ঢাকা অফিস।।
রাজধানীর কচুক্ষেত এলাকার রজনীগন্ধা টাওয়ারের রাঙাপরী জুয়েলার্সের দুটি দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় দুজনকে খুঁজছে পুলিশ। তারা হলেন- মনির হোসেন ও আলম হাওলাদার। দুজনেই মার্কেটের নিরাপত্তাকর্মী। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন।
ভাষানটেক থানা সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে পরদিন ৫ ফেব্রুয়ারি সকাল ৮টা ৪০ মিনিটের মধ্যে রজনীগন্ধা টাওয়ারের নিচতলায় রাঙাপরী জুয়েলার্সের দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভাষানটেক থানায় একটি মামলা হয়।
বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাঙাপরী জুয়েলার্সে চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ভোর সাড়ে ৪টার দিকে নিরাপত্তার দায়িত্বে থাকা মনির হোসেন ও আলম হাওলাদার অপর তিন ব্যক্তিকে স্বর্ণের দোকানে ঢুকতে ও বের হতে সহায়তা করছেন। নিরাপত্তাকর্মী মনির ও আলম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
এই কর্মকর্তা বলেন, মামলার সুষ্ঠু তদন্তের জন্য ছবিতে প্রদর্শিত ব্যক্তিদের সন্ধান জানা প্রয়োজন। যদি কেউ তাদের সন্ধান জেনে থাকেন তাহলে ভাষানটেক থানার (০১৩২০-০৪১২৬২) এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
চুরির ঘটনার পরদিন ৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী দোকান মালিক আবুল কালাম ভূঁইয়া জাগো নিউজকে বলেন, তার দুটি দোকানের তালা কেটে চুরি করেছে। দোকানের দুটি লকার ভেঙে প্রায় ৩০০ ভরি স্বর্ণ, ৩০ লাখ টাকার ডায়মন্ডের জিনিসপত্র ও নগদ পাঁচ লাখ টাকা চুরি নিয়ে গেছে চোরেরা।










































