Home আঞ্চলিক শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

9


যশোর অফিস।।

রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল পাঁচ বছর বয়সী এক শিশু। এ সময় খুলনা থেকে বেনাপোলগামী একটি ট্রেন দ্রুতগতিতে ছুটে আসতে দেখে শিশুটিকে বাঁচাতে এগিয়ে যান ব্যবসায়ী আবদুল হাকিম (৫৫)।

রেললাইনের ওপর উঠে ছেলেটিকে বাঁচাতে পারলেও নিজেকে রক্ষা করতে পারলেন না তিনি। ট্রেনের ধাক্কায় প্রাণ হারান ওই ব্যবসায়ী।

মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের মুজিব সড়কের রেলগেট এলাকায়।

আবদুল হাকিম যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার আবদুর রশিদের ছেলে। যশোরের ‘হাঁটার সাথি’ নামের একটি সংগঠনের সদস্য ছিলেন তিনি।

নিহতের ভাই রফিকুল ইসলাম জানান, আবদুল হাকিমের ঘড়ির দোকান আছে। যশোরের ‘হাঁটার সাথি’ নামের একটি সংগঠনের সদস্য তিনি। প্রতিদিনের মতো ভোরে সংগঠনের অন্য সদস্যদের সঙ্গে তিনি হাঁটতে বের হন। হাঁটা শেষে সকাল সাড়ে ৮টার দিকে তিনি শহরের রেলগেট পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেন ওই এলাকা দিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি শিশু রেললাইনের ওপর উঠে পড়ে। শিশুটিকে বাঁচাতে আবদুল হাকিম রেললাইনের উপর উঠেন। শিশুটিকে রেললাইনের বাইরে নিয়ে আসতে পারলেও তিনি পা পিছলে পড়ে যান।

এতে তার মাথায় চলন্ত ট্রেনের ধাক্কা লাগে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে আনেন। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।