পাঠাতে আসা একাধিক ফুলচাষী জানান,সারা বছরই তারা ফুল বিক্রি করে থাকেন। তবে প্রতিবছর বাংলা ও ইংরেজি নববর্ষের দিন, স্বাধীনতা দিবস, বসন্তবরণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশ্ব ভালবাসা দিবসসহ ধর্মীয় বিভিন্ন দিনগুলোতে ফুলের অতিরিক্ত চাহিদা থাকে। বিশেষ করে ফেব্রুয়ারী মাসের জন্য তাদের উৎপাদিত ফুল বাজারজাতকরণে বাড়তি প্রস্ততি নিতে হয়।
উপজেলার ফুলচাষী ও পাইকারী ব্যবসায়ী আনিসুর রহমান জানান, ফুল একটি সৌখিন ও লাভজনক চাষ। দেশের ফুলের চাহিদার মেটাতে সারাদেশের মধ্যে দক্ষিণাঞ্চালের জেলা যশোহর ও পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলা প্রায় ২ যুগ ধরে ব্যাপক ভূমিকা রাখছে। প্রতিবছর দেশের বিভিন্ন জাতীয় উৎসবে এ এলাকায় উৎপাদিত ফুল ব্যবহৃত হয়ে থাকে। আজকের বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত বরণ পালন করছে সারাদেশ। এ দিনটি ফুল ছাড়া একেবারে চলেই না।
উপজেলার বড়ঘিঘাটি গ্রামের ফুল কন্যা আয়েশা বেগম জানান, তিনি অস্বচ্ছল পরিবারের একজন সদস্য। সারাবছর ফুলচাষীদের ক্ষেত থেকে ফুল তুলে মালা ও ঝোঁপা তৈরীর কাজ করে প্রতিদিন আড়াই’শ থেকে ৩’শ টাকা আয় করেন। যা দিয়ে পরিবারের ভরন পোষন ও ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ যোগান। তিনি আরও বলেন,তার মত অস্বচ্ছল পরিবারের মেয়েরা ফুলকন্যা হিসেবে ক্ষেত থেকে ফুল তোলা ও ঝোঁপা তৈরীর জন্য সারাবছর কাজ করে থাকেন। তবে ফেব্রুয়ারী মাস আসলে কাজের চাপে তাদের আর খাওয়া ঘুম থাকে না। এ সময়ে তাদের রোজগারও বেড়ে যায়।
ফুলচাষী শাহাদত হোসেন জানান, তিনি কিশোর বয়সে পরের ক্ষেতের কামলা ছিলেন। পরে এলাকায় ফুলচাষ শুরু হলে শুরু করি ফুলের খুচরা ব্যবসা। সেখান থেকে শুরু হয়ে এখনও চলছি ফুলের সাথে। আর্থিক অনাটনের কারনে ফুলচাষী হওয়াটা নিজের জন্য ছিল স্বপ্নের মত। ক্ষুদ্র ফুল ব্যবসায়ী থেকে আমি আজ নিজের ফুলক্ষেতের মালিক হতে পেরেছি। কয়েক বিঘা জমি কিনেছি। লিজ নিয়ে ফুলচাষ করছি কয়েক বিঘা। সবই হয়েছে ফুলের কারনে। তিনি বলেন প্রায় ১৮ বছর ফুলের ব্যবসার পাশাপাশি এখন চাষও করি বিগত এক যুগের মধ্যে এ বছরই ফুলের দাম সর্বোচ্চ। কেননা প্রতি ঝোঁপা গাঁদা বিক্রি হয় সাধারনত ১৮০ থেকে ২৫০ টাকায় সেখানে এখন বিক্রি হচ্ছে সাড়ে ৫’শ থেকে সাড়ে ৬’শ টাকায়। প্রতিটি গোলাপ বিক্রি হয় ১২ থেকে ১৫ টাকায় কিন্ত এ বছর বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়, প্রতিটি জারবেরা বিক্রি হয় ৫ থেকে ৭ টাকায় কিন্ত এখন বিক্রি হচ্ছে ১৮ থেকে ২২ টাকায়। তিনি বলেন প্রায় দেড় যুগের ফুল কারবারের অভিজ্ঞতায় এবছর সব ধরনের দাম বেশি। ফলে এটা ফুলের বাজারে বেশি দামের রেকর্ড।
মহিদুল ইসলাম জানান, গত ২ বছর ফুলের চাষ ছিল সবচেয়ে লোকসানের। মহামারি করোনার কারনে দেশের ফুলের বাজারে যেমন ধস নেমেছিল। আবার এ বছরের অসময়ের বর্ষায়ও সারাদেশের ফুলের বেশ ক্ষতি হয়েছে। কিন্ত এ অঞ্চলের মাঠ উচু হওয়ায় তেমন একটা ক্ষতি হয়নি। নিচু জমিগুলোর ফুলের যতটুকু ক্ষতি হয়েছিল তা বর্তমান চড়া দামে বিক্রি হওয়ায় ক্ষতি কাাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে। শুধু তাই নয় সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের ফেব্রুয়ারী মাসেই ফুলচাষীরা কয়েক বছরের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।
ফুলচাষী আনিসুর রহমান জানান, সারাদেশে যত ফুল উৎপাদন হয় তারমধ্যে যশোরের গদখালির পরেই কালীগঞ্জের অবস্থান। তিনি বলেন, দেশের অন্য এলাকা বিভিন্ন ধরনের ফুলের চাষ বেশি হলেও ঝিনাইদহের কালীগঞ্জ গাঁদাফুল চাষে সেরা। সেই গাঁদাতে এবছর দামের বাজার দখল করেছে। অতীতে কোনদিন এতা বেশি দামে ফুল বিক্রি হয়নি। ফলে বলাই যায়, এ বছরের বিশ^ ভালোবাসা দিবস ও বসন্ত বরণ তাদের হাসিমুখ উপহার দিয়েছে।
স্থানীয় ফুল ব্যবসায়ী প্রদীপ বিশ^াস জানান, এ এলাকা থেকে আজকের বাজার ধরতে গত ৩ –৪ দিন আগে থেকে ফুল কিনে চট্রগ্রাম ও রাজধানীতে পাঠিয়েছি। ফুলের দাম প্রতি দিনই বাড়ছে। তারপরও বসন্তবরন ও বিশ^ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় ফুলের দামে বাড়তি মাত্রা যোগ হয়েছে। তিনি বলেন, জীবন কাটিয়ে দিলাম ফুলের ব্যবসা করে জীবনে লোকসানও হয়েছে অনেক। তবে এ বছরে অতীতের ক্ষতি কাটিয়ে উঠেছি। ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে মানুষ আজ ভালোবাসা দিয়েই বরন করছে ঋতুরাজ বসন্তকে। আবার কয়েক দিন পরেই জাতীয়ভাবে পালিত হবে আরেক অনুষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সে দিনও সারাদেশে থাকবে ফুলের ছড়াছড়ি। প্রতিবছর ফেব্রুয়ারী মাসেই পালিত হয় ফুল নির্ভর তিনটি বড় উৎসব। ফলে এ মাসের বাজার ধরতে ফুলচাষীদের ব্যস্ততা থাকে বহুগুন বেশি।
একাধিক ফুলচাষী জানান, আজকের বসন্তবরণ ও ভালোবাসা দিবসে সারাদেশের ফুলের চাহিদা মেটাতে তারা গত বেশ কয়েকদিন কাটিয়েছেন মহা ব্যস্ততার মাঝে। এ অঞ্চলের কৃষকেরা কয়েকদিন আগেই তাদের উৎপাদিত ফুল বড় বড় গাড়ি ভরে ফুল পাঠিয়েছেন ঢাকার শাহাবাগ, আগারগাঁও, চট্রগ্রামের চেরাগী পাহাড় বাজার, ফেনি, দিনাজপুর, রংপুর, কুমিল্লা, নওগাসহ দেশের বড় বড় শহরের পাইকারী ফুলের বাজারে। আজকের দিনে এ ফুল কিনবেন ফুলের জন্য মুখিয়ে থাকা সারাদেশের তরুন তরুনীসহ বিভিন্ন বয়সী মানুষ।
ফুলচাষী ও ব্যবসায়ীদের একটি সংগঠন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির কেন্দ্রিয় কমিটির সভাপতি আব্দুর রহিম জানান, দেশের দক্ষিণাঞ্চালের ফুলেই সারাদেশের বাজার দখল করে আছে। ফুল উৎপাদনের দিক দিয়ে সারাদেশের মধ্যে ঢাকার সাভার ও যশোরের গদখালির পরেই ঝিনাইদহের কালীগঞ্জের অবস্থান। তবে গাঁদা ফুল উৎপাদনে সারাদেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে কালীগঞ্জ। আজকের বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবসে যে ফুল থাকবে মানুষের হাতে হাতে। ফুলচাষী সমিতির কেন্দ্রিয় সভাপতি আব্দুর রহিম আরও জানান, বিগত ২ বছর মহামারি করোনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশের ফুলচাষীদের। করোনাকালীন সময়ে ক্ষেতের ফুল তারা বিক্রি না করতে ফেলিয়ে দিয়েছেন। কিন্ত বর্তমানে ফুলের চড়া দাম অতীতের যে কোন সময়ের চেয়ে অধিক পরিমানে বেশি। ফলে এবছরে সুবাতাস লেগেছে চাষীদের গায়ে।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাইমেন আক্তার জানান, এ এলাকার মাটি ফুলচাষের উপযোগী। সারাদেশের ফুলের বাজারে এ এলাকার ফুলের অবস্থান ও সুনাম রয়েছে। বর্তমান সরকারও এখানকার ফুলচাষীদের উন্নয়নে বেশ আন্তরিক। ইতোমধ্যে ফুলবিক্রির জন্য উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে সরকারী অর্থায়নে একটি ব্যয়বহুল চাঁদনী নির্মান করা হয়েছে।
ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদের উন্নয়ন ও কর্মপন্থা বিষয়ক সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদের সকল কর্মকান্ডের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা বিষয়ক উন্নয়ন সমন্বয় কমিটির সভা রবিবার দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী ও ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর কৃষিবিদ পার্থ প্রতীম সেন।
