Home আঞ্চলিক কচুরিপানায় স্লুইসগেটের মুখ বন্ধ!

কচুরিপানায় স্লুইসগেটের মুখ বন্ধ!

10

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি ।।

বাগেরহাটের চিতলমারীতে কচুরিপানায় স্লুইসগেটের মুখ বন্ধ হয়ে যাওয়ায় হুমকিতে চাষাবাদ। যথাসময়ে বিলের পানি নিষ্কাশন না হওয়ায় চলতি বোরো মৌসুমে অনেক চাষি জমি রোপণ করা নিয়ে চিন্তিত। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকার নারাণখালী, বাঁশতলা, ডুমুরিয়া, পারডুমুরিয়া, দত্তডাঙ্গাসহ অধিকাংশ স্লুইস গেটের মুখ কচুরিপানায় বন্ধ হয়ে পড়েছে। এতে জোয়ার-ভাটার পানি ঠিকমতো ওঠা-নামা করতে না পারায় বোরো মৌসুমে চাষাবাদ নিয়ে চিন্তিত চাষিরা। এছাড়া নারাণখালী স্লুইস গেট নির্মাণের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ার কারণে ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

উপজেলার খিলিগাতী গ্রামের বাসিন্দা মুকুলেশ ঢালী ও ডুমুরিয়া গ্রামের বোরো চাষি হরেন্দ্র নাথ বাড়ৈ, পারডুমুরিয়া গ্রামের চাষি উত্তম বিশ্বাসসহ অনেকে হতাশা ব্যক্ত করে জানান, স্লুইস গেটের মুখে কচুরিপানা এবং আবর্জনায় বন্ধ হয়ে আছে। এতে বিলের পানি সঠিক সময়ে নিষ্কাশন না হতে পারায় বোরো রোপণ ব্যাহত হচ্ছে। জরুরিভাবে এ সমস্যার সমাধান করা না হলে চাষাবাদ ব্যাহত হবে বলে জানান তারা। এ বিষয়ে বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণেন্দু বিকাশ সরকার জানান, বিষয়টি সমাধানের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেটি পাশ হয়ে এলে এ সমস্যার সমাধানে কাজ করা হবে। পাশাপাশি বিষয়টি দ্রুত নিরসনে কাজ করা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অসীম কুমার দাস জানান, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে।