Home আঞ্চলিক খুলনা বিভাগে শনাক্ত আরও ১৫৮, দুজনের মৃত্যু

খুলনা বিভাগে শনাক্ত আরও ১৫৮, দুজনের মৃত্যু

10

স্টাফ রিপোর্টার ।।

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৫৮ জন। আগের দিন সোমবার দৈনিক শনাক্তের এ সংখ্যা ছিলো ১৭৭ জন। সে হিসাবে দৈনিক শনাক্ত কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে জানানো হয়েছে, বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্ত ১৫৮ জনের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৫০ জন রয়েছেন। এছাড়া যশোরে ৩৩ জন, কুষ্টিয়ায় ২৯ জন, ঝিনাইদহে ২৮ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে নড়াইলে তিনজন, চুয়াডাঙ্গায় ছয়জন, সাতক্ষীরায় দুজন, বাগেরহাট ও মাগুরায় তিনজন করে এবং মেহেরপুরে একজন শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, মহামারির শুরু থেকে খুলনা বিভাগে আজ (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন এক লাখ ১৪ হাজার ৪১৮ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন এক লাখ নয় হাজার ৩৪৭ জন। মোট মৃত্যু হয়েছে তিন হাজার ১৯৭ জনের।

বিভাগে শনাক্ত সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে থাকা খুলনায় এ পর্যন্ত মোট শনাক্ত ২৮ হাজার ২২৮ জন। বিপরীতে শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় চার হাজার ১৬৫ জন।

মৃত্যুর দিক দিয়েও খুলনা জেলায় সর্বোচ্চ ৮০৯ জন মারা গেছেন। বিপরীতে সবচেয়ে কম মৃত্যু হয়েছে সাতক্ষীরায় ৮৮ জন।

করোনায় আরও ১০ মৃত্যু, শনাক্ত ৮ হাজার ছাড়াল

ঢাকা অফিস।।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪০৭ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৯৮ শতাংশ।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪৭৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ ১৫,৫৩,৭৯৫ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টার মৃত্যু নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৮,১৬৪ জনে এবং মোট শনাক্ত দাঁড়াল ১৬,৩২,৭৯৪ জনে। এই সময়ে নমুনা সংগ্রহ করা হয় ৩৫,৯১৬টি। এর মধ্যে পরীক্ষা হয় ৩৫০৫৪টি নমুনার।

মৃত ১০ জনের মধ্যে আট জন পুরুষ এবং দু’জন নারী। এদের মধ্যে সাত জন ঢাকায় এবং খুলনা, চট্টগ্রাম ও ময়মনসিংহে একজন করে মারা যান। বয়স ভেদে মৃত ব্যক্তিদের মধ্যে চার জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, চার জনের ৬১-৭০ বছরের মধ্যে, একজনের ৭১-৮০ বছরের মধ্যে এবং একজনের ৮১-৯০ বছরের মধ্যে।

বিদেশি পার্সেল থেকে ছড়াতে পারে ওমিক্রন, সতর্ক করলো চীন

খুলনাঞ্চল ডেস্ক

বিদেশ থেকে আসা পার্সেল খোলার সময় সবাইকে মাস্ক ও গ্লাভস পরার অনুরোধ জানিয়েছে চীন। এ ধরনের পার্সেলের মাধ্যমে ওমিক্রন করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে তারা। দেশটিতে শনাক্ত প্রথম ওমিক্রন রোগী এভাবেই আক্রান্ত হয়েছিলেন বলে ইঙ্গিত দিয়েছে চীনা কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

সোমবার (১৭ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি দেশটির জনগণকে বিদেশি পণ্য কেনা বা বিদেশ থেকে পার্সেল গ্রহণ কমিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, সামনাসামনি পণ্য ডেলিভারি নেওয়ার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে ভুলবেন না। অবশ্যই মাস্ক ও গ্লাভস পরুন। প্যাকেজ ঘরের বাইরে খোলার চেষ্টা করুন।

চীনা কর্মকর্তারা বলেছেন, বেইজিংয়ে প্রথমবার যার শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছিল, ওই ব্যক্তি কানাডা থেকে যুক্তরাষ্ট্র-হংকং হয়ে আসা একটি প্যাকেজ খুলেছিলেন। ফলে সেখান থেকেই ওমিক্রনে সংক্রমিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এ ঘটনা ‘ব্যক্তিগত সুরক্ষা’র গুরুত্ব তুলে ধরছে বলে উল্লেখ করেছে সিসিটিভি।

শুধু বিদেশিই নয়, দেশি পার্সেল হস্তান্তরের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে বলেছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি)। বিদেশ থেকে আসা পার্সেলগুলো যথাযথভাবে জীবাণুমুক্ত করা এবং ডেলিভারি কর্মীদের সবার পূর্ণডোজ টিকা নেওয়ার বিষয়ে জোর দিচ্ছে চীনা কর্তৃপক্ষ।