সহকারী শিক্ষক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী দাশ শিশির কুমার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাশ, ইউপি চেয়ারম্যানগনের মধ্যে শুভদিয়া ইউপি চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম ওমর, পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, লখপুর ইউপি চেয়ারম্যান এম. ডি. সেলিম রেজা, প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল ও মহিলা ইউপি সদস্য রাফেজা বেগম প্রমুখ। সভায় ইউনিয়ন পরিষদের সকল কর্মকান্ডের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা বিষয়ক উন্মুক্ত আলোচনা করে তার একটি খসড়া রেজুলেশন করা হয়। এ সময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি, ১৪টি স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সার্ভিস প্রভাইডার সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় মেয়েকে ধর্ষণ চেষ্টার ঘটনায় নরপশু পিতা আটক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মেয়েকে ধর্ষন চেষ্টার ঘটনায় পিতাকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের শিবপুর গ্রামে কোরমান গাজীর পুত্র আবু মুছা গাজী (৪০) তার ১৩ বছর বয়সী কন্যাকে দুপুর আড়াইটার দিকে ঘরে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময়ে বাড়িতে কেউ না থাকায় মেয়েটি তার নরপশু পিতার লালসার শিকার হয়। ধস্তাধস্তির একপর্যায়ে লম্পট পিতার ছোবল থেকে ইজ্জত বাঁচাতে মেয়েটি চিৎকার দেয়। তার আত্মচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে এবং নরপশু পিতাকে থানা পুলিশে সোপর্দ করেন। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার মামলার প্র¯‘তি চলছে। এ প্রসঙ্গে জানতে চাইলে শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য বলেন, খবর পেয়ে আমি ঘটনা¯’লে যেয়ে দেখি জনগন ওই নরপশু পিতাকে আটকে রেখেছে। মেয়েটি ক্রন্দনরত অব¯’ায় ঘটনার সত্যতা প্রকাশ করে। এমন নরপিশাচ পিতার শাস্তি হওয়া দরকার।
বাগেরহাটে স্বাস্থ্য কর্মকর্তার দূর্নীতির বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতীর নানা অনিয়ম দূর্নীতি ও সেচ্ছাচারিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারী) সকালে বাগেরহাট প্রেস ক্লাবে আহুত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাজাহান শেখ।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ একটি উপকুলীয় উপজেলা। ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় প্রায় ৪ লক্ষ লোকের বসবাস। জেলা সদর থেকে ২৮ কিলোমিটার দুরে অবস্থিত এই উপজেলার ভৌগলিক অবস্থানগত কারনে নদী-নালার সংখ্যা বেশি হওয়ায় যোগাযোগ ব্যবস্থ্যা একেবারেই নাজুক। সেই সাথে এই উপজেলায় দরিদ্র, দিনমুজুর ও খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি। তাই এসব অসহায় মানুষের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
আর এই অসায়ত্বকে পুঁজি করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতীর নেতৃত্বে একটি চক্র প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। অদৃশ্য শক্তির ইশারায় এই ডাক্তার বিভিন্ন খাতে সরাকারী বরাদ্ধকৃত অর্থ লোপাট করেই চলেছেন।
তিনি আরো উল্লেখ করেন, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতী দীর্ঘ ১৭ বছর ধরে এই উপজেলায় কর্মরত থেকে দূর্নীতিতে রেকর্ড সৃষ্টি করেছেন। এমন কোন খাত নাই যেখান থেকে তিনি অর্থ হাতিয়ে নিচ্ছেন না। তিনি ২০২১ সালেন ৩০ জুন দরপত্র বিজ্ঞপ্তিতে ‘মেসার্স আরিয়া ট্রেডার্স’- মহাখালীর নামে একটি ভূয়া প্রতিষ্ঠানের নামে নিজে স্বাস্থ্য কমপ্লেক্সে ধোলাই, স্টেশনারী ও পথ্য সরবরাহ করেন। স্থানীয়দের বিরোধীতা সত্বেও তিনি তার অফিসের প্রধান সহকারী মোঃ রেদোয়ান মাতুব্বরকে দিয়ে স্বাক্ষর করিয়ে ৮ লক্ষ টাকা উত্তোলন করে নিয়েছেন। মোরেলগঞ্জ কলেজ রোডের নুরুজ্জামান মেডিসিন হাউজের নামে ৩ বছর ধরে ঔষধ সরবরাহ করে আসছেন তিনি নিজেই। অফিস চলাকালিন সময় হাসপাতালে বসেই তিনি ৪/৫শ টাকা ভিজিট নিয়ে রোগী দেখেন। প্রতিবন্ধি ও মৃত্যু সার্টিফিকেট নিতেও টাকা দেয়া লাগে তাকে। মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কোন ভাল ডাক্তার এলে তার করনে টিকতে পারেন না। নানা ভাবে হয়রানি করে তাকে বিদায় করা হয়। তার এই অনিয়ম দূর্নীতির প্রতিবাদ করলে বদলি ও মিথ্যা মামলা দেয়াসহ নানা ভাবে হয়রানি করা হয়। গতমাসে সিএইসসিপি হিসেবে কর্মরত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কানিজ ফাতেমা বেতন আনতে গেলে তার ১৩ হাজার টাকা বেতনের ৩ হাজার টাকা কেটে রাখেন। এর প্রতিবাদ করায় তাকে সাতক্ষীরা জেলার শ্যামনগরে বদলি করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাজাহান শেখ বলেন, ‘তার দূর্ণীতির বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের সাথে তিনি খারাপ আচারণ করেন। তাই মোরেলগঞ্জে তার বিরুদ্ধে আমরা মানববন্ধন করেছি। আমরা জানতে পেরেছি নাম তার নামে- বেনামে অনেক অবৈধ সম্পদ রয়েছে। সঠিক তদন্ত হলে সেটা বেরিয়ে আসবে বলে আমি মনে করি।’
তিনি অভিযোগ করেন, তার ৬ বার বদলি হলেও বিশেষ তদবিরে কোন এক অদৃশ্য শক্তির প্রভাবে তিনি মোরেলগঞ্জ উপজেলাতেই রয়ে গেছেন। গত ১ ফেব্রুয়ারী স্টান্ড রিলিজ হলেও এখনও রয়েছেন বহল তবিয়তে। এবিষয়ে জানতে চাইলে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতী বলেন, এসব অভিযোগের কোন ভিত্তি নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ত্ব কমাতে উদ্যোগ নেয়ায় একটি মহল ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার করছে।
বাগেরহাট ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে লায়ন্স ক্লাব অব বাগেরহাট কিংসের উদ্যোগে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।রবিবার(১৩ ফেব্রুয়ারী) বিকালে শহরের নূরমসজিদ মোড়স্থ লায়ন্স ক্লাব অব বাগেরহাট কিংসের কার্যালয় চত্বরে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এসময় বিনামূল্যে এলাকার প্রায় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। লায়ন্স ক্লাব অব বাগেরহাট কিংসের সভাপতি মো: সুজন মোল্লার সভাপতিত্বে ক্যাম্পেইন পরিচালনা করেন লিয়ো ক্লাব অব ঢাকা কিংসের সদস্য মোল্লা আতিকুর রহমান রাসেল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব বাগেরহাট কিংসের ট্রেজারার এস এম রাজ , লিয়ো ক্লাব অব ঢাকা কিংসের সদস্য শামিম মুন্সী, ইমরান হোসেন, মানিকচন্দ্র পাল প্রমুখ।
খুলনায় আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খবর বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় গণমাধ্যম দৈনিক আমার সংবাদ হাঁটি হাঁটি পা পা করে দশম বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে খুলনায় র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) খুলনার দৌলতপুর নাইস ফাউন্ডেশন মিলনায়তনে বর্ষপূর্তি অনুষ্ঠান অনলাইনে উদ্বোধন করেন, দৈনিক আমার সংবাদের সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা।
এ সময় তিনি বলেন, সংবাদকর্মী একটি মহান পেশা। এই পেশায় নিজেদের সততার ও সম্মানের সাথে সচেতন হয়ে কাজ করতে হবে। সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় একটি সংবাদপত্র প্রতিষ্ঠিত হয়, সামনের দিকে এগিয়ে যায়।
খুলনা ব্যুরো প্রধান মো: একরামুল কবিরের সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি মো: বেল্লাল হোসেন সজল-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: মুন্সি মাহবুব আলম সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম নূর হাসান জনি, লেখক ও সিনিয়র সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। এ সময় দৈনিক আমার সংবাদের বটিয়াঘাটা প্রতিনিধি ও বটিয়াঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, ডুমুরিয়া প্রতিনিধি অরুন দেব নাথ, দাকোপ প্রতিনিধি মো: মামুনুর রশিদ, পাইকগাছা প্রতিনিধি কৃষ্ণ রায়, কয়রা প্রতিনিধি মো: শহিদুল ইসলাম ও দিঘলিয়া উপজেলা সালাহউদ্দীন মোল্লা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সময়ের খবর ও ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মিলন, দৈনিক আমাদের অর্থনীতির খুলনা ব্যুরো মো: হাসানুর রহমান তানজির, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দীন, আড়ংঘাটা প্রেস ক্লাবের সভাপতি গোলাম রসুল বাদশা, মো: আশিকুর রহমান, গাজী মাকুল উদ্দীন, মিজানুর রহমান স্বাধীন, মো: নূরুল আমিন, সুমন হোসেন, প্রান্ত বিশ্বাস, এস এম আর জয়, শেখ জিহাদ, অজিত রায়, সিরাজুল ইসলাম, নাইস ফাউন্ডেশনের সমন্বয়কারী মো: বাবলুজ্জামান-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সরিষার হলুদ ফুলে সেজেছে কয়রা উপজেলার মাঠ
শাহজাহান সিরাজ, কয়রা (খুলনা) প্রতিনিধি
নীল আকাশের নিচে বিস্তীর্ণ শীতের সোনাঝরা রোদে ঝিকিমিকি করছে ফসলের মাঠজুড়ে হলুদ ফুলের সমারোহ। সকালের সূর্যের কিরণ প্রতিফলিত হবার সঙ্গে সঙ্গেই সরিষা ফুলের সমারোহে হেসে ওঠে চারদিক। এ যেন এক অপরুপ সৌন্দর্য। দেখে মনে হয় হলুদ বরনে সেজেছে প্রকৃতি। মধু সংগ্রহে ব্যস্ত মৌ মাছিরা। পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে সরিষা ফুলগুলো বাতাসে দোল খেতে থাকে। ফুলগুলোর তাদের কলি ভেদ করে সুভাস ছড়িয়ে দিচ্ছে চারদিকে। এ যেন প্রকৃতির অপর সৌন্দর্যের লীলা ভূমি। শুধু হলুদ আর হলুদের আভায় যেন কয়রার মাঠ সেজেছে আপন মহিমায়। সবুজ প্রকৃতি যেন হলুদের দুয়ার উন্মুক্ত করে দিয়েছে। সরিষার ফুলের মৌ মৌ গন্ধে এখন মৌমাছির গুঞ্জন সরব হয়ে উঠেছে প্রকৃতি। সরোজমিনে উপজেলার উলা, ৩ নং কয়রা সরিষা মাঠে গিয়ে দেখা যায়, ফুলের সৌন্দর্য উপভোগ করতে সরিষা মাঠ জুড়ে ভিড় করেছেন বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন বয়সের নারী, পুরষ, শিশুসহ বিনোদন প্রেমিরাও এমন সব ছবি ক্যামেরাবন্দি করতে ছুঠেছেন ফসলি মাঠে। সরিষা মাঠ ঘুরে দেখছেন। কেউবা আবার মোবাইল ফোনে সেলফি তুলছেন। এমন চিত্র দেখা গেছে কয়রা উপজেলার বিভিন্ন এলাকায়। চারপাশে শুধু সরিষা ফুলের মৌ-মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠ গুলো। অল্প সময়ে বেশি লাভ হওয়ায় সরিষা চাষে ঝুঁকেছেন কৃষকরা। বাগালী ইউনিয়নের কৃষক আলাউদ্দীন বাবু বলেন, কম পুঁজিতে সরিষার চাষে দ্বিগুন লাভ হয়। প্রতি বিঘা জমিতে প্রায় ৪/ ৫ হাজার টাকা খরচ করে ৭ থেকে ৮ মন সরিষা উৎপাদন করা যায়। আবার সরিষা ঘরে তোলার পর ওই জমিতেই মুগ ডাল চাষ করেন তিনি। সরিষা আবাদের কারনে ওই জমিতে বাড়তি হাল চাষ, সার, কীটনাশক ঔষধও দেওয়ার প্রয়োজন হয় না। তাই তার মতো অনেকেই সরিষা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে। আরেক কৃষক মজিবর রহমান বলেন, দেশীয় সরিষার জাতগুলোর চেয়ে বারি সরিষা ১৮ জাতের সরিষার ফলন ভালো হয়। স্বল্প খরচে অধিক ফলন ও ভালো দাম। তাই প্রতি বছরই এ সময়ে সরিষার আবাদ করি। উচু জমি সরিষা চাষের জন্য উপযুক্ত। প্রথমে হালকা ভাবে চাষ করে সরিষার বীজ বপন করতে হয় পরে দু’ একবার কিছু ঔষধ ও কীটনাশক দিলেই সহজে ফলন ভাল হয়। বীজ বপনের ৮০/৮৫ দিনের মধ্যেই সরিষার ফলনও ঘরে তুলতে পারি। ধান তোলার পর এই সময়ে জমিতে সরিষার চেয়ে ভাল ফসল হতেই পারে না। ৪নং কয়রা গ্রামের কৃষক আহমেদ আলী ও গোপাল জানান, কয়েক বছর আগেও তাদের জমি পরিত্যাক্ত থাকত , কিন্তু বর্তমানে সরেজমিন কৃষি গবেষণা বিভাগের পরামর্শে তারা এখন জমিতে সরিষা চাষ করছেন। গত বছরের চেয়ে এবার ফলন ভাল হবে আশা করছি। আমি ৬ বিঘা জমিতে সরিষা চাষ করেছি আবহাওয়া ভাল থাকলে ফসল ঘরে তুলতে পারব। এ কারনে কৃষকরা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। কৃষকের পাশাপাশি বসে নেই সরেজমিন কৃষি গবেষণা বিভাগের বিজ্ঞানীরা। এদিকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চোখে পড়ে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য দেখতে দুর দুরান্ত থেকে ছুটে আসছেন ভ্রমন প্রিয় মানুষ। প্রকৃতিপ্রেমি বিপাশা বিশ^াস জানান, এমন সৌন্দর্য কাছ থেকে না দেখলে কেউ বিশ^াস করতে পারবেন না। আসলেই যে সুঘ্রাণটি অনুভব করি, সেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। সরেজমিন গবেষণা বিভাগ এমএলটি সাইট কয়রার বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান জানান, এ বছর সরেজমিন গবেষণা বিভাগ থেকে কয়রা উপজেলার বিভিন্ন কৃষককে বারি সরিষা ১৪, ১৭ ও ১৮, সরিষার বীজ ও সার বিনামূল্যে দেওয়া হয়েছে। অন্য বছরের তুলনায় এ বছর সরিষা আবাদে তেমন পোকার আক্রমন না থাকায় কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন। সরিষা ফুলের চাষ কৃষকদের জন্য অতান্ত গুরুত্বপূর্ণ্ এ সময় কৃষকেরা বেরো চাষ ব্যহত না করে, স্বল্প সময়ে একটি বাড়তি ফসল উৎপাদন করতে পারে। কৃষকরাও লাভবান হয়, পাশাপাশি জমির উর্বরতাও বৃদ্ধি পায়।
সরেজমিন গবেষণা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ জানান, এ বছর কৃষককে সরিষা চাষে ব্যাপক সচেতন করা হয়েছে। চলতি মৌসুমে কৃষকদের কে বারি সরিষা ১৮ বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। যাহা হার্টের রোগীদের জন্য খুবই উপকারি, যেখানে অন্যান্য সরিষার জাতে ইরুসিক এসিডের পরিমাণ ৪০% থেকে ৪৫% সেখানে বারি সরিষা ১৮ জাতে তেলে ইরুসিক এসিডের পরিমাণ ১.০৬% ফলনও বেশি ২ থেকে ২.৫০ টন হেক্টরে। উপজেলার বিভিন্ন গ্রামে সভা ও উঠান বৈঠক করা হচ্ছে। সরিষা চাষের পদ্ধতি ও পোকার আক্রমন হলে কি করনীয় সে বিষয়ে কৃষকদের সচেতন করেছেন।তাছাড়া কৃষি বিজ্ঞানীরা সব সময় মাঠে থেকে কৃষককে সব ধরনের সহযোগিতা করে আসছেন।
নড়াইলে গাঁজাসহ আপন দুইভাই আটক
মোঃ তাহের আলী মোল্লা, নড়াইল
নড়াইলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী, আপন দুই ভাইকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। গত শনিবার (১২ ফেব্রুয়ারী) মধ্যরাতে মাদক ব্যবসায়ী ওই দুই ভাইকে ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃতরা হলো সদর উপজেলার মির্জাপুর গ্রামের শিমুল শেখ (৩৬) ও সুজন শেখ (২০) উভায় পিতাঃ মোঃ মোতালেব শেখ। সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল সদর থানার সহকারী উপ-পরির্দশক এ এস আই আনিসের নেতৃত্বে এ এস আই মাহফুজুর রহমান ও সঙ্গীয় ফোর্স নড়াইল সদর উপজেলার মির্জাপুর বাজারে অভিযান চালিয়ে মাদক কারবারী দুই ভাই শিমুল শেখ ও সুজন শেখ কে ৪০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শওকত কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন: আজ সুন্দরবন দিবস
স্টাফ রিপোর্টার
আজ সুন্দরবন দিবস। ‘বিশ^ ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’-এ প্রতিপাদ্যকে উপজীব্য করে প্রতিবারের মত আজ ১৪ ফেব্রুয়ারী সোমবার বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবন দিবস উদযাপন করা হবে। অতিমারী করোনার ফলে চলমান নিষেধাজ্ঞার কারণে গতবারের মত এবারও সীমিতভাবে দিবসটি পালিত হবে। এ উপলক্ষে সুন্দরবন একাডেমির উদ্যোগে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পিরোজপুর ও রাজধানী ঢাকার সুন্দরবনপ্রেমীদের অংশগ্রহণে ভার্চয়াল প্লাটফর্মে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ ১১টায় সুন্দরবন দিবসের ভার্চুয়াল সভাটি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠিতব্য ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করবেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। সঞ্চালনা করবেন সুন্দরবন একাডেমির উপদেষ্টা এবং রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলঅম খোকন।
