খুলনায় যুবলীগ নেতা শাওনকে গুলি : ককটেল-অস্ত্র-গুলিসহ আটক ১
স্টাফ রিপোর্টার ।।
নগরীর ১৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান শাওনকে গুলি করে পালানোর সময় বিদেশী অস্ত্র-গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় পরিত্যক্ত একটি ককটেল, একটি বিদেশী পিস্তল, একটি রিভলবার ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বয়রা মহিলা কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশের হাতে আটক হওয়ার পর সে জ্ঞান হারিয়ে ফেললে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিসি ট্রাফিক (কেএমপি) মো. তাইজুল ইসলাম জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে বয়রা বাজার এলাকায় কতিপয় সন্ত্রাসী দু’টি মোটরসাইকেলে করে একজনকে টার্গেট করে প্রথমে একটি ককটেল চার্জ করে। পরবর্তীতে শর্টগান দিয়ে গুলি করে। তখন ডিউটিরত পুলিশ সদস্যরা দেখতে পেয়ে তাদের ধাওয়া করে। তখন তারা বয়রা কলেজের দিকে পালানোর সময় স্থানীয় জনগণ ও খালিশপুর থানা পুলিশের সহযোগিতায় ট্রাফিকরা একজনকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে একটি পিস্তল, একটি রিভলবার ও ১১টি গুলি উদ্ধার করে। পরবর্তীতে র্যাবের সদস্যরা এসে উদ্ধার অভিযানে একটি ককটেল উদ্ধার করে। তিনি আরও জানান, পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে। এছাড়া বাকি আসামিদের ধরার তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার পরে বয়রা বাজার মোড়ে যুবলীগ নেতা সাঈদুর রহমান শাওনকে টার্গেট করে ২টি মোটর সাইকেলে ৬জন যুবক আসে। তারা শর্ট গান দিয়ে শাওনকে গুলি করলেও গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর স্থানীয় জনতা ধাওয়া করলে মোটর সাইকেল থেকে এক যুবক পরে যায়। স্থানীয়রা তাকে ধরে রাখে। পরে পুলিশের উপস্থিতি ঘটলে যুবক জ্ঞান হারিয়ে ফেলে। তাকে প্রাথমিকভাবে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান শাওন বলেন, সন্ত্রাসীরা দু’টি মোটরসাইকেলে ৬জন মুখোশ পরিহিত ছিল। আমাকেই হত্যার উদ্দেশ্যে গুলি করে, পরে তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালাতে চেষ্টা করে। তিনি আরও জানান, তার পিতা, বড় ভাইকেও নিমর্মভাবে হত্যা করেছিল সন্ত্রাসীরা। এ ঘটনার আগেও তাকে দু’বার হত্যা প্রচেষ্টা করেছিল সন্ত্রাসীরা।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর নিউজপ্রিন্ট মিল সংলগ্ন এলাকার মো. চাঁন মিয়ার ছেলে সুরুজ সরদার (৩৫) ও লবণচরা থানার মদিনাবাগ এলাকার মো. আলম শিকদারের ছেলে মো. রাসেল শিকদার (৩০)।
কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটি স্পেশাল ব্রাঞ্চ) রাশিদা বেগম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।
নগরীতে উত্তম আশা ও মুক্তবাংলা সংস্থার শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
নগরীর উত্তম আশা ও মুক্তবাংলা সংস্থার উদ্যোগে ২৪নং ওয়ার্ডের সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রায়পাড়া ক্রস রোডের গফ্ফারের মোড়ে মুক্তবাংলা সংস্থার নিজস্ব কার্যালয়ে চাইল্ড সেনসেটিভ সোস্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের আওতায় সমাজসেবা অধিদপ্তর খুলনার সহযোগিতায় এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন শহর সমাজ সেবা কার্যালয়-২ এর সমাজসেবা অফিসার মো. রাকিবুল ইসলাম তরফদার, জেলা সমাজসেবা কার্যালয়ের সিএসপিবি প্রকল্পের সোস্যাল ওয়ার্কার