মাগুরা প্রতিনিধি।।
মাগুরায় ‘নিউ আল বারাকা’ প্রাইভেট ক্লিনিকে ‘ভুল চিকিৎসায়’ প্রসূতি ও তার নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শহরজুড়ে আলোচিত এ ঘটনার পর মাগুরা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি বলছে, ওই ক্লিনিকটির অনুমোদন নেই।
প্রসূতি রাশিদা বেগমের (২৪) শ্বমুর মাখন শেখ জানান, গত শুক্রবার রাতে সন্তান প্রসবের জন্য শহরের হাসপাতাল পাড়া এলাকায় নিউ আল বারাকা প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয় রাশিদাকে। শনিবার রাতে চিকিৎসক দিলারা আকবর লাবণী ওই ক্লিনিকে অস্ত্রোপচার করেন। তখন একটি ছেলে সন্তান জন্ম দেন রাশিদা।
তবে অস্ত্রোপচারের আগে রক্তের প্রয়োজন হলে রাশিদার শরীরে ‘ও’ পজিটিভ রক্তের পরিবর্তে ক্লিনিকের প্যাথলজি থেকে ‘এবি’ পজিটিভ রক্ত দেওয়া হয়। এতে জন্মের পরপরই অসুস্থ হয়ে মারা যায় ওই নবজাতক। অন্যদিকে রক্তের ভুল ব্যবহারের কারণে অসুস্থ হয়ে পড়েন মা রাশিদা। উপায়ান্তর না দেখে ক্লিনিক কর্তৃপক্ষ প্রসূতি রাশিদা বেগমকে দ্রুত ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে রাশিদা মারা যান।
এই অভিযোগ প্রসঙ্গে চিকিৎসক দিলারা আকবর লাবণী বলেন, ‘রোগীর শরীরে অস্ত্রোপচার করার সময় তেমন কোনো সমস্যা দেখা দেয়নি। তবে গর্ভে পানির স্বল্পতা ছিল, যে কারণে শিশুটির মৃত্যু হয়েছে। মা রাশিদার কিডনি জটিলতা ছিল। রাশিদার শরীরে রক্ত দিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ। এ বিষয়ে আমার কিছু জানা নেই।’
মাগুরা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ফরহাদ হোসেন বলেন,‘ওই ক্লিনিকের প্যাথলজির কোন অনুমোদন নেই। এমনকি ক্লিনিকের অনুমোদনের বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই।’
তিনি জানান, মাগুরা সিভিল সার্জনের কার্যালয় থেকে ইতোমধ্যে ৭টি অবৈধ ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছে। আরও কয়েকটি ক্লিনিক তালিকায় রয়েছে।
ফরহাদ হোসেন বলেন, ‘স্থানীয় প্রভাবশালী মহল অবৈধ ক্লিনিক ব্যবসার প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত থাকায় অবৈধ ক্লিনিকবিরোধী অভিযান নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে।’
মাগুরা জেলা সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান বলেন, ‘প্রসূতি ও নবজাতকের মৃত্যুর বিষয়টি আমি জেনেছি। এ বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
আল বারাকা ক্লিনিকের মালিক সাইফুল ইসলামের মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি ফোন ধরেননি।











































