Home আঞ্চলিক দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ৩২ হাজার ৫৭৪ হেক্টর জমিতে গম চাষ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ৩২ হাজার ৫৭৪ হেক্টর জমিতে গম চাষ

106

যশোর অফিস।।

চলতি মওসুমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ৩২ হাজার ৫৭৪ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। এতে ১ লাখ ১০ হাজার ৪২৫ টন গম উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা।

যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে জানা গেছে, জেলা ভিত্তিক গম চাষের জমির পরিমাণ এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে- যশোর জেলায় ৩৯৯ হেক্টর জমিতে ১ হাজার ৩৫২ টন, ঝিনাইদহ জেলায় ৪ হাজার ২৭৮ হেক্টর জমিতে ১৪ হাজার ৫০২ টন, মাগুরা জেলায় ২হাজার ৮৪৫ হেক্টর জমিতে ৯ হাজার ৬৪৪ টন, কুষ্টিয়া জেলায় ১১ হাজার ৫৫৭ হেক্টর জমিতে ৩৯ হাজার ১৭৮ টন, চুয়াডাঙ্গা জেলায় ৯৯৫ হেক্টর জমিতে ৩ হাজার ৩৭৩ টন এবং মেহেরপুর জেলায় ১২ হাজার ৫শ’ হেক্টর জমিতে ৪২ হাজার ৩৭৫ টন গম।

উল্লেখিত পরিমাণ জমি থেকে হেক্টর প্রতি ৩ দশমিক ৩৯ টন হিসেবে ৬ জেলায় চলতি রবি-২০২১-২০২২ মওসুমে ১ লাখ ১০ হাজার ৪২৫ টন গম উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা। অতিরিক্ত ফলন অর্জিত করার উদ্দেশ্য সফল করতে কৃষি বিভাগের মাঠ কর্মীরা কৃষকদের গম চাষে সবধারনের সহায়তা দিয়ে যাচ্ছেন।

যশোর কৃষি সম্পসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক দীপংকর দাশ জানান, গম চাষের ক্ষেত্রে পানির প্রয়োজন কম হওয়ায় এ অঞ্চলের জেলাগুলিতে ক্রমাগত গম চাষের ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। দেশের চাহিদা অনুযায়ী গম যাতে বাহির থেকে আমদানি করতে না হয় দেশের কৃষকেরাই যাতে গম চাষে সফলতা নিয়ে আসেন সে বিষয়টি কৃষি বিভাগের মাঠ কর্মীরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।