Home আঞ্চলিক বেরসিক বৃষ্টিতে হাড় কাঁপুনে শীত: অসময়ের মহাভোগান্তির বৃষ্টি

বেরসিক বৃষ্টিতে হাড় কাঁপুনে শীত: অসময়ের মহাভোগান্তির বৃষ্টি

93

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। যা চলছে দিনভর। শীতের ভরা মৌসুমে কয়েকদিনের হাড় কাপুনে ঠান্ডার পর এ বৃষ্টি শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। ফলে ঠান্ডার সঙ্গে বৃষ্টি আর দমকা হাওয়ায় জনবীবনে সৃষ্টি হয়েছে এক অচলাবস্থার। এমন অবস্থায় সুবিধাবঞ্চিত পথশিশু ও ছিন্নমুল মানুষগুলোর এখন আশ্রয় নিয়েছে শহরের পরিত্যক্ত কোন ভবনের বারান্দায় অথবা ষ্টেশন এলাকায়। অসহ্য হিমেল হাওয়ায় কাঁপন ধরেছে বোরো রোপনেও। অনদিকে বৃষ্টি তোয়াক্কা না করে অফিস ও কলকারখানাগামী লোকজনকেও অনেকটা ভিজতে ভিজতেই গন্তব্যে পৌছাতে হয়েছে। এতকিছুর মধ্যেও বিরতি নেই শ্রমজীবি রিকসা-ভ্যানচালকদের। তাদেরকে পরিবারের চিন্তায় বৃষ্টিতে ভিজেই দিন কেটেছে। সব মিলিয়ে অসময়ের এ বৃষ্টি যেন সকলের জন্যই মহাভোগান্তির। এমন অবস্থা ঝিনাইদহ কালীগঞ্জের।

এদিকে ইটভাটার মাটি টানা গাড়ির মাটি পূর্বে যা সড়কের ওপর পড়ে ছিল বৃষ্টিতে সে সব গ্রামীন ও শহরাঞ্চালের সকল সড়কই হয়ে গেছে পিচ্ছিল। এগুলো দিয়ে সাধারন পথচারীদের সারাদিন চরম ঝুঁকি নিয়েই চলতে হয়েছে। অপরদিকে সকলে গুড়িগুড়ি বৃষ্টির সাথে দমকা হাওয়াই শীতের তীব্রতা আরও বেড়ে যাওয়ায় গত কয়দিনের শীতজনিত রোগীর সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন। ফলে বৃষ্টির পরে হিমশীতল ঠান্ডায় অভিভাবকদের বাড়তি সতর্কতায় শিশুরা হয়ে পড়েছেন একেবারেই ঘরবন্দি।

শুক্রবার ঝিনাইদহ কালীগঞ্জের কয়েকটি সড়কে সরেজমিনে গেলে দেখা যায়, গুড়িগুড়ি বৃষ্টি থামছেই না। মাঝেমধ্যে বেশ জোরালো গতিতে বাতাস হচ্ছে। এমন অবস্থায় হিমশীতল ঠান্ডা জনজীবন খানিকটা অচল অবস্থার সৃষ্টি করেছে।

কালীগঞ্জ কোলা, কালীগঞ্জ-গান্নাবাজার, কালীগঞ্জ- চুয়াডাঙ্গা, কালীগঞ্জ- যশোর সড়কে গেলে দেখা যায়, যাত্রবাহী বাসের সংখ্যাও বেশ কম। আর গ্রামীন সড়কগুলোতে ইঞ্জিনচালিত গ্রামীন গাড়ি ও ইজিবাইকের চলাচল অনেকটাই একই রকম।

মটরচালিত রিকসাচালক আলম মন্ডল জানান, আমরা গরীব মানুষ। আমাদের আবার শীত ! সকালে দেখলাম চারপাশ অন্ধ্যকার নেমে বৃষ্টি শুরু হলো। কিছুক্ষন বাড়িতে ভ্যান নিয়ে বসে ছিলাম। কিন্ত আমাদের তো পেটের জ্বালা। গাড়িতে যাত্রী টেনেই আমাকে টাকা রোজগার করে বাজার করতে হবে। বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজেই ভাড়া টানছি।

বিপুল হোসেন নামের একজন নির্মান শ্রমিক জানান, আজকে বৃষ্টিতে কাজ বন্ধ। কিন্ত মুখতো আর বন্ধ নেই। পরিবারে মোট ৭ জন সদস্য। ঘরে বাজারও নেই এখন কি করে যে, বাজার করবো সে চিন্তায় আছি। তিনি বলেন, বৃষ্টি যদি কয়েকদিন চলে তাহলে তো আমাদের বাড়িতে চুলা জ্বলবে না।

