খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা ।।
সাতক্ষীরার পাটকেলঘাটায় আদালতের আদেশ অমান্য করে এ এস আই লিটনের নির্দেশে জমিতে দোকানঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন পাঁচপাড়া গ্রামের প্রয়াত ছলেমান শেখ এর ছেলে গোলাম মোস্তফা শেখ (৭৫) ৫৮১ দাগে ৬২ শতক জমির মধ্যে গত ইং ০৫.০১.১৯৯৫ তারিখে ১২১ নং রেজিস্ট্রি কবলা মূলে ৬ শতক জমি একই গ্রামের প্রয়াত ছৈয়দ আলীর ছেলে জবেদ আলীর নিকট থেকে ক্রয় করেন । এছাড়া পৈত্রিক সূত্রে গোলাম মোস্তফা গং ৪৬৭, ৪৬৮,৪৬৯,৪৭০,৫৮১ দাগে ০১ একর ৩৮ শতক জমির মধ্যে ৮৬ শতক জমি প্রাপ্ত হয়ে স্ব স্ব দখলীয় জমিতে বাড়িঘর নির্মাণ, পুকুর খনন এবং বৃক্ষরোপন করে শান্তিপূর্ণভাবে ৫০ বছর যাবৎ বসবাস করে আসছিলেন। বসবাস করার এক পর্যায় পাঁচপাড়া গ্রামের প্রয়াত ছবেদ আলী গাজীর ছেলে জিয়ারুল ও মোঃ রেজাউল, আমিরুল সহ একই গ্রামের বাবর আলী’র পুত্র রজব আলী এবং রজব আলীর পুত্র মোজাফফার , মৃত জবেদ আলী গাজীর পুত্র জাহাঙ্গীর গাজী, প্রয়াত বরকত আলী গাজী’র পুত্র কুদ্দুস গাজী সম্মিলিতভাবে উক্ত তফশীল বর্ণিত সম্পত্তিতে গত ২৭/০৯/২১ ইং তারিখে দুই দফায় দখল করার চেষ্টা করে। এসময় গোলাম মোস্তফা ও স্থানীয়রা দখলে বাঁধা প্রদান করায় জিয়ারুল বাহিনী দখলে ব্যর্থ হয়। এর প্রেক্ষিতে গোলাম মোস্তফা গত ইং ৩০/০৯/২১ তারিখে সাতক্ষীরা বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারা দায়ের প্রার্থনা করেন। সে মতে বিজ্ঞ আদালত ফৌজদারী কার্যবিধি মতে যাহাতে শান্তি শৃঙ্খলা বিনষ্ট না হয় সে আলোকে বিজ্ঞ আদালত ১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি করেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে চেয়ারম্যান মেম্বররা মিমাংসার চেষ্টা করলে তা ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার এক পর্যায়ে এ এস আই লিটনের নির্দেশে প্রতিপক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে বিরোধপূর্ণ জমিতে বাঁশ পুঁতে টিনের চাল ও ঘেরাবেড়া দিয়ে দোকান ঘর নির্মাণ করে।
এ বিষয়ে ভুক্তভোগী গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, “ পাটকেলঘাটা থানার এ এস আই লিটন আমার কাছ থেকে জমি যাতে বেদখল না হয় সেজন্য নগদ ১০ হাজার টাকা গ্রহণ করে। পরবর্তীতে জিয়ারুল গং এর কাছ থেকে এ এস আই লিটন মোটা অংকের টাকা গ্রহণ করে । এবং তারই নির্দেশে গত ২২/০১/২২ ইং তারিখে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জিয়ারুল গং আমার জমিতে দোকান ঘর নির্মাণ করে। দোকান ঘর নির্মাণের বিষয়ে আমি এ এস আই লিটনকে জানালে তিনি বলেন আদালতে করা ১৪৫ এর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আপনি থানায় এসে একটি অভিযোগ করেন।” গোলাম মোস্তাফা আরোও বলেন, এ ঘটনায় আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে জিয়ারুলের সাথে মুঠোফোনে আলাপকালে ১৪৫ ধারা উপেক্ষা করে দোকানঘর নির্মাণের চেষ্টার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ স্থানীয়দের সালিশ মিমাংসার পরে পাটকেলঘাটা থানার এএসআই লিটনের নির্দেশে দোকানঘর নির্মাণ করেছি।”
এ বিষয়ে পাটকেলাঘাটা থানার এ এস আই লিটন এর কাছে মুঠোফোনে আলাপকালে মোস্তফার কাছ থেকে টাকা গ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি প্রশ্নবিদ্ধ হন। শান্তিপূর্ণভাবে স্ব স্ব এবং জিয়ারুল এর কাছ থেকে মোটা অংকের টাকা গ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,“ না আমি টাকা নেইনি।” তবে ১৪৫ ধারা থাকা স্বত্ত্বেও এবং দখলের বিষয়ে অবহিত করার পরেও কেন তিনি থামাননি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন থানায় যদি আবার কোন অভিযোগ দেয় বা আদালতের কোন নির্দেশনা আসে তখন তাদেরকে আটক করব।











































