Home স্বাস্থ্য ত্বক ও স্বাস্থ্য রক্ষায় অ্যালোভেরা যেভাবে খাবেন

ত্বক ও স্বাস্থ্য রক্ষায় অ্যালোভেরা যেভাবে খাবেন

10

মিলি রহমান।।

অ্যালোভেরা বা ঘৃতকুমারীর আদি নিবাস হলো আফ্রিকার মরুভূমি অঞ্চল ও মাদাগাস্কার। আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগে মিসরে এটি উৎপত্তি লাভ করে। খ্রিস্টপূর্ব যুগ থেকেই ভেষজ চিকিৎসা শাস্ত্রে অ্যালোভেরার ব্যবহার পাওয়া যায়।

ঘৃতকুমারীতে রয়েছে ২০ রকমের খনিজ পদার্থ। মানবদেহের জন্য যে ২২টা অ্যামিনো অ্যাসিড প্রয়োজন তার সবই বিদ্যমান রয়েছে এতে। এছাড়াও ভিটামিন এ, বি১, বি২, বি৬, বি১২, সি, ই এবং অ্যান্টিঅক্সিডেন্টের উৎকৃষ্ট উৎস এটি।

কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে, রক্তচাপ কমাতে, ক্যান্সার প্রতিরোধে, মুখের ঘা ও দুর্গন্ধ দূর করতে, ডায়াবেটিস প্রতিরোধ, হার্ট সুস্থ রাখতে ও ওজন হ্রাসে দারুণ কার্যকরী অ্যালোভেরা।

অ্যালোভেরা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণ করে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। রক্তে অক্সিজেন বহন করার ক্ষমতা বাড়িয়ে এটি দূষিত রক্ত দেহ থেকে বের করে দেয়। ত্বক ও চুলের স্বাস্থ্যরক্ষাতেও অ্যালোভেরার কার্যকারিতা প্রমাণিত।

এর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান চুল পড়া ও খুশকির সমস্যা দূর করে যা চুলের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়ক। ত্বকে র‌্যাশ, চুলকানি, রোদে পড়া দাগ দূর করতে অ্যালোভেরা তুলনাহীন। উজ্জ্বল ও মসৃণ ত্বক পেতে আর বয়সের ছাপ দূর করতে প্রতিদিন অ্যালোভেরা খাওয়ার অভ্যাস করতে পারেন।

হজমশক্তি বৃদ্ধি ছাড়াও মাংসপেশী ও জয়েন্টের ব্যথা প্রতিরোধে নিয়মিত অ্যালোভেরা খেতে পারেন। নিয়মিত অ্যালোভেরার জুস খেলে দাঁতের ক্ষয় প্রতিরোধ করা সম্ভব।

যে কোনো খাবার খাওয়ার ১৫ মিনিট আগে ১ চা চামচ অ্যালোভেরা জুস পান করলে আপনার ওজন দ্রুত কমবে। এটি খেতে সুস্বাদু না হওয়ায় অনেকেই তা খেতে চান না। এক্ষেত্রে লেবু বা মধু অথবা এক গ্লাস উষ্ণ পানিতে অ্যালোভেরা মিশিয়ে খেতে পারেন।