বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার নামক স্থানে গ্যাস বহনকারী ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী হেমেলা খাতুন (৩৮) নামের এক নারী নিহত হয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেমেলা খাতুন উপজেলার পিরোজপুর গ্রামের জালাল হোসেনের স্ত্রী। তিনি ছেলের মোটর সাইকেলে করে জামাই বাড়ি থেকে ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে ছেলের সাথে মোটরসাইকেলে যশোরের সাতমাইল এলাকায় জামাই বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বারবাজার বাসস্ট্যান্ড পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের সাথে ধাক্কা লাগে। এরপর রাস্তার ওপর ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা গ্যাস বহনকারী একটি ট্রাক এসে তাকে সরাসরি চাপা দেয়। এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান।
কালীগঞ্জের বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবা উদ্দিন ট্রাক চাপায় নারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।











































