ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দুইপক্ষের দ্বন্দ্বে মেহেদি হাসান স্বপন (৩০) নামের আরও এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত যুবক উপজেলার সারুটিয়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের তালতলাপাড়ার দবির উদ্দিন শেখের ছেলে। এ নিয়ে শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নে নির্বাচনের আগে ও পরে ৫ জন খুন হলেন।
শৈলকুপা থানার পরিদর্শক (তদন্ত) মহসীন আলী জানান, শুক্রবার রাত ৯টার দিকে প্রতিপক্ষরা নিহত স্বপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর বাড়ির কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মিডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রেফার করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পরে ভোরের দিকে সেখানেই মৃত্যু হয় তার।
তিনি আরো জানান, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেওয়া নিয়ে ঘটনাটি ঘটেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নতুন করে লুটপাট ও বাড়িঘর ভাঙচুরের আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন গ্রামবাসী।
এলাকাবাসী জানান, উপজেলার সারুটিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নবনির্বাচিত নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও পরাজিত আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইছার টিপুর পৃথক দুইটি দল রয়েছে। নিহত যুবক নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থক ছিলেন। নৌকা মার্কায় ভোট না দেওয়ার কারণে প্রতিপক্ষরা খুন করেছে তাকে। এ নিয়ে ইউনিয়নটিতে নির্বাচনকেন্দ্রিক খুন হলেন উভয়পক্ষের ৫ জন। অসংখ্য বাড়িঘর ভাঙচুর, মামলা পাল্টা মামলার ঘটনা ঘটেছে। বাড়িঘর ছেড়েছেন কয়েকশ মানুষ। পুলিশের পাহারা বসানোর পরও বন্ধ হচ্ছে না সংঘাত। শাসক দল আওয়ামী লীগের শক্তিশালী দুইপক্ষ পরস্পরবিরোধী অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।
দায়িত্বশীল একাধিক সূত্র যুগান্তরকে জানিয়েছেন, শৈলকুপা উপজেলা শহরে পৌরসভার মেয়র কাজি আশরাফুল আজম ও প্রতিপক্ষ ইকু সিকদারের মধ্যে দ্বন্দ্ব এখন তুঙ্গে। ইউপি নির্বাচন পরবর্তী শহরের আশপাশের এলাকাসহ বগুড়া ইউনিয়নে চরম উত্তেজনা বিরাজ করছে।











































