Home আঞ্চলিক কালীগঞ্জে খালের পাড়ে পড়েছিল পীর আলীর মরদেহ

কালীগঞ্জে খালের পাড়ে পড়েছিল পীর আলীর মরদেহ

4

সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥

প্রতিদিনের মত পীর আলী (৩৫) রবিবার দিবাগত রাতে পেয়ারা বাগান পাহারা দিতে গিয়েছিলেন। কিন্ত আর বাড়িতে ফিরে আসেননি তিনি। সকালে গ্রামের খালের পাড় থেকে তার গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের লোকজনের দাবি, ওই এলাকার দুটি আলোচিত মামলার সাক্ষী ছিলেন পীর আলী। আবার গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ড থেকে মেম্বর পদে প্রতিদ্বন্দিতা করেছিলেন। অন্যদিকে একটি মামলার আসামীরা তাদের পক্ষে স্বাক্ষীর দেওয়ার জন্য হুমকি দিতো। এ জন্য তিনি নিজের নিরাপত্তা চেয়ে গত ৪ ডিসেম্বর কালীগঞ্জ থানায় একটি জিডিও করেছিলেন। আবার পাওয়া গেছে গলায় ফাঁস লাগানো মরদেহ। এমন অবস্থায় এটা হত্যা না আত্মহত্যা তা এখনি সঠিকভাবে বলতে পারছে না পুলিশ। পীর আলী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামের সামছুল হকের ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে দলটিরসূত্রে জানাগেছে।

স্থানীয়রা জানায়, নলভাঙ্গা গ্রামের সামছুল হকের ছেলে পীর আলী রাতে নিজের পেয়ারা বাগান পাহারা দিতে যায়। রাত ৮ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। সকালে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের খালে গলায় দড়ি বাঁধা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

নিহতের ভাই রবিউল ইসলাম জানান, রোববার রাত ৮ টার দিকে সর্বশেষ তার ভাইয়ের সাথে কথা হয়েছে। প্রতিদিনই সে রাতে পেয়ারা বাগান পাহারা দিতে যায়। গত রাতেও গিয়েছিল। কিন্ত আর ফিরে আসেনি। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুজি করা হয়েছে। এলাকাবাসী সকালে খালের পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে তাদেরকে খবর দেয়।

শাহিনুর রহমান নামে এক মামলার বাদী জানান, ২০১৬ সালের অক্টোবর মাসে গ্রামের কয়েকজন তাকে মারধর করে। সেই মামলায় পীর আলী প্রধান স্বাক্ষী ছিল। এছাড়াও মেয়েদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় শাহানুর নামে আরেক জনের দুই পা কাটা মামলার প্রধান স্বাক্ষী ছিল পীর আলী। মামলার স্বাক্ষী দেওয়ায় আসামিরা তাকে বিভিন্ন সময় হুমকি দিতো। এ বিষয়ে ডিসেম্বর মাসের ৪ তারিখে কালীগঞ্জ থানায় পীর আলী একটি জিডিও করেছিল। আবার মাঠের খালের পাড়ে পাওয়া যাচ্ছে তার গলায় ফাঁস দেয়া মৃতদেহ। বিষয়টি রহস্যজনক।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, খালের পাড়ে পড়ে থাকা অবস্থায় পীর আলীর লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে গাছের ডালে রশি বেধে আত্বহত্যাকালে হয়তো ডালটি ভেঙে পড়তে পারে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা সম্ভব না।