স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের খেলা শেষে একদিন বিরতি দিয়ে আবার ঢাকায় ফিরছে বিপিএল।
চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকা মুখোমুখি হয় কুমিল্লার ভিক্টোরিয়ান্স। এবং দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশাল মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের।
ঢাকায় ফিরে বৃহস্পতিবার মিরপুরে দিনের প্রথম ম্যাচে দুপুর সাড়ে ১২টায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে সিলেট সানরাইজার্স। এবং দিনের দ্বিতীয় ম্যাচে বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এ আসরের ১৭তম ম্যাচে খুলনার বিপক্ষে মাঠে নামবে সিলেট। এর আগে বরিশালের বিপক্ষে টানা ২ ম্যাচ হারের স্বাদ পেয়েছে খুলনা। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ২টি জয় ও ৩টি হার নিয়ে টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে খুলনা। অপর দিকে, টানা হারে জর্জরিত সিলেট সানরাইজার্স ৫ ম্যাচে মাত্র ১ জয় ও ৪ হার নিয়ে অবস্থান করছে টেবিলের তলানিতে।
অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষ কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়ন্সের হয়ে আগামীকাল মাঠে নামবেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। তাকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী দল। গতকাল মঈন ঢাকায় এসেছেন বিপিএল খেলতে।
এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ন্স চট্টগ্রামের বিপক্ষে ৫২ রানে জয় পেয়েছিলো। ৪ ম্যাচে ৩ জয় ও ১ হার নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে কুমিল্লা। শেষ ম্যাচে বরিশালের কাছে ১৪ রানে হেরে যাওয়া চট্টগ্রাম আছে পয়েন্ট টেবিলের চারে।











