বিদেশ থেকে মাছ-মাংসের মতো আমদানি করা হিমায়িত পণ্যের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আগেই সতর্ক করেছিল চীন। যদিও এ ধরনের ঝুঁকি খুব কম বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাছাড়া, ২০১৯ সালের ডিসেম্বরে উহানে প্রথমবার করোনাভাইরাস শনাক্ত হওয়ার আগেই ভিনদেশে এর অস্তিত্ব ছিল বলে বারবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে চীনা কর্তৃপক্ষ।

সম্প্রতি দেশটির কয়েকটি শহরে নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ওমিক্রনের বিস্তার ঠেকাতে সেসব এলাকায় এরই মধ্যে কঠোর বিধিনিষেধ ফিরিয়ে আনা হয়েছে।

টিকার সনদে অনীহা হোটেল-রেস্তোরাঁয়

খুলনাঞ্চল রিপোর্ট

করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ রোধে বিধিনিষেধ জারি করেছে সরকার। চলমান বিধিনিষেধে করোনার টিকা নেওয়া ছাড়া রেস্তোরাঁয় বসে খাওয়ায় নিষেধ। কিন্তু বাস্তবে তার কোনো প্রয়োগ বা প্রভাব নেই। নজরদারিও করছে না কেউ। যারা খাচ্ছেন তাদের যেমন বিষটি নিয়ে মাথাব্যথা নেই, পাশাপাশি রেস্তোরাঁর মালিকরাও এ আইন মানতে চরম অনীহা দেখাচ্ছেন।

এখনও রাজধানীর প্রায় সব রেস্তোরাঁয় করোনার টিকা সনদ ছাড়াই বসে খাওয়া যায়। সনদ আছে কি না জিজ্ঞাসাও করে না কেউ। এমনকি সনদ না থাকলে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয় না কোথাও। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজধানীর বেশ কয়েকটি হোটেল-রেস্তোরাঁ ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসব হোটেল-রেস্তোরাঁয় খেতে যারা খেতে এসেছেন তাদের অনেকের সঙ্গে কথা হয় জাগো নিউজের। তাদের অধিকাংশরই সঙ্গে টিকার সনদ ছিল না। আবার এমন অনেক মানুষ রয়েছেন, যারা টিকাই নেননি কিন্তু প্রতিদিন রেস্তেরাঁয় খাচ্ছেন।

এদিকে যারা নিয়ম মেনে সঙ্গে সনদ রেখেছেন তারা বলছেন, কখনও সনদ দেখানোর প্রয়োজন হয়নি তাদের। মালিবাগ আবুল হোটেলে খেতে এসে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুবহা বিন সাদিক বলেন, নির্দেশনার পর থেকেই টিকার কার্ড (টিকার সনদ) রেখেছি ব্যাগে। কিন্তু কোনো রেস্তোরাঁয় কখনও দেখতে চায়নি।

একই কথা বলেন শান্তিনগর একটি হোটেলে খেতে আসা বেসরকারি ব্যাংক কর্মকর্তা ফরিদ হোসেন। প্রতিদিন সেখানে দুপুরের খাবার খান তিনি। ফরিদ হোসেন বলেন, কেথায় কিসের নির্দেশনা। একটা কাগজে ‘টিকার সনদ সঙ্গে রাখুন’ লিখে দিয়ে মালিকরা দায় সেরেছেন। কিন্তু খুঁজে দেখুন, বেশিরভাগ মানুষের কাছে সনদ নেই।

এদিকে ওই হোটেলে কর্তব্যরত ম্যানেজার বলেন, টিকাকার্ড দেখানোর ওপর কড়াকড়ি করলে হোটেল ব্যবসায় লস হবে। কেউ আসবে না। এমন নিয়মে খাবার বেচা যাবে না। আর যারা খেতে আসছেন তাদের কাছে কার্ড দেখতে চাইলে বিরক্ত হন।

এদিকে গুলশান-বানানী এলাকায় অল্প কিছু অভিজাত হোটেলে নির্দেশনা মানতে ব্যানার, সাইনবোর্ড আর নোটিশ টাঙানো দেখা গেছে। তবে যারা খাচ্ছেন তারা সবাই সনদধারী কিনা সেটা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে নাম প্রকাশ করতে অনিচ্ছুক একটি অভিজাত হোটেলের ম্যানেজার ইসরাফিল হোসেন বলেন, আমরাতো বলছি। কিন্তু জনে জনে চেক করাটা আমাদের দায়িত্ব নয়। সেটা সম্ভবও নয়। এখানে সবাই এলিট পারসন। প্রয়োজনে আইন-শৃঙ্খখলা বাহিনী সেটা করুক।

এদিকে গত বৃহস্পতিবার থেকে কার্যকর করোনা প্রতিরোধে সরকারের দেওয়া ১১ দফা নির্দেশনার একটিতে বলা হয়, রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোনা টিকা সনদ প্রদর্শন করতে হবে।