উল্লেখ্য, বিশ^ ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র রক্ষা এবং অনন্যসুন্দর প্রাকৃতিক এ সম্পদ সংরক্ষণে দুই দশকেরও বেশী সময় ধরে সুন্দরবন একাডেমির আয়োজনে খুলনাসহ সুন্দরবন সন্নিহিত জেলাসমূহে বেসরকারিভাবে সুন্দরবন দিবসের নানাবিধ কর্মসূচী পালিত হয়ে আসছে।
দেশের সামগ্রিক পরিবেশসহ উপকূলীয় অঞ্চলের পরিবেশ এবং সুন্দরবননির্ভর মানুষের জীবিকা ও জীবন রক্ষায় সুন্দরবনের অসাধারণ ভূমিকা প্রশ্নাতীত। এমনি বাস্তবতায় সুন্দরবনের প্রতি মমত্ববোধের জায়গা থেকে ভার্চুয়াল এ আলোচনা সভায় অংশ গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি সুন্দরবন একাডেমির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, এবারের আলোচনা সভার মুখ্য বিষয় নির্ধারিত হয়েছে- ‘সুন্দরবনের উপর নির্ভরশীল দরিদ্্র জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান’।
রামপালে লায়ন্স ক্লাব অফ বাগেরহাট কিংস এর পক্ষথেকে কম্বল বিতরণ
রামপাল প্রতিনিধি
রামপালে লায়ন্স ক্লাব অফ বাগেরহাট কিংস-এর পক্ষ থেকে জেলা সভাপতি মোঃ সুজন মোল্লার নেতৃত্বে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে রামপালে চাদপুর শংকরনগর লিল্লাহ বোডিং ও এতিমখানায় প্রায় ৫০ জন মানুষের মাঝে কম্বল গুলি বিতরণ করা হয়।
এ সময় লায়ন্স ক্লাব অফ বাগেরহাট কিংস এর সাধারন সম্পাদক এস এম মহসিন বলেন সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাড়ানো হচ্ছে এই ক্লাবের মূল কাজ। বর্তমানে বাগেরহাট জেলায় আমাদের ১০ম দিনের কর্মসুচি চলছে আজ ১০ম দিনে আমরা রামপালে প্রায় ৫০ জনের মাঝে কম্বল বিতরণ করছি। এবং আগামিতে আমাদের বিভিন্ন সামাজিক কর্মসূচি অব্যহত থাকবে। এসময় আরো উপস্তিত ছিলেন লায়ন্স ক্লাব অফ বাগেহাটের চ্যার্টার মেম্বার , আবুবক্কর সিদ্ধীক সোহেল,কামরুল ইসলাম,লিও মোঃ মেহেদী হাসান।
খুপড়ি ঘরে ৩০বছর জোটেনি সরকারী বরাদ্দের ঘর
শামীম খান জনী,মহেশপুর ।।
“আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমন্দীর ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা-ভেন্না পাতার ছানি,একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। একটুখানি হওয়া দিলেই ঘর নড়বড় করে,তারি তলে আসমানীরা থাকে বছর ধরে” কবি জসীমুদ্দীনের কবিতার সাথে মিলে রেখেই চলছে শাহাজাহান হাওলাদারের জীবন। তবে ভেন্না পাতার পরিবর্তে তালপাতা ও পলিথিনের ছাউনিতে কাঠগড়া বাওড় ও পুকুরের পাড়ে তৈরী জরাজীর্ণ দুঃখ-কষ্ট নিয়ে প্রায় ৩০ বছর ধরে মানবেতর জীবন যাপন করে আসছেন ভূমিহীন ৮০ বছরের বৃদ্ধ। বলছিলাম জেলার মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের ৮০ বছরের বৃদ্ধ শাহাজাহান হাওলাদারের কথা।
সহায় সম্পদ না থাকা ভূমিহীন শাহাজাহান দম্পতি প্রায় ৩০ বছর ধরে মানবেতর জীবন যাপন করলেও স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের কাছ থেকে পায়নি কোন সাহায্য সহযোগিতা কিংবা একটু সহানুভূতি। বৃদ্ধা দম্পতি প্রকৃতির ভালোবাসা নিয়ে বেঁচে আছে। প্রকৃতিই যেন তাদের অভিভাবক!
সরেজমিনে গিয়ে দেখা যায় তালপাতা ও পলিথিনের ছাউনি দিয়ে তৈরি একটি মাত্র ঘর, যা বসবাসের অনুপযোগী। স্ত্রী অন্যের বাড়িতে ও ক্ষেতে কাজ করে এবং সে পুড়াপাড়া বাজারে সাহায্য তুলে চলে তাদের সংসার। নিজস্ব কোন জমি-জয়গা না থাকায় সরকারি সহায়তায় ভূমিহীনদের ঘর দেয়ার খবরে জীবনের পড়ন্ত বেলায় স্বপ্ন বুনছেন শাহাজাহান হাওলাদার। তবে সেই স্বপ্ন কখনো বাস্তবে রূপ পাবে কিনা অনিশ্চিত তিনি। কারন অনেকবার চেয়ারম্যান মেম্বারদের বলেও কোন লাভ হয়নি। জীবনের শেষ প্রান্তে এসে নিজে ও স্ত্রীকে নিয়ে একটু মাথা গোঁজার ঠাঁই পাওয়ার স্বপ্ন তার।
প্রতিবেশিরা জানান,একটু ঝড়বৃষ্টি হলেই তারা আমাদের বাড়িতে আশ্রয়ের জন্য ছুটে আছে,তারা অসহায় মানুষ। আমরা আপদ বিপদে তাদের সাহায্য সহযোগীতা করার চেষ্টা করি। প্রধান মন্ত্রী তো দেশের অনেক গরীব অসহায় ভূমিহীন ও গৃহহীনদের মাথা গোজার ঠাই করে দিচ্ছে। সরকার যদি তাদের একটা বাসস্থানের ব্যাবস্থা করে দেয় তাহলে খুব ভাল হয়।
ভূমিহীন অসহায় শাহাজাহান হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে জানান,আমার দেখার মতো কেউ নেই, এক ছেলে আছে সে পাশেই পরিবার নিয়ে থাকে। তারই নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। কদিনই আর বাজবো বাবা কতবার চেয়ারম্যান মেম্বারদের বলেছি ঘর পাইনি। আপনাদের মাধ্যমে যদি, সরকার যে ঘর দিচ্ছে, সে ঘর আমার দেয় তাহলে শেষ বয়সে স্ত্রীকে নিয়ে একটু মাথা গোজার ঠাই পেতাম।
স্থানীয় ইউপি সদস্য শাহিনুর রহমান জানান,সে সরকারী ঘর পাবার যোগ্য, নতুন করে বরাদ্ধ এসছে কিনা আমার জানা নেই,যদি আসে তাহলে সে অবশ্যই পাবে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)আনিসুল রহমান বলেন, বিষয়টি আমি খোজ-খবর নিয়ে দেখছি,সে যদি ভূমিহীন হয় তাহলে অবশ্যই মুজিব বর্ষে প্রধান মন্ত্রীর উপহার ভূমি ও গৃহহীন পরিবারের তালিকায় তাকে আনা হবে। এবং তাকে জমিসহ বাড়ি উপহার দেওয়া হবে ।
সাতক্ষীরার তালায় সড়ক দূর্ঘটনায় নিহত-১
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা) ::
সাতক্ষীরার তালা উপজেলার ত্রিশ মাইল নামক স্থানে ইঞ্জিন ভ্যান ও মোটরসাইকেলের মুখোমূখি সংর্ঘষে মাসুদ সরদার নামের এক জন নিহত হয়েছে। এসময় সাথে থাকা তার স্ত্রী শেফালী খাতুন (৪৪) মারাত্মক আহত হয়। সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার সাড়ে ৬টার দিকে ত্রিশ মাইল তেলপাম্প সংলগ্ন খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সাতক্ষীরা থেকে দ্রুত গতিতে আসতে থাকা ইঞ্জিন ভ্যানের সাথে খুলনা দিক থেকে আসা বাগেরহাট কান্দিয়ার হাজ্বী মোহম্মদ মুনছুর আলী সরদারের পুত্র মাসুদ সরদার ও তার স্ত্রী শেফালী খাতুন তার মেয়ের বাড়ী কলারোয়ার সোনাবাড়ী ইউনিয়নের বাটরা গ্রামে মোটর সাইকেলে যাওয়ার পথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এঘটনায় পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হাইওয়ে পুলিশ কে লাশ ও ইঞ্জিন ভ্যান বুঝিয়ে দেন। তবে ইঞ্জিন ভ্যানের চালককে আটক করা সম্ভব হয়নি।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির ফেব্রুয়ারি মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষ থেকে অনলাইনে অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান বলেন, বর্তমানে অপরাধ সংঘটনের পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব দেখা যাচ্ছে। খুলনার সার্বিক অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে অপমৃত্যু প্রতিরোধে সবাইকে আরও সজাগ হতে হবে। মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা জানান, গতমাসে জেলায় পাঁচটি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। সচেতনতা বৃদ্ধি ও আত্মহত্যার প্রবণতা হ্রাস করতে উঠান বৈঠক কার্যক্রম চলমান রয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক একেএম ফজলুর রহমান জানান, মসজিদে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরিধানের বিষয়ে তার দপ্তর থেকে প্রতি সপ্তাহে ইমামদের নিদের্শনা দেয়া হচ্ছে। সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। পরিবেশ ও কৃষির স্বার্থে উপকূলীয় এলাকায় বেডিবাঁধ কেটে লবণ পানি প্রবেশ করানোর সুযোগ নেই। এরূপ কাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। করোনার প্রকোপ কিছুটা কমলেও বিষয়টিকে হালকাভাবে নেয়া ঠিক হবে না। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং টিকা গ্রহণ করতে হবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মণ্ডল সভায় বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এসময় জানানো হয়, খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত জানুয়ারি মাসে ১৩৬ টি মামলা দায়ের করা হয়েছে যা বিগত ডিসেম্বর মাসে জেলায় দায়ের হওয়া মামলা থেকে ৫টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে জানুয়ারি মাসে ১৫৭ টি মামলা দায়ের হয়েছে যা বিগত ডিসেম্বর মাসে দায়ের হওয়া মামলা হতে ১৬টি বেশি। সভায় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা অনলাইনে যুক্ত ছিলেন।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই-নারী পকেটমার আটক
মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলেহা খাতুন (৩৫) ও মেয়ে রোকসানা খাতুন (২০) নামে দুই নারী পকেটমারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (১২ইফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়,আটককৃত দুই নারী সর্ম্পকে মা ও মেয়ে। জানা যায়,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে ফুলবাড়ি গ্রামের তানিয়া,তাহেরপুর গ্রামের জামিলা ও কাগমারী গ্রামের কুলসুম নামে তিন রোগী চিকিৎসা সেবা নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়।এসময় ভিড়ের মধ্যে লাইনে থাকা তিন নারীর কাঁধে ঝুলানো ব্যাগ থেকে নগদ ৬ হাজার ১’শ টাকা ও একটি মোবাইল ফোন কৌশলে বের করে নেয় আটক দুই নারী পকেটমার। বিষয়টি বুঝতে পেরে হাসপাতালের সিসি ক্যামেরা দেখে তাদের কে সনাক্ত করা হয়।পরে তাদের পাকড়াও করে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।এসময় তাদের নিকট নগদ ২৫ শত টাকা পাওয়া যায়। আটককৃতরা হলেন,ফরিদপুর জেলার বদনপুরের সেন্টু মোল্লার স্ত্রী জেলেহা ও মেয়ে রোকসানা।এলাকায় সাপ খেলার আড়ালে তারা এই অপকর্ম চালায় বলে জানান স্থানীয়রা। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক দুই নারী মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছে। তাদের কে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান,দায়িত্বরত পুলিশ অফিসার এসআই ইয়াসিন আলী।
দিঘলিয়ায় শীত বস্ত্র বিতরন
দিঘলিয়া প্রতিনিধি
গতকাল রবিবার বিকাল ৪ টায় সেনহাটী মহিলা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিঘলিয়া উপজেলা মহিলালীগ এর নেত্রীবৃন্দের ও বিকাল ৫ টায় আর ডি এন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা যুব মহিলা লীগের নেত্রী বৃন্দের মাঝে আব্দুস সালাম মূর্শেদী এম পি ও মিসেস সারমিন সালাম এর নিজস্ব অর্থায়নে শীত বস্ত্র বিতরন করা হয়।এসময় দিঘলিয়া উপজেলা মহিলালীগ এর সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য সামসুন নাহার এর সভাপতিত্বে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ফ ম আব্দুস সালাম, দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ মোতালেব হোসেন, সেনহাটী ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি সৈয়দ মিজানুর রহমান, দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলী, সাধারন সম্পাদক শেখ মুন্জুর হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম রিতা,উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, এমপি মহোদয় এর চিপ কোয়ার্ডিনেটর মোঃ নোমান ওসামানী রিচি, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাবেক সভাপতি মোঃ রায়হান উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মঈন শেখ,সালাম মূর্শেদী সেবাসংঘের টিম লিডার মোঃ সামসুল আলম বাবু, উপজেলা যুবলীগ এর সহ সম্পাদক হাচান মাহমুদ রাকিব, শেখ সাইদুর রহমান, রুবেল শেখ, মহিলা লীগের নেতৃ পাখি বেগম,আল্পনা বেগম,জয়ন্তী রানী রায়,ঝর্ণা বেগম,পারুল বেগম,আর্জিনা বেগম,অমলা রানী,লক্ষীরানী,সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, যুগ্ম আহবায়ক শেখ আলামিন, যুব মহিলালীগ নেতৃ স্বর্ণালি হাচান,নয়ন তারা,ফাতেমা বেগম প্রমূখ। এসময় ১৫০ শত নেতা কর্মীদের মাঝে কম্বল বিতরন করা হয়।
এক পায়ে লিখে জিপিএ-৫ পেলেন তামান্না
যশোর প্রতিনিধি।।
তামান্না আক্তার নূরা। জন্ম থেকেই দুটি হাত, একটি পা নেই। এক পায়ে লিখেই প্রতিটি পাবলিক পরীক্ষা (পিইসি, জেএসসি ও এসএসসি) অর্জন করেছেন জিপিএ-৫। এবার এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছেন তিনি। তামান্না জানান, তিনি যশোর শিক্ষা বোর্ডের অধীনে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিলেন। তামান্না যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পী দম্পতির সন্তান। বাবা স্থানীয় ছোট পোদাউলিয়া দাখিল মাদ্রাসার (নন এমপিও) বিএসসির শিক্ষক। মা গৃহিণী। তিন সন্তানের মধ্যে তামান্না সবার বড়। তামান্না জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী কোনো বিষয়ে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হতে চান। পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে গবেষণায় আত্মনিয়োগ করতে আগ্রহী তিনি। যদিও পরিবারের আর্থিক অনটনে সেই স্বপ্ন কীভাবে পূরণ হবে জানেন না তামান্না। স্বপ্নকে বাঁচিয়ে রাখতে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিও লিখেছেন।
বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামছুর রহমান জানান, তামান্না আমাদের কলেজের শিক্ষার্থী। তার মেধার প্রশংসা আমাদের শিক্ষকরা সব সময়ই করেন। তামান্না জন্মপ্রতিবন্ধী হয়েও প্রতিবন্ধকতা জয় করেছে, দেখিয়ে দিয়েছে সমাজকে। শুধু পড়াশোনা নয়, তামান্না ভালো ছবিও আঁকে। এমনকি কম্পিউটার প্রযুক্তিতেও সে দক্ষ। জন্ম থেকেই তার দুটি হাত ও একটা পা নেই। অথচ একটা পা দিয়েই তামান্নার যুদ্ধ চলছে। সে ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে। তবে এখন সবচেয়ে বেশি দরকার সরকারের সহযোগিতা। তামান্নার বাবা রওশন আলী বলেন, ছোটবেলা থেকেই তামান্নার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কিন্তু তার শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টি উপলব্ধি করে এখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে গবেষক হতে চায়। তিনি আরও জানান, তার আরও দুটি সন্তান লেখাপড়া করছে। তিনি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক। তার এ আর্থিক অবস্থায় কীভাবে তামান্নার স্বপ্ন পূরণ করবেন তা নিয়েও চিন্তিত। এজন্য তিনি সরকারের সহযোগিতা কামনা করেছেন।
ছাগল হত্যার সালিশে তিন যুবককে বর্বর নির্যাতন
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ছাগল হত্যার দায়ে গ্রামীণ সালিশ বৈঠকে পুলিশ ও শত শত লোকের উপস্থিতিতে তিন যুবককে বর্বর নির্যাতন করেছেন খুলনার ডুমুরিয়ার এক ইউপি মেম্বার ও তার সহযোগীরা। দরিদ্র ওই যুবকদের ৩০ হাজার টাকার জরিমানাও করা হয়েছে।
শনিবার বিকেলে ডুমুরিয়ার মাগুরখালী ইউনিয়নের হেতালবুনিয়া বাজারে এ ঘটনা ঘটে। নির্যাতিতরা স্থানীয় সুজিৎ সাধু নামের একজনের মুরগীর ফার্মের কর্মচারী।
সুজিৎ সাধু জানান, গত শক্রবার একই এলাকার সঞ্জয় মিস্ত্রির একটি ছাগল তার মুরগীর ফার্মে ঢুকে মুরগীর খাবার খেতে শুরু করে। এ সময় তার কর্মচারীরা ওই ছাগলটিকে লাঠি দিয়ে আঘাত করলে সেটি মারা যায়। ঘটনাটি তিনি জানতে পেরে রাতেই কর্মচারীদের নিয়ে ছাগলের মালিকের বাড়িতে যান এবং এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি ছাগলের দামও দিতে চান। মৃত ছাগলটির ওজন ছয় কেজি।
কিন্তু স্থানীয় ইউপি মেম্বার সঞ্জয় সানা ও তার সহযোগী সজল মন্ডল ক্ষতিপূরণের প্রস্তাব প্রত্যাখ্যান করে হেতালবুনিয়া বাজারে সালিশ বৈঠকের আয়োজন করেন। সেখানে স্থানীয় মাগুরখালী ক্যাম্পের ইনচার্জ আছাদুজ্জামান, এএসআই শাহিন, আওয়ামী লীগ নেতা অমল সানাসহ চার শতাধিক গ্রামবাসীর উপস্থিতে ফার্মের কর্মচারীদের ৩০ হাজার টাকা জমিমানা করে তৎক্ষণাৎ ১০ হাজার টাকা আদায় করা হয়। পরে ফার্মের কর্মচারী বিশ্বজিৎ সরদার, আকাশ ও দেবাশীষকে গামছা দিয়ে হাত-পা বেঁধে মাটিতে ফেলে বুকের উপর দাঁড়িয়ে পেটানো হয়। আহত বিশ্বজিতের অবস্থা আশঙ্কাজনক।
