Home খেলাধুলা জাকার্তায় রত্নার নতুন শুরু

জাকার্তায় রত্নার নতুন শুরু

9
শুটার অর্ণব শাহরিয়ার ও কোচ রত্না

স্পোর্টস রিপোর্টার।।

শুটার অর্ণব শাহরিয়ার ও কোচ রত্না২০১০ ঢাকা এসএ গেমসে স্বর্ণ জিতে সবাইকে চমকে দিয়েছিলেন শারমিন আক্তার রত্না। এরপর তার ক্যারিয়ারটা যেমন হওয়ার কথা ছিল তেমনটা হয়নি। নানা উত্থান পতনের মধ্যদিয়ে ২০১৯ সালে কাঠমান্ডু- পোখারা এসএ গেমসের পরই অবসরে যান দেশের এক সময়কার অন্যতম সেরা এই নারী শুটার। এখন বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের কোচ হয়ে নতুন খেলোয়াড় তৈরির কাজে নেমে পড়েছেন। তার নতুন শুরুর অভিষেক হতে যাচ্ছে জাকার্তায়।

ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বিদেশের মাটিতে, কোচ হিসেবেও তার অভিষেক হতে যাচ্ছে বিদেশে। আগামী ৮ থেকে ১৮ই ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য আইএসএসএফ গ্র্যান্ড প্রিক্স রাইফেল ও শুটিং প্রতিযোগিতায় অংশ নেবেন ১২ শুটার। সেই দলে কোচ হিসেবে যাচ্ছেন শারমিন রত্না।

জাকার্তা থেকেই শুরু হবে তার নতুন ক্যারিয়ার। খেলোয়াড়ি গন্ধটা এখনো গায়ে লেগে আছে রত্নার। যে দলটি ইন্দোনেশিয়া যাচ্ছে সেখানে বেশ কয়েকজন শুটারের সঙ্গে খেলার অভিজ্ঞতাও আছে তার। তাই ক্যারিয়ারের দিক বদলের এই ক্ষণটা বেশ চ্যালেঞ্জিং মনে করছেন জাতীয় চ্যাম্পিয়নশিপে মোট ৬টি স্বর্ণজয়ী এই শুটার। চাইলে আরও খেলতে পারতেন রত্না। সেটা না করে কেন এত দ্রুত নতুন ক্যারিয়ার শুরু করলেন এই কারণ জানিয়ে তিনি বলেন ‘জীবনে নিজের লক্ষ্য পূরণ করতে পারিনি। চেয়েছিলাম এশিয়ান গেমস ও অলিম্পিকে পদক জিততে। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে অংশ নিয়েছি। কিন্তু কঠিন স্বপ্নটা আর পূরণ হয়নি। এখন নিজের যে মেধা আছে তা দিয়ে এমন খেলোয়াড় তৈরি করতে চাই যারা অলিম্পিকে পদক জয়ের জন্য লড়তে পারে। এখন আমার নতুন লক্ষ্য সেটাই’। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার সেনাইয়ান শুটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে আইএসএসএফ গ্র্যান্ড প্রিক্স রাইফেল ও শুটিং প্রতিযোগিতা। এ আসরে অংশ নিতে ১২ শুটার এবং কোচ ও কর্মকর্তা মিলিয়ে ছয়জনসহ ১৮ জন যাচ্ছেন জার্কাতায়। আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ দল। শুটাররা হলেন: রাব্বি হাসান মুন্না, ইউসুফ আলী, শোভন চৌধুরী, সৈয়দা আতকিয়া দিশা, মনিকা আহমেদ, নাফিশা তাবাসসুম, শাকিল আহমেদ, আবদুর রাজ্জাক, পিয়াস হোসেন, আনজিলা আমজাদ, তুরিং দেওয়ান ও নিলুফা ইয়াসমিন। এ ছাড়া কোচ হিসেবে কীম ইল ইয়োং, জায়ের রেজাই, গোলাম শফিউদ্দিন খান ও শারমিন আক্তার রত্না এবং কর্মকর্তা হিসেবে যাচ্ছেন মোহাম্মদ আলী সোহেল ও লেফটেন্যান্ট মাহমুদুল হাসান।