এ পরিস্থিতিতে রেস্তোরাঁ মালিকরা বলছেন, রাজধানীতে অর্ধেক মানুষ এখনও পুরোপুরি টিকা কার্যক্রম সম্পন্ন করতে পারেননি। তাদের সনদ নেই। এ অবস্থায় এ সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব নয়। কার্যকর হলে ব্যবসা কমে যাবে, লোকসান গুণতে হবে তাদের।

এদিকে কিছু কিছু রেস্তোরাঁ মালিক জানিয়েছেন, টহল পুলিশ রেস্তোরাঁয় কার্ড ছাড়া খাওয়াতে নিষেধ করে যাচ্ছেন। তবে কার্ড চাইলে ক্রেতারা সেটা দেখাচ্ছেন না। ফলে তারাও তোড়জোড় করছেন না।

মগবাজার মোড়ে ক্যাফে ডি তাজের এক কর্মকর্তা বলেন, যারা হোটেলে আসেন তাদের কেউ টিকা কার্ড নিয়ে আসেন না। ঢুকতে না দিলে বিক্রি বন্ধ করে বসে থাকতে হবে। এর আগে দুদিন টিকা কার্ড চাওয়া হয়েছে। তখন কেউ হোটেলে ঢোকেননি। আমরা চেষ্টা করে দেখেছি।

এদিকে সরকারের এ সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে দাবি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির। সমিতির সাধারণ সম্পাদক ইমরান হাসান বলেন, বেশিরভাগ কাস্টমারের টিকাকার্ড নেই। আমরা কাস্টমারকে তো আর আটকাতে পারবো না। সেটা একটা ভোগান্তি হবে এবং এই ভোগান্তি আমরা নিতে পারবো না।

তিনি বলেন, আমরা আমাদের সব সদস্যভুক্ত রেস্তোরাঁকে এ নির্দেশনা মানতে বলেছি। কিন্তু সেটা হচ্ছে না। তারপরও আমরা অ্যাওয়ারনেস ডেভেলপ করছি। আমরাও চাই না সরকারের নির্দেশনার ব্যত্যয় হোক। কিন্তু সেটা কঠিন।

ইমরান হাসান আরও বলেন, সব চাপ রেস্তোরাঁর ওপরে আসে। এসব নির্দেশনা গুলশান-বনানীতে মানানোর জন্য। সবখানে একভাবে চলে না। সাধারণ মানুষ যেখানে খান, তারা কোনো নিয়ম মানতে চান না।

হঠাৎই সর্দি-গলাব্যথা, ওমিক্রনের লক্ষণ নয় তো?

খুলনাঞ্চল ডেস্ক

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সবাইকে ভাবাচ্ছে। ডেল্টার পর ওমিক্রন আগমনের পর থেকেই রূপ বদল করেছে কোভিড। সঙ্গে বদলে গিয়েছে রোগের কিছু উপসর্গও। প্রথমে করোনা আক্রান্ত রোগীর বেশিরভাগই হারিয়েছেন স্বাদ-গন্ধের অনুভূতি।

তবে ওমিক্রনের ক্ষেত্রে এই বিষয়টি আবার প্রকাশ পাচ্ছে না। ইংল্যান্ডের স্বাস্থ্য দফতরের সমীক্ষা বলছে, ওমিক্রনের সংক্রমণে স্বাদ-গন্ধ লোপ পাওয়ার উপসর্গ বিশেষ দেখা যাচ্ছে না।

১ লাখ ৭৪ হাজার ৭৫৫ জন ওমিক্রন আক্রান্ত ও ৮৭ হাজার ৯৩০ জন ডেল্টা আক্রান্ত রোগীর উপরে এই সমীক্ষা করেছে ব্রিটেনের স্বাস্থ্য দফতর।

গবেষণার তথ্য অনুযায়ী দেখা গেছে, ওমিক্রনে আক্রান্ত রোগীদের মধ্যে শতকরা ১৩ জন হারিয়েছেন স্বাদ ও গন্ধের অনুভূতি। তবে মোট রোগীর অর্ধেরও বেশি অর্থাৎ ৫৪ শতাংশই গলা ব্যথা অনুভব করছেন।

অন্যদিকে ডেল্টা আক্রান্ত রোগীদের মধ্যে ৩৪ শতাংশ রোগীর ক্ষেত্রে দেখা গেছে গলা ব্যথা ও স্বাদ গন্ধ হারানোর উপসর্গ। এসব উপসর্গ ছাড়াও নাক দিয়ে পানি পড়া, জ্বর, কাশি বা ক্লান্তির মতো উপসর্গগুলো তো আছেই।

সব মিলিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ দিয়েছেন, এ সময় হঠাৎ করেই সর্দি কিংবা গলাব্যথা হলে স্বাদ-গন্ধের অনুভূতি হারানোর অপেক্ষা না করে দ্রত চিকিৎসকের পরামর্শ নিন ও কোভিড টেস্ট করাতে হবে।