মো. জিয়া উদ্দিন, মো. মাসুদুর রহমান, মো. হারুন অর রশিদ, সনিয়া আক্তার ও লাইলা আকিয়া আক্তার তম্বী, উত্তম আশা ও মুক্তবাংলা সংস্থার সাধারণ সম্পাদক মো. কামরান হাচান মন্টু, মুক্তবাংলা সংস্থার সহ-সভাপতি মো. আব্দুল লতিফ সুইট, সাংগঠনিক সম্পাদক তালাত মাহমুদ সাগর, দপ্তর সম্পাদক মো. আবুল হাসান, কোষাধ্যক্ষ মো. আলি হাসান বাবু, সমাজ কল্যাণ সম্পাদক মো. নাঈম হাসান হাসিব, সাংষ্কৃতিক সম্পাদিকা বনানী সুলতানা ঝুমু, রেজাউল আমিন বাবু ও বিপলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাগেরহাট জেলা কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনাস্থ বাগেরহাট জেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) বিকেলে নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ সমিতি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন সমিতির প্রধান উপদেষ্টা ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক।
সমিতির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ আব্দুল জব্বার মোল্লার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ শেখ মুহাম্মদ সাহেব আলি, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শেখ আসাদুর রহমান, সমাজসেবক আলহাজ¦ আফরোজা আক্তার মঞ্জু, আলহাজ¦ এসএম রুহুল আমীন, এইচ এ হাদী, আব্দুল হাই পলাশ প্রমুখ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাজী এনামুল হক টুকু।
প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এতদাঞ্চলের সকল জনকল্যাণমূলক সংগঠনসহ বিত্তবানদের প্রতি গরীব ও অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানান।
ডুমুরিয়ায় মাদক, সাজাপ্রাপ্ত সহ ৫ আসামি গ্রেফতার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে ১৫০ গাঁজাসহ মাদক বিক্রেতা,সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৫ আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে চুকনগর এলাকা হতে মাদক কারবারি মালতিয়া গ্রামের তরিকুল ইসলাম লিটন(২৫)কে ১৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। অপর দিকে এসআই হামিদুল ইসলামের নেতৃত্বে থানার বরাতিয়া গ্রামের সিআর মামলায় আদালতে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক পরোয়ানাভূক্ত আসামী আনোয়ার হোসেন(৫৮) এবং এএসআই আবু জাফরের নেতৃত্বে সাজাপ্রাপ্ত ছোট মুড়াবুনিয়া গ্রামের আব্দুস সালাম সরদারকে গ্রেপ্তার করা হয়।এছাড়া জিআর মামলায় আদালতের পরোয়ানা ভূক্ত আসামী ভান্ডারপাড়া গ্রামের আবু তাহের ফকির(২৪) এবং টিপনা গ্রামের পলাশ দাস কে গ্রেপ্তার করা হয়।এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, গ্রেফতার কৃত আসামীদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
লবনচরায় চাঁদাবাজি মামলায় দুই আসামি শ্রীঘরে
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটার লবনচরা থানাধীন মূখ্য মহানগর হাকিম হাকিম সিআর ১৮৭/২০২১নং চাঁদাবাজি মামলার এজাহারনামীয় অন্যতম দুই আসামি সুমন্ত বকশি ও দেবদাস ওরফে দেবুকে জেল হাজতে প্রেরণ করেছে খুলনা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ২য় আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আল আমিন।জানা গেছে,গত ২/১২/২০২১ ইং তারিখে মহম্মদনগর এলাকার সুপ্রিম কোর্টের আইনজীবি এড. মোস্তফা বিল্লাল মূখ্য মহানগর হাকিম এর আদালতে শাচিবুনিয়া দরগাতলা এলাকার প্রশান্ত বকশির পুত্র সুমন্ত বকশী ও মৃত হরিদাস মহালদারের পুত্র দেবদাস ওরফে দেবুর বিরুদ্ধে সিআর ১৮৭/২১ নং একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।