শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে উঠা নানান অভিযোগের তদন্ত করেছে কমিটি। মঙ্গলবার সকালে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে অভিযোগের তদন্ত করেন বাগেরহটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান।
এর আগে শরণখোলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসির স্বাস্থ্য অধিদফতরের দেওয়া একটি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ তদন্ত শুরু হয়।
তদন্ত কর্মকর্তাদের কাছে মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি ও খোন্তাকাটা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন ডা. ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে রোগী না দেখা, হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার, করোনার নমুনা পরীক্ষায় টাকা নেওয়াসহ তার নানা অনিয়মের অভিযোগ করেন। এ সময় ভুক্তভোগী অনেক মানুষ স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে ওই অভিযোগের পক্ষে সাক্ষী দেন।
তদন্ত কমিটির প্রধান বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে আমারা অভিযোগকারী, ভুক্তভোগী মানুষ, ডাক্তার ও স্টাফদের পৃথকভাবে বক্তব্য শুনেছি। দু-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন অধিদফতরে দাখিল করা হবে। এসব অভিযোগের একটা সুষ্ঠু সমাধান হবে আশা করি।
অভিযোগ এবং তদন্তের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন বলেন, আমার বিরুদ্ধে যেসব বিষয় অভিযোগ আনা হয়েছে, তার কোনা ভিত্তি নেই।










































