Home আঞ্চলিক সেতুর ওপর বাইক-হেলমেট, ৫ দিনেও মেলেনি চালক

সেতুর ওপর বাইক-হেলমেট, ৫ দিনেও মেলেনি চালক

5


মাগুরা প্রতিনিধি।।

মাগুরা ও ফরিদপুরের দুই উপজেলা মহম্মদপুর ও বোয়ালমারীকে সংযুক্তকারী মধুমতি নদীতে নির্মিত শেখ হাসিনা সেতুর ওপর পড়ে ছিল একটি ব্যাগ, মোটরসাইকেল (বাইক) ও হেলমেট। তবে গত পাঁচ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ চালক।

নিখোঁজ হওয়ার পর থেকে মধুমতি নদীতে উদ্ধারকর্মীরা কয়েক দিন ধরে উদ্ধার কার্যক্রম চালিয়েছে। চালকের সন্ধান মেলেনি।

মহম্মদপুর উপজেলা সদরে মধুমতি নদীতে শেখ হাসিনা সেতুর ওপর একটি ব্যাগ, মোটরসাইকেল ও হেলমেট পড়ে থাকলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার পড়ে থাকা ব্যাগে কোম্পানির বিভিন্ন কাগজপত্র পেয়ে সেখানে যোগাযোগ করে। পরে পুলিশের পক্ষ থেকে কোম্পানিকে বিস্তারিত জানালে মোটরসাইকেল আরোহী শনাক্ত হন।

আরোহীর নাম রিপন কুমার বিশ্বাস (৩৫)। মাগুরা সদর উপজেলার আঠারোখাদা গ্রামে তার বাড়ি। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ‘বিকন ফার্মা’নামে একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত।

পুলিশকে এসব তথ্য জানিয়েছেন রিপন কুমার বিশ্বাসের স্ত্রী শিপ্রা বিশ্বাস। তিনি জানান, রোববার বিকালে স্বামীর সঙ্গে মোবাইলে তার শেষ কথা হয়। এরপর থেকে আর যোগাযোগ করতে পারছেন না তারা। স্বামী নিখোঁজ হওয়ায় মোহাম্মদপুর থানায় একটি জিডি করেছেন শিপ্রা বিশ্বাস।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি সেতুর রেলিংয়ের পাশে পড়ে ছিল। তার পাশে ছিল একটি হেলমেট ও ব্যাগ। পুলিশ সব উদ্ধার করেছে। প্রাথমিক ধারণা মতে, রিপন ছিনতাইকারীদের কবলে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে কেউ কেউ বলছেন, রিপন নদীতে পড়ে যেতে পারেন। সেই সন্দেহে সোমবার দুপুরে মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের একদল ডুবুরি দল মধুমতি নদীতে খোঁজ করেও তাকে উদ্ধার করতে পারেনি।

মহম্মদপুর থানার ওসি নাসির উদ্দীন জানান, মোটরসাইকেল, হেলমেট ও ব্যাগ উদ্ধার করা হয়েছে। আমরা নিখোঁজ রিপন কুমার বিশ্বাসকে খোঁজার চেষ্টা করছি।