মোঃ শামীম হোসেন, বাজুয়া (দাকোপ) ।।
খুলনার দাকোপের বাজুয়া চড়ার বাঁধ মোড়ে খেটে খাওয়া গাড়ি চালক হক মল্লিক বসে বসে অলস সময় কাটাচ্ছিলেন। আগে দিনে যেখানে তিনি চার- পাঁচশত টাকা রোজগার করতেন এখন তা দুই-তিনশ টাকায় নেমে গেছে। তিনি বলেন, আগের মতো এখন আর বেশি মানুষ বাইরে আসেনা। যদি সব কিছু বন্ধ হয়ে যায়, কি খেয়ে বেচে থাকবো। সংসার কীভাবে চালাবো। রবিবার সকালে দাকোপের বাজুয়া, কৈলাশগঞ্জ, লাউডোব, কালিবাড়ীগেট, খুুটাখালি মোড়, চুনকুড়ি মোড়, পোদ্দারগঞ্জ বাজার সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শুধু হক মল্লিক নয় বরং এখন সড়কে থাকা প্রায় সব নচিমন, অটো ভ্যান চালক ও নিম্ন আয়ের মানুষের অবস্থা একই ধরনের। একেতো কমে গেছে আয়, তার উপর রাস্তায় বের হতে হয় ঝুঁকি নিয়ে। এ প্রসঙ্গে বাদামতলা স্কুলের সামনে বিশ্রামরত ভ্যান চালক গনেশ মৃধা বলেন, বিশ্রাম তো আর এমনি এমনি নেই না ভাই। কোনো যাত্রী নাই। সকাল থেকে ১০০ টাকাও আয় হয়নি এখনো। দিনশেষে নিজে খেতে হবে আবার পরিবারের জন্য কিছু টাকা বাড়ি পাঠাতে হবে। কোন জমানো টাকাও নেই যে তা দিয়ে চলবো। এখন সব সৃষ্টি কর্তার উপর ছেড়ে দিয়েছি। পাশে থাকা দিনমজুর অমিত সরকার বলেন, কাজ তো এখন একদমই নাই, তার উপর নতুন করে করেনা ভাইরাস নাকি বেড়েছে লোক রাস্তায় বের না হলে ইনকাম হবে কোথা থেকে এদিকে আবার বাজারেও দাম বেড়েছে সবকিছুর। আগে রাইস মিলে কাজ করতাম মিলটি বন্দ হওয়ার পর যখন যে কাজ পাই সেটাই করি এখন তাও নাই। মানুষ উপার্জন নিয়ে বিপাকে পড়েছেন। জীবন বাজি রেখে জীবিকার জন্য কাজে যাচ্ছে মানুষ। কিন্তু মহামারী করোনার আঘাতে ব্যবসা-বাণিজ্য, শিল্পসহ সামগ্রিক উৎপাদন ও অর্থনীতি ধসে পড়েছে। ফলে ৭০ ভাগ মানুষের উপার্জন কমে গেছে। অথচ কমেনি জীবনযাত্রার ব্যয়। উল্টো মানুষের উপার্জন কমলেও বেড়েছে জীবনযাত্রার খরচ। কেননা গত কয়েক মাসে অব্যাহতভাবে বেড়েছে চাল, ডাল, তেলসহ প্রায় সব ধরনের নিত্যপণ্য, মাছ, মাংস ও শাকসবজির দাম। ফলে নিজ নিজ প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে কস্ট কাটিংয়ের পথে হাঁটছেন অনেকেই। এর ফলে চাকরি হারাচ্ছেন অনেকেই। আবার রোজগার কমে যাওয়ায় যেমন বিপাকে পড়েছে মানুষ, তেমন চাকরি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে বিপুলসংখ্যক জনগোষ্ঠী। অনেকেই নিয়মিত দোকানের বাকি টাকা ও সমিতির কিস্তির টাকা পরিশোধ করতে পারছেন না। ফলে সমিতির লোকদের কিস্তির টাকা চাপে আমরা দিশেহারা হয়ে পড়ছি। স্বাস্থ্যবিধি মানতে গিয়েও খরচ বেড়েছে। অথচ আয় বাড়েনি। জানা গেছে, করোনাভাইরাসের প্রভাবে কাজ হারানোর পর এখন বাসস্থানও হারানো শুরু করেছে মানুষ। অর্থনৈতিক বিপর্যয়ের হাত ধরে মানবিক বিপর্যয় নিয়ে এসেছে করোনাভাইরাস। অনিশ্চিত জীবন নিয়ে শহর ছেড়েছে বহুজন। একইভাবে জরুরি ওষুধ, ভোগ্যপণ্যসহ প্রায় সব ধরনের জিনিসপত্রের দাম বেড়েছে। কিছুদিন আগে গরিবের ডাল ভাতের সঙ্গী মোটা মসুর ডাল ছিল ৬০ টাকা কেজি। এখন সেটা ৯০ টাকা। আর এ সময়ে মোটা চালের দামও বেড়েছে কেজিতে ১০ টাকা পর্যন্ত। ফলে সাধারণ মানুষে জীবন ও জীবিকার হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে। করোনাভাইরাস মহামারীর এই সংকটে সবাই এক চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। মানুষ সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়েছে জীবন ও জীবিকা নিয়ে। আবার এরই মধ্যে মানুষের মধ্যে তৈরি হয়েছে কর্ম হারানোর আতঙ্ক। ফলে মানুষ এখন চরম উদ্বিগ্ন। যারা কর্ম হারানোর ঝুঁকিতে রয়েছেন আর কর্ম হারিয়েছেন তারা আবার নতুন করে দরিদ্রের খাতায় নাম লেখাচ্ছেন বলে দুঃখ প্রকাশ করে জানান তিনি।











































