আলমগীর হোসেন,কেশবপুর ।।
যশোরের কেশবপুরে হরিহর নদ পাড়ের মধ্যকুল জেলে পাড়ার গৃহবধূ পারুল বিশ্বাস টনা দু’বারের বন্যার ফলে অর্থনৈতিক সংকটে পড়েন। বসতভিটা ছাড়া জমি না থাকায় হয়ে পড়েন দিশেহারা। কৃষি অফিসের পরামর্শে বাড়ির পাশের হরিহর নদের বুকের সবুজ কচুরিপানা দিয়ে
ভাসমান বেড তৈরি করে বিষমুক্ত সবজির আবাদ করেন। ভাসমান বেডে জৈব সারে উৎপাদিত তরতাজা সবজি এখন পারুল বিশ্বাসের মুখে হাসি ফিরিয়ে এনেছে।
তার মতো জেলে পাড়ার আরও ৫০টি পরিবার ভাসমান বেডে সবজি ও মসলার আবাদ করে সংসারের চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করেও স্বাবলম্বী হচ্ছেন।
সরেজমিনে উপজেলার মধ্যকুল গ্রামের রাজবংশী পাড়ার পাশ দিয়ে বয়ে চলা হরিহর নদ পাড়ে গিয়ে দেখা যায়, নদে তেমন নাব্যতা না থাকায় সবুজ কচুরিপানায় পরিপূর্ণ হয়ে রয়েছে। নদের মধ্যকুল অংশের কচুরিপানা কাজে লাগিয়ে রাজবংশী পাড়ার জেলে সম্প্রদায়ের (ক্ষুদ্র নৃগোষ্ঠী) বসতভিটা ছাড়া জমি নেই এমন অনেক কৃষক-কৃষানি তৈরি করেছেন ভাসমান বেড। নদের প্রায় আধা কিলোমিটারজুড়ে তারা আবাদ করেছেন পেঁয়াজ, রসুন, লালশাক, পালং, সবুজ শাক, কচু, লতিরাজ, লাউ ও মিষ্টি পোল্লা। ভাসমান বেডে আবাদ করা এসব চাষ দেখতে নদের পাড়ে ভিড় করেন এলাকার মানুষ। জৈব সারে তৈরি ভাসমান বেডে সবজি ও মসলার এ আবাদ দেখে মধ্যকুলসহ অন্য এলাকার নারীদের পাশাপাশি পুরুষরাও আগ্রহী হচ্ছেন।
গৃহবধূ পারুল বিশ্বাসকে ডিঙ্গি নৌকায় বসে ভাসমান বেডে উৎপাদিত লাল শাক ও পালংশাক ক্ষেত পরিচর্যা করতে দেখা যায়। এ সময় তিনি বলেন, বন্যা হওয়ায় সংসারে খুব অভাব দেখা দিয়েছিল। উপসহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাসের পরামর্শ ও সহযোগিতায় ভাসমান বেডে সবজি আবাদ করে প্রায় ৩ হাজার টাকার লালশাক ও পালংশাক বিক্রি করেছি। জেলেপাড়ার গৃহবধূ সুচিত্রা বিশ্বাস বলেন, এবার হরিহর নদে পাঁচটি বেডে পেঁয়াজ,
রসুন, লাল ও সবুজ শাক আবাদ করেছেন। কৃষক নীল রতন বিশ্বাস বলেন, ভাসমান বেড তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলেছে। গতবার বেডে লাগানো লাউগাছ থেকে প্রায় ৩শ’ লাউ বিক্রি করেছেন বলে জানান।
মধ্যকুল ওয়ার্ডের মেম্বার আব্দুর রহিম বলেন, ২০১৬-১৭ সালে বন্যার পর এ গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী স¤প্রদায়ের জেলেপাড়ার অনেকেই অসহায় এবং অভাবগ্রস্ত হয়ে পড়েন। নদে কচুরিপানা থাকায় এখানকার জেলেরা মাছ শিকার করতে না পারায় বিপাকে পড়ে যান। কৃষি অফিসের মাধ্যমে জেলে পাড়ার মানুষদেরকে ভাসমান বেডে সবজি ও মসলা চাষের ব্যবস্থা করা হয়েছে। এখানে আবাদ করে এখন তারা পূর্বের থেকে ভালো আছেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন বলেন, মধ্যকুল জেলেপাড়ার নারীরা হরিহর নদের বুকে ভাসমান বেডে বিষমুক্ত সবজি ও মসলার আবাদ করে তারা নিজেদের সংসারের চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করেও স্বাবলম্বী হচ্ছেন।











