আলাইপুর গ্রামের দাউদ হোসেন জানান, আমাদের মাঠে পুরোদমে চলছে বোরো রোপনের কাজ। সারা মাঠে জমি তৈরীসহ ধান লাগানো চলছে। এমন অবস্থায় বৃষ্টি শুরু হয়েছে। তিনি বলেন সকালে বৃষ্টি শুরু হয়ে সারাদিন কোন বিরাম নেই। ফলে গ্রামের মানুষ আজকে মাঠে নামতে পারেনি। কেউ কেউ সকালের দিকে মাঠে গিয়ে বৃষ্টিতে ভিজে একাকার হয়েছে। এরমধ্যে প্রচন্ড বাতাসে তারা বাড়ি ধরতে বাধ্য হয়েছেন। ফলে অসময়ের বৃষ্টিতে বোরোরোপন কিছুটা হলেও বাধাগ্রস্থ হয়েছে।

বয়োবৃদ্ধ ছিন্নমুল লোকদের একজন গফুর মন্ডল জানান, বয়স ৮২ । কাজ করতে পারিনা। পরিবার ঘর কিছুই নেই আমার। মানুষের দরজায় গিয়ে হাত পেতে বাঁচি। কিন্ত আজকের দুর্যোগপূর্ণ বৃষ্টিতে ষ্টেশন এলাকা থেকে বের হতে পারিনি। শীতে জড়োসড়ো বৃদ্ধ শীতে কাঁপতে কাঁপতে বলেন, নিজের শীতের গরম পোশাকও নেই। ফলে একদিকে ক্ষুধার জ্বালা অন্যদিকে শীত বৃষ্টির ঠান্ডার জ্বালা আমাদের মত মানুষদের।

ইজিবাইক চালক আব্দুর রহমান জানান, পিচ রাস্তায় আগে থেকে ছিটিয়ে পড়া ইটভাটার গাড়ির মাটিতে বৃষ্টির পানি লেগেছে। যা পিাচ্ছল হয়ে সড়কগুলো পথচারীদের জন্য হয়ে উঠেছে বিপজ্জনক। যেখানে বৃষ্টি হলেই মটর সাইকেলসহ ইঞ্জিনচালিত বিভিন্ন গাড়ির দুর্ঘটনা বেড়ে যায়। এ বৃষ্টিতেও তাই হয়েছে। যেখানে এ বৃষ্টির পর গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনার শিকার হওয়ায় সংখ্যা বাড়বে। এতে ভুক্তভোগীদের কেউ হারাচ্ছেন জীবন আবার কেউ কেউ হচ্ছেন সারাজীবনের জন্য পঙ্গু। এমন সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসলেও অদৃশ্য কারনে প্রতিরোধে গুরুত্ব নেই কারও। তিনি বলেন, বৃষ্টির পরে কাঁদার জন্য মনে হচ্ছে পিচ রাস্তাতো নয় যেন কাঁদাময় চাষের জমি। এমন অবস্থার মধ্যে ভিজে কাঁপতে কাঁপতে সারাদিন চলছি।

কালীগঞ্জে কর্মরত রেনেটা ঔষধ কোম্পানীর পি.এস.ও (প্রফেসনাল সার্ভিস অফিসার) শুভ তালুকদার জানান, ঔষধ কোম্পানীর মাঠ পর্যায়ে মার্কেটিং এ যারা আছেন তাদের চলাচলে একমাত্র সম্বল মটর সাইকেল। কিন্ত গ্রামীন বেশিরভাগ পাকা সড়ক বৃষ্টির পরে ঝুঁকিপূর্ণ হয়ে হয়ে উঠেছে। তিনি বলে বয়স তো বেশ হয়ে গেছে কিন্ত পূর্বে শীতের সময়ে এমন বৃষ্টি তেমনটা দেখা যায়নি। তিনি আরও বলেন এখন সকল রাস্তার ওপরই মাটি টানা গাড়ির মাটি। এর ওপর যখন বৃষ্টির পানি পড়েছে তখন সড়কগুলো আর চলাচল উপযোগী নেই। আবার বসে থাকলেও চলবে না। ফলে বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই সড়কে বের হতে হবে। তিনি বলেন, এ সবই বেরসিত বৃষ্টির জন্য।