Home জাতীয় ষষ্ঠ ধাপের ইউপি ভোট পর্যবেক্ষণে মনিটরিং সেল গঠন

ষষ্ঠ ধাপের ইউপি ভোট পর্যবেক্ষণে মনিটরিং সেল গঠন

8

ঢাকা অফিস।।

আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ২১৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচন উপলক্ষ্যে অন্যান্য ধাপের মতো নির্বাচনী মনিটরিং সেল গঠন করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এই ধাপে সবগুলো ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

ইসির আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কাশেম মো. ফজলুল কাদেরকে প্রধান করে গঠিত মনিটরিং সেলে সাত জন সদস্য রাখা হয়েছে।

অন্যদের মধ্যে রয়েছেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব পদমর্যাদার নিম্নে নয় এমন একজন কর্মকর্তা; পুলিশ হেডকোয়াটার্সের পুলিশ সুপার/অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার নিম্নে নয় এমন একজন কর্মকর্তা; বিজিবি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)/আনসার ও ভিডিপি/কোস্টগার্ড এর মেজর/ উপ-পরিচালক পদমর্যাদার নিম্নে নয় এমন একজন করে কর্মকর্তা এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার/সহকারি পুলিশ সুপার পদমর্যাদার নিয়ে নয় এমন একজন কর্মকর্তা।

সেলটির কার্যপরিধি’র মধ্যে রয়েছে- নির্বাচনের দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনকে অবগতকরণ, সেলে অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি কর্তৃক নির্বাচন উপলক্ষে মোতায়েনকৃত আইনশৃঙ্খলা সদস্যদের অবস্থান ও সার্বিক অবস্থা সম্পর্কে জ্ঞাতকরণ, ভোটকেন্দ্রে বা নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় সাধন, ইভিএমসহ বিভিন্ন নির্বাচনি মালামাল পরিবহণ, বিতরণ এবং ভোটগ্রহণ কাজে নিরাপত্তা বিধানের জন্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় করে রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের সহায়তা দেওয়া।

জানা যায়, এই ধাপে চেয়ারম্যান পদে এক হাজার ১৫৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে দুই হাজার ৪৫৩ জন এবং সাধারণ সদস্য পদে সাত হাজার ৪৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

চলমান ইউপি নির্বাচনে ইতিমধ্যে পাঁচ ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে ৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।