Home আঞ্চলিক ঝিনাইদহ পৌরসভার চেক জালিয়াতি, তোলপাড়

ঝিনাইদহ পৌরসভার চেক জালিয়াতি, তোলপাড়

10

৯ লাখ ৭৫ হাজার টাকার কাজের বিপরীতে ৭৪ লাখ ৫৮ হাজার টাকা উত্তোলন

ঝিনাইদহ প্রতিনিধি ।।

ঝিনাইদহ পৌরসভার মোটা অঙ্কের চেক জালিয়াতির ঘটনা ফাঁস হয়ে পড়েছে। সাবেক মেয়রের চোখ ফাঁকি দিয়ে পৌরসভার একটি দুর্নীতিবাজ চক্র ৯ লাখ ৭৫ হাজার টাকার কাজের বিপরীতে ৭৪ লাখ ৫৮ হাজার টাকা উত্তোলন করেছে মর্মে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ায় ঝিনাইদহ পৌর কর্মচারী–কর্মকর্তাসহ সাধারণ মানুষের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি অডিট রিপোর্টে ধরা পড়লেও প্রথম অবস্থায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ–সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চাঁন ১২টি চেকের মাধ্যমে ২৮ লাখ টাকার চেক জালিয়াতির তদন্ত করে জরুরি ভিত্তিতে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। তদন্ত কার্যক্রম এখন প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন ঝিনাইদহ স্থানীয় সরকার বিভাগের উপ–পরিচালক মো. ইয়ারুল ইসলাম। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পৌরসভার অভ্যন্তরীণ অডিট রিপোর্ট থেকে জানা গেছে, ২০১১ সালের ১লা জুন থেকে ২০১৭ সালের ৪ঠা অক্টোবর পর্যন্ত বিভিন্ন কাজের বিপরীতে এই টাকা উত্তোলন করা হয়। ঝিনাইদহ সোনালী ব্যাংকের ৩১৬ নং অ্যাকাউন্ট থেকে ৩৭টি ও ঝিনাইদহ জনতা ব্যাংকের ১৪২৫০৩ নং অ্যাকাউন্ট থেকে একটি চেকে এই টাকা উত্তোলন করা হয়। তবে এই চেক জালিয়াতি নিয়ে পৌরসভায় চাকরিরত সাবেক ও বর্তমান কর্মকর্তারা একে অপরকে দোষারোপ করছেন।

পৌরসভার সচিব আজমল হোসেন (বর্তমানে যশোরে কর্মরত), প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চাঁন ও নির্বাহী পকৌশলী কামাল উদ্দীন পরস্পর মিলে হিসাবরক্ষককে চাপ দিয়ে এই চেক জালিয়াতি করেছেন বলেও শোনা যাচ্ছে। এদিকে, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু চেক জালিয়াতির বিষয়টি আঁচ করতে পেরে ২০২১ সালের ২৭শে জুন তার দপ্তরের ২৯৬ নং স্মারকে প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চাঁনকে অন্যত্র বদলি ও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের উপসচিব (পৌর–১ শাখা) বরাবর চিঠি দেন। চাঁন নিজের নামে কাজ দেখিয়ে ৩ লাখ ৪৪ হাজার ৮১৯ টাকার স্থলে জালিয়াতির মাধ্যমে অতিরিক্ত ২৮ লাখ টাকা লোপাট করেন। চিঠিতে উল্লেখ করা হয় আসাদুজ্জামান চাঁন স্টোর কিপার হিসেবে চাকরিতে যোগ দিয়ে পরবর্তীতে প্রধান সহকারী ও পদোন্নতি পেয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। দীর্ঘ ২০ বছর তিনি একই কর্মস্থলে চাকরি করার কারণে প্রভাব বিস্তার করে নানা রকমের অনিয়ম ও পৌরসভার চেক নিজের নামে নিয়ে জালিয়াতির মাধ্যমে চেকের পাতায় টাকার অংক বৃদ্ধি করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেন। চিঠিতে ঝিনাইদহ পৌরসভার স্বার্থ বিবেচনা করে আসাদুজ্জামান চাঁনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও অন্যত্র বদলির জন্য বিশেষভাবে অনুরোধ করেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। পৌর মেয়রের চিঠি পাওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ–পরিচালককে অভিযোগসমুহ সরজমিন তদন্ত করে জরুরি ভিত্তিতে তদন্ত প্রতিবেদন প্রেরণের জন্য নির্দশক্রমে অনুরোধ করেন।

