বিশেষ প্রতিনিধি, ঢাকা ।।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকেও নেই। এই জোট বিএনপি রাখবে কি রাখবে না সে বিষয়টিও এখনো অস্পষ্ট। কারণ জোটের প্রধান দল বিএনপি এবিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারা জোট নিয়ে কোনো ঝামেলায়ও যেতে চাচ্ছে না। কারণ তারা ২০ দল ভেঙে দিলে জোটের শরিক দলগুলো সরকারি দলের ভিড়বে। তাতে সমস্যায় পড়বে বিএনপি। তাই এই ইস্যুটি আগামী নির্বাচন পর্যন্ত জিয়ে রাখতে চাচ্ছে তারা। কিন্তু জোটের শরিক দলগুলোর নেতৃবৃন্দ সেটা মানতে নারাজ। তারা বলছেন, ২০ দলীয় জোট থাকবে কি থাকবে না সেটা বিএনপিকে স্পষ্ট করা প্রয়োজন। পরিষ্কার করে বলা উচিত যে, জোট থাকছে না কিংবা জোট আছে এবং থাকবে। আর কোন দলকে জোটে রাখবে বা রাখবে না- সেই সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার একমাত্র বিএনপির। ২০ দলীয় জোটের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জোটে কেউ কারো কথা শুনছেন না এবং কারো কথা কেউ মানছেও না। আর জোটে বর্তমানে কোনো শৃঙ্খলাও নেই। এবিষয় নিয়েও জোটের প্রধান দল বিএনপির কোনো মাথা ব্যথা নেই। এবিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক জোটের এক শীর্ষ নেতা বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে জোট অংশ নেবে না বলে মোটামুটি একটা সিদ্ধান্ত নেয়া হয়েছিল। আর এই সংলাপে জোটের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোও যাবে না। এরপরও জোটের নিবন্ধিত রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়েছে! এবিষয়টি নিয়েও বিএনপির কোনো মাথা ব্যথা নেই।
জানতে চাইলে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপির) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ২০ দলীয় জোটে ঠিকঠাকভাবেই আছে। জোট আন্দোলন এবং সংগ্রামও করবে। আর বিএনপি বলেনি যে, ২০ দলীয় জোট ভেঙে দিয়েছি।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ২০ দলীয় জোট বিএনপির উপর নির্ভরশীল। বিএনপির সাথেই জোটের শরিক দলগুলো ভাগ্য নির্ভর করছে। সুতরাং বিএনপির কর্মকাণ্ডের ওপর জোটের কর্মকাণ্ড হয়। কিন্তু বিরোধী শক্তিগুলো দুর্বল। সরকারের বিরুদ্ধে প্রতিবাদও করতে পারছে না।
এদিকে গত প্রায় দুই বছর ধরে ২০ দলীয় জোটের দৃশ্যমান কোন কর্মসূচি নেই। এসময়ে জোটের কোনো বৈঠকও অনুষ্ঠিত হয়নি এবং তাদের দৃশ্যমান কোনো কর্মসূচি ছিলো না। আর এসময়ে জোটে নেতাদের বিএনপি প্রাধান্য দেয়নি এবং এখনো দিচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।
নামপ্রকাশে অনিচ্ছুক জোটের এক শীর্ষ নেতা বলেন, জোটের নেতাদের সঙ্গে বিএনপি যোগাযোগ রাখছে। এটা ঠিক। কিন্তু তারা জোটের নেতাদেরকে প্রাধান্য দিচ্ছে না। আর জোট নিয়ে তারা সুস্পষ্টভাবে কিছু বলছেনও না। তারা জোট রাখবে, না কি বিলুপ্ত করে দেবে- সেবিষয়ে আমরা বিএনপির কাছে সুস্পষ্ট জবাব চাচ্ছি।
অন্যদিকে আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে করাতে ক্ষমতাসীনদেরকে বিএনপি বাধ্য করতে পারবে কি না তা নিয়ে জোটের শরিক দলগুলোর মধ্যে দিন দিন শঙ্কা বৃদ্ধি পাচ্ছে। তারা বলছেন, বিএনপি নিজের শক্তির উপরে নয়। দলটি অন্যের ওপর নির্ভরশীল। তারা বলছে, আরো নিষেধাজ্ঞা আসবে।
এবিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক জোটের আরেক শীর্ষ নেতা বলেন, বাংলাদেশের র্যাব ও বাহিনীর বর্তমান এবং সাবেক কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে। বিএনপি বলছে যে, এই নিষেধাজ্ঞা আরো বৃদ্ধি পাবে। অর্থ্যাৎ তারা নিজেদের শক্তিতে রাষ্ট্রক্ষমতায় যেতে চায় না। তারা চাচ্ছে, অন্য কেউ এসে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। কিন্তু নিষেধাজ্ঞা অন্য একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া সফল করতে আন্দোলনের প্রয়োজন হবে। এজন্য বৃহত্তর ঐক্যের প্রয়োজন। কিন্তু সেজন্য কোনো কাজই হচ্ছে না।
জানতে চাইলে ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মণি বলেন, বিএনপি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাচ্ছে। এজন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানাচ্ছে তারা। যে সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না। কিন্তু এজন্য বৃহৎ আন্দোলন না করলে আওয়ামী লীগই রাষ্ট্র ক্ষমতায় থাকবে।
এদিকে গত ২৮ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির এক ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক দফা দাবিতে রাজপথে আন্দোলনে নামার জন্য বৃহত্তর জোট করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তাদের এই আন্দোলনের মূল দাবি হবে নির্দলীয় ও নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করে সেই সরকারের অধিনেই ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, জনগণের দাবি প্রতিষ্ঠিত করার জন্য এবং বর্তমান সরকারের বিরুদ্ধে বৃহত্তর জোট গঠনের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিল বিএনপি। কিন্তু জোট গঠনের কাজ এগোচ্ছিল না। কিন্তু এখন বিএনপি মনে করছে যে, এই সরকারকে আর বেশি দিন সময় দেয়া ঠিক হবে না। তাই এক দফা নিয়ে আন্দোলনের জন্য রাজপথে নামতে বিএনপি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে ও জাতীয় ঐক্যফ্রন্টকে সঙ্গে নিয়েই এই বৃহত্তর জোট গঠন করা হবে কিনা সে বিষয়ে দলটি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানা গেছে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, স্থায়ী কমিটির বৈঠকে তো অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর অনেক বিষয়ে সিদ্ধান্তও নেয়া হয়। কিন্তু আপনারা জানেন যে, এসব বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদেরকে অবহিত করেন। আর উনি আপনাদেরকে এবিষয়ে জানাবেন।-বাংলাদেশ জার্নাল











































