Home আঞ্চলিক দ্বিতীয় স্ত্রীকে নিয়ে প্রথম স্ত্রীর বাড়িতে স্বামী, কুপিয়ে জখম

দ্বিতীয় স্ত্রীকে নিয়ে প্রথম স্ত্রীর বাড়িতে স্বামী, কুপিয়ে জখম

7

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গায় পান্না বেগম (৫০) নামে এক নারীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছেন স্বামী আহাম্মদ ওরফে ঝড়। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার বহালগাছি গ্রামে ঘটনা ঘটে।

আহত পান্না বেগম আহাম্মদের প্রথম স্ত্রী। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, স্বামী আহাম্মদ দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রী পান্না বেগমের মালিকানাধীন বাড়িতে বসবাস শুরু করেন।

মঙ্গলবার সকালে আহাম্মদকে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেন পান্না বেগম। নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আহাম্মদ ধারালো অস্ত্র দিয়ে পান্না বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় পান্না বেগমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য টিটন শেখ বলেন, পান্না বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তার স্বামী আহাম্মদ।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, পান্না বেগমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের জখম রয়েছে। ক্ষতস্থানগুলোতে ৭০-৮০টা সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে পর্যবেক্ষণে রেখেছি।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, এক নারীকে কুপিয়ে জখমের বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।