তথ্য নিয়ে জানা গেছে, ২০১১ সালের ১লা জুন তারিখে পৌরসভার ক্যাশ বইতে জনৈক নওশের আলীর নামে ১০ হাজার টাকা লিপিবদ্ধ আছে। অথচ ১০ হাজার টাকার স্থলে সোনালী ব্যাংকের ৩১৬ নং অ্যাকাউন্ট থেকে ৪ লাখ ১০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। নওশের ছাড়াও যাদের নামে চেক ইস্যু করা হয়েছে তারা হলেন– প্রসাশনিক কর্মকর্তা আসাদুজ্জামান চানের নামে ১২টি, নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীনের নামে ২০১৩ সালের ৩ মার্চ ৩০৬ নং ভাউচারে ৩ হাজার ২১২ টাকার স্থলে ২ লাখ ৩ হাজার ২১২ টাকা, ২০১৩ সালের ২৬শে সেপ্টম্বর হিসাব রক্ষক মখলেছুর রহমানের নামে ৭৯ নং ভাউচারে ১৩ হাজার দুইশ’ টাকার স্থলে ২ লাখ ১৩ হাজার ২০০ টাকা, ২০১১ সালের ৬ই জুন দেলোয়ার হোসেনের নামে ১ লাখ ১০ হাজার টাকা, ২০১১ সালের ২৩শে আগষ্ট এবং ২০শে সেপ্টম্বর ১১৩ ও ১৫৫ নং ভাউচারে সাইদুর রহমানের নামে ১ লাখ ১৩ হাজার ৪৬৩ টাকার স্থলে ৩ লাখ ১৩ হাজার ৪৬৩ টাকা, কনজারভেন্সি পরিদর্শক সামছুল আলমের নামে যথাক্রমে ১০, ৪৫, ১০০, ১৪৮ ও ৩৮২ নং ভাউচারে এক লাখ ৪৮ হাজার ২২ টাকার স্থালে ৬ লাখ ৪৮ হাজার ২২ টাকা, ২০১৩ সালের ২০শে জানুয়ারি ২২১ নং ভাউচারে কমিশনার তোফাজ্জেল হোসেনের নামে ২১ হাজার টাকার স্থলে ২ লাখ ২১ হাজার, ২০১৩ সালের ১১ই আগষ্ট ৩৭ নং ভাউচারে পানি বিভাগের বিল ক্লার্ক আনোয়ার হোসেনের নামে ৫ হাজার ৪০ টাকার স্থলে ২ লাখ ৫ হাজার ৪০ টাকা, একই বছরের ১১ই আগষ্ট ৩৪ নং ভাউচারে কমিশনার মতলেব মিয়ার নামে ৫০ হাজার টাকার স্থলে ১ লাখ ৫০ হাজার টাকা, ওই বছরের ৪ঠা ফেব্রয়ারি ২৪৩ নং ভাউচারে জনৈকা সাহিনা মৌসুমির নামে ১০ হাজারের স্থলে ২ লাখ ১০ হাজার টাকা, ১১০ নং ভাউচারে কমিশনার সাইফুল ইসলাম মধুর নামে সোনালী ব্যাংকের ৩১৬ নং অ্যাকাউন্ট থেকে যার চেক নং–৯৩৯৪৮৩৯ ৩০ হাজার টাকার স্থলে ২ লাখ ৩০ হাজার টাকা, ২০১৪ সালের পহেলা মে মাসে ৩০০ নং ভাউচারে মিঠু ইলেক্ট্রনিক্সের নামে ১৫ হাজার ৪১০ টাকার স্থলে ২ লাখ ১৫ হাজার ৪১০ টাকা, ২০১৫ সালের ৮ই ফেব্রয়ারি ২১৯ নং ভাউচারে কমিশনার বশির উদ্দীনের নামে ৫০ হাজারের স্থলে আড়াই লাখ টাকা, ২০১৭ সালের ৪ঠা অক্টোবর ঝিনাইদহ জনতা ব্যাংকের ১৪২৫০৩ নং চেকে রবিউল ইসলামের নামে ৯ হাজার ৬৫০ টাকার স্থলে ৪ লাখ ৯ হাজার ৬৫০ টাকা, ২০১২ সালের ১৮০ ও ২০১৪ সালের ২৮০ ভাউচারে স্যানিটারি ইন্সপেক্টর শংকর কুমার নন্দীর নামে ৭২ হাজার টাকার স্থলে ৩ লাখ ৭২ হাজার টাকা এবং ২০১৩ সালের ২০শে নভেম্বর ১৩৩ নং ভাউচারে ইঞ্জিনিয়ার মুন্সি আবু জাফরের নামে ২১ হাজারের বিপরীতে ১ লাখ ২১ হাজার টাকা উত্তোলন করা হয়।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ পৌরসভার বর্তমান প্রশাসক ও ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তরের স্থানীয় সরকার বিভাগের উপ–পরিচালক মো. ইয়ারুল ইসলাম জানান, করোনা প্রাদুর্ভাবের কারণে বিষয়টি তার কাছে দেরিতে উপস্থাপন করা হয়েছে। ফলে তদন্ত শুরু করতে দেরি হয়েছে। তিনি বলেন, বর্তমানে ঝিনাইদহ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. আসাদুজ্জামান চাঁনের বিরুদ্ধে ১২টি চেকের মাধ্যমে ২৮ লাখ টাকার চেক জালিয়াতির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত করে অভিযোগের প্রমাণ মিলছে। এছাড়াও পৌরসভার অর্থ আত্মসাতের সঙ্গে যাদের নাম আসছে তাদের বিরুদ্ধেও তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।