Home জাতীয় যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দেবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দেবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

12

ঢাকা অফিস।।


যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা ইস্যুতে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। নতুন করে আরও নিষেধাজ্ঞা আসতে পারে, চলছে এমন গুঞ্জনও। এমন পরিস্থিতিতে এ বিষয়ে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দেবে না। যুক্তরাষ্ট্রের দিক থেকে আমরা যে সাড়া পেয়েছি তাতে আর নিষেধাজ্ঞার কোনো আশঙ্কা দেখি না।’

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় নিষেধাজ্ঞা না দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রতিশ্রুতি পেয়েছেন কি না, জানতে চাইলে তিনি একে ‘গোপনীয়’ উল্লেখ করে মন্তব্য করা থেকে বিরত থাকেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘নিষেধাজ্ঞায় অন্য কোনো দেশ বা সংস্থা সক্রিয়ভাবে সমর্থন করেনি। বিরোধী দলের ওপর র‍্যাবের দমন-পীড়নের অভিযোগ সত্য নয়, কারণ নিহতদের অনেকেই আওয়ামী লীগের কর্মী সমর্থক।’ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আইনগত ও কূটনৈতিকভাবে মোকাবিলা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মিত্রদের কাজে লাগানো হবে।’

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত বছরের ১০ ডিসেম্বর র‍্যাবের সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এই নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।

নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক ১২টি মানবাধিকার সংস্থা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে র‍্যাবকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়ের ল্যাকোঁয়ারকে চিঠি দিয়েছে।