কান্নাজড়িত কন্ঠে সুজিৎ বলেন, ‘পুলিশের সামনে আমার কর্মচারীদের নির্যাতন শুধু নির্বাক হয়ে দেখেছি। বলার কিছু ছিলো না। আমাকেও ওরা অপমান করেছেন। আমার কর্মচারীদের সরকারি কোনো হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া যাবে না বলে শাসিয়েছে। কর্মচারীদের মুরগীর ফার্মে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
অভিযুক্ত ইউপি মেম্বার সঞ্জয় দাবি করেন, ফার্মে কর্মচারীরা ছাগলটি জবাই করে খেয়েছে। ছাগলের মালিক খুব গরিব। তাই সকলের উপস্থিতিতে ফার্ম কর্মচারীদের মাত্র ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১০ হাজার নগদ দিয়েছে। আর হালকা পাতলা একটু মারপিট করেছি যাতে ওদের লজ্জা হয়।’
এসআই আছাদুজ্জান দাবি করেন, তিনি সালিশে ছিলেন না। ডুমুরিয়া থানার ওসি ওবাইদুর রহমান বলেন, ফার্মের কর্মচারীরা অন্যের ছাগল জবাই করে খেয়েছে এবং এ নিয়ে সালিশ বৈঠক হয়েছে। পুলিশ তখন এলাকায় টহল দিচ্ছিলো বলে ইনচার্জ আছাদুজ্জামান তাকে জানিয়েছেন। এত ঘটনা তাকে কেউ জানায়নি।
নদীর তীর দখল করে তবুও চলছে ১৪ ইটভাটা
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।
খুলনার ডুমুরিয়ায় ভদ্রা ও হরি নদীর তীর দখল করে গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি ইটভাটা। অধিকাংশ ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। সম্প্রতি এসব ভাটা উচ্ছেদ করতে আদালত নির্দেশ দিলেও এখনও কার্যক্রম চলছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, নদী ও চর দখল করে ইটভাটা গড়ে তোলায় গত বছরের ২২ ফেব্রুয়ারি স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ১৪ জনকে বিবাদী করে হাইকোর্টে রিট করেন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’র পক্ষে সারওয়ার আহাদ চৌধুরী। সে সময় এসব ইটভাটার কার্যক্রম স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন আদালত।
আদালতের আরেক আদেশে ডুমুরিয়ার ভদ্রা ও হরি নদীর সীমানা নির্ধারণ করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দিতে জেলা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ডুমুরিয়াকে নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসন জরিপ করে ১৪টি ইটভাটার তালিকা আদালতে দাখিল করে। পরে বাদী পক্ষ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করে। গত বছরের ১৪ ডিসেম্বর আদালত ৬০ দিনের মধ্যে ইটভাটাগুলো উচ্ছেদ করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।
ডুমুরিয়ায় ভদ্রা ও হরি নদী দখল করে স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমাউন কবির বুলু, তার তিন ভাই আবদুল লতিফ জোয়াদ্দার, আবদুল কাউয়ুম জোয়াদ্দার, শাহজান জোমাদ্দার, ও ফয়জুল রহমানসহ ১৪ জনকে মামলার বিবাদী করা হয়েছে। তবে অভিযোগ উঠেছে, ইটভাটার মালিকরা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এসব ভাটায় কাঠ পোড়ানোসহ ইট তৈরি করছেন।
তিনজন ইটভাটা মালিক জানিয়েছেন, ১৪টি ইটভাটার কার্যক্রম স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হলেও ভাটাগুলোর কার্যক্রম থেমে নেই।
ইটভাটাগুলোতে আদালত পরিচালনার ভয় দেখিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার মো. মিরাজ হোসেন মোটা অঙ্কের উৎকোচ নেন। এ ব্যাপারে মো. মিরাজ হোসেনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরে ভূমি অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।
ভাটা মালিক ইসমাইল হোসেন বিশ্বাস ও কাইয়ুম জোমাদ্দার জানান, ইটভাটার কার্যক্রম বন্ধের বিষয়ে হাইকোর্টের নির্দেশনা জেনেছেন তারা। কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের কেউ কিছু বলেননি। তাই সব ইটভাটা যেভাবে চলছে, তারাও সেভাবে ভাটা পরিচালনা করছেন।
ভাটা মালিক ও উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল লতিফ জোয়াদ্দার ও ফয়জুল রহমান দাবি করেন, তারা ভূমিহীনদের জমি ভাড়া নিয়ে নদীর চরে ইটভাটা পরিচালনা করছেন। প্রতি বছর সরকারকে রাজস্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া ভাটায় আগুন জ্বালাতে প্রথমে কাঠ ব্যবহার করতে হয়। তাই ভাটায় কিছু কাঠ রাখা হয়েছে। পরিবেশ অধিদপ্তর থেকে অগ্রিম ছাড়পত্র নেওয়া আছে।
ডুমুরিয়ার ইউএনও আবদুল ওয়াদুদ জানান, ভাটা উচ্ছেদের বিষয়ে আদালতের নির্দেশ পেয়েছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ভাটা এলাকায় লাল পতাকা দিয়ে সীমানা নির্ধারণের কাজ চলছে। দ্রুত অবৈধ ইটভাটা অপসারণ করা হবে।
ইউএনও আরও বলেন, ‘ভূমি অফিসের কোনো লোক ইটভাটা থেকে সুবিধা গ্রহণ করেছে- এমন প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাইফুর রহমান খান জানান, ডুমুরিয়ার কোনো ইটভাটাকে পরিবেশের ছাড়পত্র দেওয়া হয়নি।
মাগুরায় যৌন হয়রানির প্রতিবাদ করায় শিক্ষিকা ও তার মাকে পেটানোর অভিযোগ
মাগুরা প্রতিনিধি
কুপ্রস্তাব ও যৌন হয়রানির প্রতিবাদ করায় মাগুরার মহম্মদপুর উপজেলার পাচুরিয়া গ্রামে এক শিক্ষিকা ও তার মাকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে খোকন রায় নামে এক যুবকের বিরুদ্ধে। আহত মা-মেয়েকে শনিবার বিকেলে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত খোকন রায় মহম্মদপুরের ভিটে পাড়া গ্রামের লক্ষ্মীপদ রায়ের ছেলে।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি স্কুল শিক্ষিকার মা রিপা রানী অভিযোগ করেন, তার মেয়ে স্থানীয় এক মন্দিরের গণশিক্ষা কার্যক্রমের একজন শিক্ষিকা। দীর্ঘদিন ধরে খোকন স্কুলে আসা যাওয়ার পথে তার মেয়েকে উত্যক্ত করে আসছে। পাশাপশি কুপ্রস্তাব দিয়ে আসছিল। মান সম্মানের ভয়ে তারা বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন। ঘটনার এক পর্যায়ে শনিবার সকালে খোকন তাদের বাড়ির সামনে এসে তার মেয়েকে একইভাবে উত্যক্ত করে। এ সময় তিনি ও তার মেয়ে প্রতিবাদ করলে একটি বাঁশ দিয়ে খোকন তাদেরকে পিটিয়ে আহত করে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সে পালিয়ে যায়। প্রথমে তারা বাড়িতে প্রাথমিক চিকিৎসা নেন। বিকেলে বেশি অসুস্থ হয়ে পড়লে পরিবারের অন্যরা তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। শিক্ষিকার চাচা নিধির বিশ্বাস বলেন, ‘বখাটে যুবক দীর্ঘদিন ধরে আমার ভাতিজিকে উত্যক্ত করে আসছে। শনিবার বাড়ি এসে মারধর করেছে। আমরা এই ব্যাপারে থানায় অভিযোগ দেব।’ অভিযুক্ত খোকন রায় অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কাউকে মারধর করিনি। বরং মা-মেয়ে মিলে আমাকে মেরেছে। পরে আমাকে ফাঁসানোর জন্য হাসপাতালে ভর্তি হয়েছে।’ মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, ‘লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এইচএসসির ফলে দেশসেরা যশোর বোর্ড
যশোর অফিস
এইচএসসি পরীক্ষার ফলাফলে যশোর বোর্ড দেশসেরা অবস্থানে রয়েছে। এইচএসসি-২০২১ এর ফলাফলে এই বোর্ডের পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী। ২০২০ সালের এইচএসসির (পরীক্ষা হয়নি) তুলনায় এই জিপিএ-৫ প্রাপ্তি প্রায় দ্বিগুণ। গতবছর প্রকাশিত ওই ফলাফলে জিপিএ-৫ পেয়েছিল ১২ হাজার ৮৯২ জন। যদিও করোনার কারণে পরীক্ষা না হওয়ায় শতভাগ শিক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছিল।
