Home আঞ্চলিক সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরার সময় বাঘের আক্রমণ, আহত-১

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরার সময় বাঘের আক্রমণ, আহত-১

10

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা।।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরার সময় বাঘের আক্রমণের শিকার হয়েছেন এক জেলে। সোমবার সকালে বাঘের আক্রমণে আহত ব্যক্তিকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগে রোববার সন্ধ্যার আগে কৈখালী ফরেস্ট স্টেশনের দারগাং বড়খালে এ হামলার ঘটনা ঘটে। বাঘের থাবায় তিনি মুখে ও মাথায় তিনটি স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

আহত জেলের নাম আবু হায়াত ঢালী (৪৮)। তিনি শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত. আহসান ঢালীর ছেলে।

ফিরে আসা জেলে টেংরাখালি গ্রামের বাবলু সানা জানান, গত ২৯ জানুয়ারী আবু হায়াত ঢালী, নুর ইসলাম গাজী ও আমিসহ তিনজন কৈখালী ফরেস্ট ষ্টেশন অফিস থেকে বৈধ পাশ নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যাই। রোববার সন্ধ্যার আগে সুন্দরবনের দারগাং বড় খালের মধ্যে জ¦ালানী জোগাড় করার জন্য নৌকা থেকে আমরা খালের পাশে প্রবেশ করি। এ সময় হঠাৎ আবু হায়াত ঢালীর উপর বাঘটি হামলে পড়ে এবং তার মুখে ও মাথার তিনটি স্থানে থাবা দেয়। তার আত্নচিৎকারে সাথে সাথেই নুর ইসলাম ও আমি গাছের গায়ে বাড়ি দিয়ে শব্দ করতে থাকি। এর কিছুক্ষণ পর বাঘটি আবার বনের ভিতর চলে যায়। এরপর আবু হায়াত ঢালীকে উদ্ধার করে দ্রুত আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। এরপর সকালে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি অফিসার (মেডিকেল) রাজু ইসলাম জানান, বাঘের আক্রমণে আহত আবু হায়াতের বর্তমানে শারীরিক অবস্থা ভালো রয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক এম.এ হাসান জানান, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে বন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।