ঢাকা অফিস।।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকে খলনায়ক বললেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। এছাড়া সিইসি’র বিরুদ্ধে মানহানির মামলা করবো কি না তা নিয়ে ভাবছে সুজন বলে জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সংগঠনটির সভাপতি এম হাফিজ উদ্দিন খান।
শনিবার (২৯ জানুয়ারি) সুজন- সম্পাদক ড. বদিউল আলম মজুমদার-এর বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আছে বলে সিইসি সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন- তার প্রতিবাদে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, টিআইবি’র ৫০টি আসনের গবেষণায় যে অভিযোগ করা হয়েছিলো সেটিও তদন্ত করা যেতে পারতো, তাতে রাতের ভোট সংক্রান্ত অভিযোগ খণ্ডানোর সুযোগ ছিলো।
সুষ্ঠু নির্বাচনের খাতিরে অনেক অভিযোগ উঠেছে যেগুলো নির্বাচন কমিশন তদন্ত করে সমাধান করতে পারতো বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আমার উপর আক্রমণ নতুন কিছু নয়, আমার বাড়িতেও আক্রমণ হয়েছে। আমাদের দুর্ভাগ্য এমন একজন খল নায়ককে আমাদের প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে।
সাবেক বিচারপতি এম এ মতিন জানিয়েছেন, সিইসি কোনো দলিল ছাড়া সুজন-এর বিরুদ্ধে অভিযোগ করেছেন।











