রোববার দুপুরে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র ফলাফল প্রকাশ করেন। তিনি জানান, সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতিতে সুনির্দিষ্ট করে ভালোভাবে বেশি সময় ধরে প্রস্তুতি নিতে পেরেছে। এর সাথে যুক্ত হয়েছে এসএসসি ও জেএসসির ফলাফল। এছাড়া একাধিক প্রশ্ন থেকে অল্প প্রশ্নের উত্তর দেওয়ার কারণেও এমন ভালো ফল অর্জন সম্ভব হয়েছে।
যশোর বোর্ডের প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে ১ লাখ ২৮ হাজার ১৬৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২৫ হাজার ৭৪১ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৬৪ হাজার ১০৬ জন এবং ছাত্রী ৬১ হাজার ৬৩৫ জন। পাসের হার ৯৮ দশমিক ১১। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন। বহিষ্কৃত হয়েছে ৩ জন।
করোনা মহামারির কারণে ২০২০ সালে এইচএসসি পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। কোভিড-১৯ জনিত বৈরী পরিস্থিতির কারণে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত ‘এইচএসসি পরীক্ষার ফলাফল প্রণয়ন সংক্রান্ত পরামর্শক কমিটি’র সুপারিশ অনুসারে এবং বোর্ড কমিটির অনুমোদন সাপেক্ষে ফলাফল প্রকাশ করা হয়। এই ফলাফলে ২০২০ সালে যশোর বোর্ড থেকে ১ লাখ ২১ হাজার ৫২৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল। করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা গ্রহণ সম্ভব না হওয়ায় ঘোষণা অনুযায়ী এদের সবাইকে উত্তীর্ণ করা হয়। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ছিল ৬১ হাজার ৭৬১ জন এবং ছাত্রী ৫৯ হাজার ৭৬৭ জন। জিপিএ-৫ পেয়েছিল ১২ হাজার ৮৯২ জন।
এর আগে ২০১৯ সালে যশোর বোর্ড থেকে ১ লাখ ২৬ হাজার ২২৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছিল ৯৫ হাজার ৪৯৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৪৭ হাজার ৪৪২ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৫৩ জন। পাসের হার ছিল ৭৫ দশমিক ৬৫। জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৩১২ জন। বহিষ্কৃত হয়েছিল ৬০জন।
এবারের ফলাফলের চিত্র তুলে ধরে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, করোনা মহামারির কারণে প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের তিনটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আবার পরীক্ষাও নির্ধারিত সময়ের অনেক পরে অনুষ্ঠিত হয়েছে। এ জন্য শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে অনেক সময় ধরে প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে। পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্রে উত্তর প্রদানের জন্য অনেক অপশন ছিল। একইসাথে অ্যাসাইনমেন্টের জন্যও শিক্ষার্থীর ওপরে চাপ ছিল। এসব কারণে শিক্ষার্থীরা যেমন পড়াশোনার মধ্যে ছিল; তেমনি অভিভাবকরাও ছেলেমেয়েদের ওপর বাড়তি নজর রেখেছেন।
এবার কেউ পাস করেনি যশোর শিক্ষাবোর্ডে এমন কোনো প্রতিষ্ঠান নেই। শত ভাগ পাস করেছে ১১৬টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা। পাসের হারে এগিয়ে আছে ছাত্রীরা। ২০ হাজার ৮৭৮ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ১২ হাজার ১৭১ জন ও ছাত্র ৮ হাজার ৭০৭ জন।
এদিকে এবার যশোর বোর্ডের আওতাধীন ১০ জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে সাতক্ষীরা জেলা। এ জেলায় পাসের হার ৯৮ দশমিক ৮৬ শতাংশ। অন্যান্য জেলার মধ্যে পাসের হার খুলনায় ৯৮.৭১, বাগেরহাটে ৯৭.৪৯, কুষ্টিয়ায় ৯৭.৬০, চুয়াডাঙ্গায় ৯৭.৬৮, মেহেরপুরে ৯৫.৬১, যশোরে ৯৮.৩৫, নড়াইলে ৯৮.০৯, ঝিনাইদহে ৯৮.১৫ ও মাগুরায় ৯৭.৭২ শতাংশ।
চুয়াডাঙ্গায় রেল লাইন থেকে মুখ বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় রেললাইন থেকে মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার মোমিনপুর ট্যাংরামারী রেল সড়কের ১৪১-এর ৮-১৪২ মাঝামাঝি পিলারের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫-এর মতো। তার পরনে ছিল সাদা রঙের শার্ট ও খয়েরি রঙের প্যান্ট। পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআই টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করছে।
স্থানীয়রা জানান, রবিবার সকালে রেল লাইনের পাশে লুঙ্গি দিয়ে মুখ বাঁধা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। পরে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, রাতের কোনও সময় হত্যার পর ঘটনা ধামাচাপা দিতেই লাশ রেল লাইনে ফেলে রেখেছে হত্যাকারীরা। যেন ট্রেনে কেটে মৃত্যু হয়েছে বলে শনাক্ত হয়।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (রেলওয়ে সার্কেল) মজনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের শরীরের বিভিন্ন জায়গায় জখম রয়েছে। লুঙ্গি দিয়ে মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআই টিম কাজ করছে।
‘ইসি গঠনে সহায়তা না করা হবে বিএনপির রাজনৈতিক দায়িত্বহীনতা’
কুষ্টিয়া প্রতিনিধি।।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) গঠনে তারা যদি সহায়তা না করে তাহলে সেটি হবে তাদের রাজনৈতিক দায়িত্বহীনতার পরিচয়।’ রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নবনির্মিত কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি ভবন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সার্চ কমিটির কাছে নাম দেওয়ার বিষয়ে এ সময় হানিফ বলেন, ‘সার্চ কমিটির কাছে নাম দিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি অংশগ্রহণ করবে কী করবে না সেটা তাদের ব্যাপার।’
বিএনপির সরকার পতন আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ১২ বছর ধরে সরকার পতন আন্দোলন করে যাচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরুর পর থেকেই তারা সরকার পতন আন্দোলন চালিয়ে যাচ্ছে। কোনও আন্দোলন-সংগ্রাম করে সরকারের পতন ঘটানো যাবে না।’
এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জেলা শিল্পকলা একাডেমির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যশোর বোর্ডে শীর্ষে সাতক্ষীরা, তলানিতে মেহেরপুর
যশোর প্রতিনিধি
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালের এইচএসসির ফলাফলে পাসের হারে শীর্ষস্থানে রয়েছে সাতক্ষীরা। আর তলানিতে রয়েছে মেহেরপুর। রোববার প্রকাশিত ফলাফলে বোর্ডের দশ জেলার মধ্যে এই চিত্র উঠে এসেছে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী যশোর বোর্ডে পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী।
জেলা অনুযায়ী ফলাফলের চিত্রে দেখা গেছে, ৯৮ দশমিক ৮৬ ভাগ পাসের হার নিয়ে শীর্ষে উঠে এসেছে সাতক্ষীরা জেলা। ২০১৯ সালের ফলাফলে তারা ৪র্থ অবস্থানে ছিল (২০২০ সালে পরীক্ষা না হওয়ায় সবজেলাতেই পাসের হার শতভাগ ছিল)। আর ২০১৯ সালে ৬ষ্ঠ অবস্থানে থাকা মেহেরপুর জেলা ৯৫ দশমিক ৬১ ভাগ পাসের হার নিয়ে নেমে গেছে দশম স্থানে। টানা প্রথম অবস্থান ধরে রাখা খুলনা নেমে গেছে দ্বিতীয় অবস্থানে। তাদের পাসের হার ৯৮ দশমিক ৭১ ভাগ। তৃতীয় স্থান ধরে রেখেছে যশোর জেলা। এই জেলার পাসের হার ৯৮ দশমিক ৩৫ ভাগ। ১৯ সালেও একই অবস্থানে ছিল যশোর।
২০১৯ সালে সপ্তম অবস্থানে থাকা ঝিনাইদহ জেলা এবার ৪র্থ অবস্থানে রয়েছে। এই জেলার পাসের হার ৯৮ দশমিক ১৫। তলানির দশম অবস্থান থেকে উঠে নড়াইল এবার ৫ম অবস্থানে রয়েছে। এই জেলার পাসের হার ৯৮ দশমিক ০৯ ভাগ। সর্বশেষ অবস্থান থেকে উঠে ২০১৯ সালে ৫ম স্থানে উঠেছিল মাগুরা। এবার এই জেলা ৯৭ দশমিক ৭২ ভাগ পাসের হার নিয়ে একধাপ নেমে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে।
৭ম অবস্থানে থাকা চুয়াডাঙ্গা ২০১৯ সালে ছিল ছিল ৯ম স্থানে। তাদের পাসের হার ৯৭ দশমিক ৬৮ভাগ। ৮ম স্থান ধরে রেখেছে কুষ্টিয়া জেলা। তাদের পাসের হার ৯৭ দশমিক ৬০ ভাগ। ১৯ সালে ২য় অবস্থানে থাকা বাগেরহাট জেলা নেমে গেছে ৯ম স্থানে। তাদের পাসের হার ৯৭ দশমিক ৪৯ ভাগ। আর ৬ষ্ঠ অবস্থান থেকে তলানিতে চলে যাওয়া মেহেরপুর জেলার পাসের হার ৯৫ দশমিক ৬১ ভাগ।
