খুলনাঞ্চল রিপোর্ট।।
বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি অঞ্চলে জেএসএস সন্তু লারমার অনুসারী সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে এক সেনাসদস্যসহ চারজন নিহত হয়েছেন।
বুধবার মধ্যরাতের এ ঘটনায় আরও এক সেনাসদস্য গুরুতর আহত হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনীর টহল টিমের ওপর জেএসএসের সন্তু লারমার অনুসারীরা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত তিনজনই সংগঠনটির সশস্ত্র সদস্য বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। পরবর্তী সময়ে সন্ত্রাসীদের আস্তানা থেকে অত্যাধুনিক একে-৪৭ রাইফেলসহ বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, দুর্গম পাহাড়ি অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে নিয়মিত রাতে টহল দিতে হয়। বুধবার রাতে রুমা উপজেলার রাইং খিয়াং লেক আর্মি ক্যাম্প থেকে এ ধরনের একটি টহল দল বথি পাড়ার দিকে যাওয়ার পথে অতর্কিত সন্ত্রাসী হামলার মুখে পড়ে।
স্থানীয় একটি জুমঘর থেকেই জেএসএসের সন্ত্রাসীরা অত্যাধুনিক একে-৪৭ রাইফেলসহ অন্যান্য অস্ত্র দিয়ে সেনাসদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পরে আত্মরক্ষার্থে সেনাসদস্যরা পাল্টা গুলি ছুড়ে এর জবাব দেন। আধা ঘণ্টার বেশি সময় ধরে উভয় পক্ষের মধ্যে এই গোলাগুলি চলে।
পরে সেনাসদস্যরা ওই জুমঘরের কাছাকাছি গিয়ে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। ওই সময় পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের একটি গ্রুপ আবারও সেনাসদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করলে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান টহল দলের কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান।
গুলিবিদ্ধ হন ফিরোজ নামে আরেক সেনাসদস্য। আহত সেনাসদস্য ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি শুরু করেন সেনাসদস্যরা। ঘটনাস্থলের আশপাশেই পাওয়া যায় একটি একে-৪৭ রাইফেল, তিনটি বন্দুক, ২৭৫ রাউন্ড গুলিসহ সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম এবং বিপুল পরিমাণ মালামাল।
দীর্ঘদিন ধরে ওই এলাকায় জেএসএসের সন্তু লারমার অনুসারীরা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বিশেষ করে গণহারে চাঁদা আদায়-অপহরণ এবং খুনের অভিযোগ রয়েছে এই সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী।











































