Home আঞ্চলিক ইসলাম ধর্ম গ্রহণ করে মোংলার অলক এখন আব্দুল্লাহ

ইসলাম ধর্ম গ্রহণ করে মোংলার অলক এখন আব্দুল্লাহ

26

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।

খ্রিষ্ট ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন মোংলার ৪৬ বছর বয়সের এক ব্যক্তি। চলতি বছরের গত ২ ফেব্রুয়ারী অলক সরকার নামের ওই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি তার নাম রেখেছেন মোঃ আব্দুল্লাহ। ইসলাম গ্রহণের সাথে সাথেই  নব মুসলিম আব্দুল্লাহ তিন দিনের জন্য মেহনতের তাবলীগ জামায়াতে যান। সেই সাথে শুরু করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়াও। মোঃ আব্দুল্লাহ মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়মনিরঘোল এলাকায় বসাবস করেন। এখন থেকে ১৬ বছর আগে তার স্ত্রী মারা যান। স্ত্রী মারা যাওয়ার সময় রেখে যান দুইটি কন্যা সন্তান। সেই থেকে ওই মেয়ে দুইটি তাদের চাচা ও দাদার কাছে থাকেন। আর তিনি একাই বসবাস করে আসছেন।

৪৬ বছর ধরে খ্রিষ্ট ধর্ম পালন করে হঠাৎ ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে নব মুসলিম মোঃ আব্দুল্লাহ বলেন, ইসলাম শান্তির ধর্ম, তাই অনেক কিছু চিন্তা ভাবনা করেই নিজ ইচ্ছায় ইসলাম গ্রহণ করেছি। আমার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি এলাকার চেয়ারম্যান ও মেম্বরসহ সবাই জানেন। নিয়ম অনুযায়ী ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণের যাবতীয় কাগজপত্র রয়েছে। তিনি আরো বলেন, ছোটবেলা থেকেই আমার কাছে ইসলাম ধর্ম ভালো লাগতো। তাই মুসলমান মানুষের সাথেই চলাফেরা বেশি করতাম। আগে থেকেই তাদেরকে অনুসরণ করতাম। তাই ভাল লাগার জায়গা থেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

আগের অলক সরকার ও বর্তমান নব মুসলিম মোঃ আব্দুল্লাহ পেশায় একজন জেলে। দীর্ঘদিন ধরে সুন্দরবনে মাছ ও কাকড়া ধরে জীবিকা নির্বাহ করে আসছেন।

চিলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর মোঃ নাজমুল হাওলাদার বলেন, এলাকার অলক সরকার নামের একব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার সাথে কথা বলে জেনেছি ভাল লাগার জায়গা থেকেই তিনি নিজ ইচ্ছায় পূর্বের ধর্ম ত্যাগ করেছেন এবং মুসলমান হয়েছেন। তিনি বাগেরহাট জেলা নোটারী পাবলিক আদালতের মাধ্যমে এফিডেভিট করেই ধর্ম পরিবর্তন করেছেন। এবং স্থানীয় মৌলভীর কাছ থেকে কালেমা পড়ে মুসলিম হয়েছেন।