স্টাফ রিপোর্টার ।।
খুলনায় শুক্রবার সারাদিন থেমে থেমে ভারি বৃষ্টি হয়েছে। এ সময় জেলার করোনা হাসপাতালের কয়েকটি ভাঙা জানালা দিয়ে বৃষ্টির পানির ঢুকে মেঝেতে জমে যায়। এক থেকে দুই ইঞ্চি পানি জমায় দুর্ভোগে পড়েন রোগী ও স্বজনরা। এ ছাড়া শীতকালে অসময়ের বৃষ্টিতে বিপাকে পড়ে জেলাবাসী।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে হঠাৎ চারদিক অন্ধকার হয়ে ভারি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে ছিল দমকা হাওয়া। বৃষ্টিতে নগরীর সড়কগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিকেলে ও রাতেও বৃষ্টি হয়। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চলাচলে তাদের দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টি আর বাতাসের কারণে শীতের তীব্রতাও বেড়েছে। এতে রিকশাচালক, ভাসমান লোকজনসহ নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ জানান, পশ্চিমা লঘুচাপের কারণে বৃষ্টি হচ্ছে। শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার সকাল ১০টার পর পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে জানালা ও সিঁড়িঘর দিয়ে বৃষ্টির পানি ঢোকায় দুর্ভোগে পড়েন জেলার ২০০ শয্যার করোনা হাসপাতালের রোগী ও স্বজনরা। তাদের অভিযোগ, মেঝেতে পানি জমার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর পরও দীর্ঘ সময় তারা কোনো ব্যবস্থা নেয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগী ও তাদের স্বজনরা জানান, হাসপাতাল ভবনের ছাদে বৃষ্টির পানি জমেছে। সেই পানি সিঁড়ি দিয়ে নেমে ওয়ার্ডের মেঝেতে আসছে। এ ছাড়া বাতাসে ভাঙা জানালা দিয়েও পানি ঢুকেছে। মেঝেতে এক থেকে দুই ইঞ্চি পানি রয়েছে। শীতের মধ্যে মেঝেতে পানি থাকায় হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে। নেহাত প্রয়োজন না হলে বেড থেকে কেউ নিচে নামছেন না।
হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, মেঝে থেকে বৃষ্টির পানি অপসারণের ব্যবস্থা করা হচ্ছে। বৃষ্টির পানি যাতে আর ভেতরে আসতে না পারে সেই ব্যবস্থাও করা হচ্ছে।











