খুলনা বিভাগে করোনায় ৬ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১৫৩ জনের। এর আগে শনিবার বিভাগে ১০৮ জনের করোনা শনাক্ত এবং একজনের মৃত্যু হয়েছিল।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে খুলনার খালিশপুরের মেরী (৭৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে সকাল ৯টা পর্যন্ত ৩৬ জন রোগী ভর্তি ছিলেন।
স্বাস্থ্য অধিদফতরের ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ দিন বিভাগের মধ্যে কুষ্টিয়ায় দুইজন, খুলনা, যশোর, নড়াইল ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১৫৩ জনের। এর মধ্যে শীর্ষে রয়েছে খুলনা। এই জেলায় সর্বোচ্চ ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আর কুষ্টিয়ায় ৩১ জন ও যশোরে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া ঝিনাইদহে ৯ জন, সাতক্ষীরায় ২১ জন, বাগেরহাটে ৫ জন, নড়াইলে ১১ জন, মাগুরায় ৫ জন, চুয়াডাঙ্গায় ২০ জন ও মেহেরপুরে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭১৪ জন।
স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনে আরও জানা যায়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ২৭ হাজার ৬৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯৬৪ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ২৬৩ জন।
শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩১ হাজার ৭৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৬০৪ জন। এছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছেন ৮২৯ জন। আর মৃতের সংখ্যা সবচেয়ে কম সাতক্ষীরা ও মাগুরায় ৯১ জন করে।
ধানের দাম কমলেও কুষ্টিয়ায় বাজারে বেড়েছে চালের দাম
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় চালের দাম হু হু করে বাড়ছে। এবার খুচরা বাজারে কেজি প্রতি সব ধরনের চালের দাম দুই টাকা করে বেড়েছে। গত দুই সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ার খুচরা বাজারে সব ধরনের চালের দাম কেজি প্রতি দুই টাকা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীদের দাবি ধানের দাম বেশি থাকার কারণে চালের বাজারে এর প্রভাব পড়ছে। সেইসঙ্গে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে পরিবহন খরচও। তাই চালের দামও দফায় দফায় বাড়ছে।
চলছে আমন ধানের মৌসুম। এ সময় চালের দাম কম থাকার কথা থাকলেও কুষ্টিয়ার খুচরা বাজারে কেজি প্রতি চালের দাম বেড়েই চলেছে।
তবে চালের বড় মোকাম কুষ্টিয়ার খাজানগরের মিল গেটে চালের দাম বাড়েনি বলে দাবি করেছেন সেখানকার ব্যবসায়ীরা। তাদের দাবি, মিল গেটে চালের দাম কম থাকলেও খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ইচ্ছামতো চালের দাম বাড়িয়ে দিচ্ছেন।
আমন ধানের ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষোভের শেষ নেই ক্রেতাদের। দফায় দফায় চালের দাম বাড়ায় ক্রেতাদের ভোগান্তি চরমে উঠেছে।
কুষ্টিয়া শহরের পৌর বাজার এবং বড় বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ডিজেলের মূল্য বৃদ্ধির ঘোষণার পরপরই নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে কুষ্টিয়ার বাজারে সব ধরনের চালের দাম কেজি প্রতি দুই থেকে তিন টাকা বেড়ে যায়।
খুচরা বিক্রেতারা বলছেন, মিলারদের কাছ থেকে বেশি দামে চাল কেনায় তাদেরকে বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে।
অথচ খাজানগর এলাকার মিলাররা বলছেন, মিলগেটে চালের দাম বাড়ানো হয়নি। তারা আগের রেটেই চাল বিক্রি করছেন।
শনিবার (১২ ফেব্রুয়ারি) শহরের পৌর বাজারে অটোরাইচ মিলে ভাঙানো মিনিকেট ধান ৬৪ টাকা, সাধারণ মিনিকেট চাল ৬২ টাকা, কাজললতা অটোরাইচ মিলের ভাঙানো চাল ৫৬ টাকা, কাজললতা সাধারণ ৫০, আঠাশ চাল অটো রাইচ মিলে ভাঙানো ৪৮ টাকা, বাসমতি চাল ৭৪ টাকা, বাসমতি সাধারণ ৭২ টাকা, কাটারীভোগ অটোরাইচ মিলে ভাঙানো চাল ৭০ টাকা, স্বর্ণা চাল ৪৪ টাকা কেজি দরে বিক্রি হতে দেখে গেছে। বাজারের ব্যবসায়ীরা রেট চার্ট টাঙিয়ে বাড়তি দামেই চাল বিক্রি করছেন।
তবে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে চালের দাম আগের মতোই রয়েছে বলে দাবি করছেন এখানকার ব্যবসায়ীরা। শনিবার (১২ ফেব্রুয়ারি) খাজানগর মিলগেটে পাইকারি হিসেবে অটো রাইচ মিলে ভাঙানো মিনিকেট চাল ৫৯ টাকা কেজি, সাধারণ মিনিকেট চাল ৫৮ টাকা কেজি, আটো রাইচ মিলে ভাঙানো কাজললতা চাল ৫৩ টাকা, সাধারণ কাজললতা ৫০ টাকা, আটো রাইচ মিলে ভাঙানো আঠাশ চাল ৪৮, বাসমতি অটো রাইচ মিলে ৭০, সাধারণ বাসমতি ৬৯ টাকা এবং স্বর্ণা চাল ৩৯ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
কুষ্টিয়া পৌর বাজারের চাল ব্যবসায়ী নিশান আহম্মেদ জানান, মূলত নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে কুষ্টিয়ার বাজারে সব ধরনের চালের দাম বৃদ্ধি পাওয়া শুরু হয়। এই দাম বৃদ্ধি এখনো অব্যাহত রয়েছে। সর্বশেষ গত দুই সপ্তাহ ধরে সব ধরনের চালের দাম কেজি প্রতি সর্বনিম্ন দুই টাকা বেড়েছে।
এদিকে কুষ্টিয়ার বাজারে সব ধরনের ধানের দামও আগের তুলনায় কিছুটা কমেছে। বর্তমানে বাজারে গুটি স্বর্ণা ধান ৯৫০, স্বর্ণা ফাইভ ধান ১০৩০ টাকা, স্বর্ণা উনপঞ্চাশ ধান ১১০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। অথচ এক মাস আগেও বাজারে মণপ্রতি এসব ধান ১৫০ থেকে ২শ টাকা বেশি করে বিক্রি হতে দেখা গেছে।
চালের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান জানান, ডিজেলের মূল্যবৃদ্ধির পর থেকে কুষ্টিয়াসহ সারা দেশের বাজারে চালের দাম বেড়েছে। ডিজেলের সঙ্গে ধান-চাল সব কিছুরই একটি যোগসূত্র রয়েছে। এছাড়া গত ৩০ অক্টোবর থেকে সরকারিভাবে চাল আমদানি বন্ধ থাকার কারণেও চালের বাজার অস্থির হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।
তবে বর্তমানে মিলগেটে চালের দাম বেশ কিছুদিন ধরে স্থিতিশীল রয়েছে বলে দাবি করে তিনি বলেন, সরকারের কোনো নজরদারি না থাকার কারণে মিল গেটে দাম না বাড়লেও খুচরা বাজারের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ইচ্ছামতো চালের দাম বাড়িয়ে দিচ্ছে।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ বিদায়ী ইসির
ঢাকা অফিস।।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম ও রফিকুল ইসলাম উপস্থিত রয়েছেন। অপর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.) করোনা আক্রান্ত হওয়ায় তিনি সাক্ষাতে যেতে পারেননি।
বিদায়ী ইসির সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, সাক্ষাৎকালে নির্বাচনি কার্যক্রমসহ কমিশনের গৃহীত বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। তারা দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় রাষ্ট্রপতিকে ‘বীর মুক্তিযোদ্ধা’ সংবলিত জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয় এবং প্রধান নির্বাচন কমিশনার গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ ও জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন-২০২১-এর বাংলা পাঠ হস্তান্তর করেন।
২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাসহ চারজন নির্বাচন কমিশনার নিয়ে গঠিত হয় দেশের ১২তম নির্বাচন কমিশন। নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে সোমবার (১৪ ফেব্রুয়ারি) দায়িত্ব শেষ হবে বর্তমান নির্বাচন কমিশনের। দায়িত্ব শেষ হওয়ার আগে রাষ্ট্রপতির সঙ্গে এটি বর্তমান কমিশনের বিদায়ী সাক্ষাৎ।











