উক্ত মানলায় আসামীদ্বয়রা গতকাল রবিবার সকালে উক্ত আদালতে হাজিরা দিলে আদালত উভয়কেই জেল হাজতে প্রেরণ করে। উল্লেখ্য আসামি সুমন্ত বকসীর বিরুদ্ধে লবনচরা থানা সহ বিভিন্ন থানায় একাধিক জিডি ও মামলা রয়েছে বলে জানা যায় । উক্ত চাঁদাবাজি মামলার বাদী পক্ষের শুনানি করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মো: সাইফুল ইসলাম, সিনিয়র এডভোকেট এম.মাফতুন আহমেদ, এডভোকেট শফিকুল ইসলাম খোকন এবং এডভোকেট আব্দুল্লা আল মামুন।বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন এড.সুজিত কুমার অধিকারী ও এড. মহসিন চৌধুরী।
খুলনা মহানগর তাঁতীলীগের শীতবস্ত্র বিতরন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা মহানগর তাঁতী লীগের পক্ষ থেকে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শনিবার বিকাল ৫ টায় নগরীর পিটিআই মোড়স্থ তাঁতীলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক অসহায় ও ছিন্নমুল মানুষের মধ্যে শিতবস্ত্র বিতরন করেন খুলনা মহানগর তাঁতীলীগের সভাপতি সাব্বির আহমেদ শুভ । এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি মনজুর হোসেন ,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনির হোসেন, ১০ নম্বর ওয়ার্ড তাঁতীলীগের আহ্বায়ক খোকন হাওলাদার সহ স্থানিয় নেতৃবৃন্দ।
কালীগঞ্জে ইউএনওর মোবাইল কোর্ট
বিশেষ প্রতিনিধি ॥
বিশ্বের সাথে এদেশেও করোনা ভাইরাস ওমিক্রনের সংক্রমণ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ফলে বিভিন্ন ধরনের বিধিনিষেধ জারি করেছে সরকার। এরই অংশ হিসেবে রবিবার দিনভর ঝিনাইদহ কালীগঞ্জের বেশ কিছু স্থানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় শহরের বিভিন্ন সড়কের পথচারী ও দোকান মালিকদের ওপর এক অভিযান পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানায় ৪ দোকান মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে সাথে সাধারন জনগনকে সচেতন করতে তাদের মাঝে মাস্ক বিতরন করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন জানান, বিশ্বের অন্যদেশের পাশাপাশি এ দেশেও নতুন করে করোনা ভাইরাসের সংক্রমন দেখা যাচ্ছে। এ প্রতিরোধে বর্তমান সরকার নানা বিধিনিষিধ জারি করেছে। যা মেনে চলা প্রতিটি নাগরিকের দায়িত্ব। আর অমান্য করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রথম দিকে সহনশীলভাবে সকলকে সচেতন করা হচ্ছে। পরে অনিয়ম করলেই ব্যবস্থা এবং তা ক্রমেই জোরদার করা হবে বলে যোগ করেন তিনি।
বাগেরহাটে ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটির কর্মশালা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্যরেদর নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) সকালে বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে এবং দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বেমরতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, ইউপি সচিব মো: সরোয়ার হোসেন, ইউপি সদস্য আছাদুজ্জামান মুন্সি, মো: কালাম হাওলাদার, কবির হাওলাদার,মতিউর রহমান, সুখেন অধিকারী, শেখ মাসুম বিল্লাহ, সাথী ইসলাম,রেখসোনা বেগম, সাজেদা বেগম, বাধন মানব উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সোহাগ হাওলাদার, ফিল্ড ফ্যাসিলেটেটর উম্মে জোবায়দা, ফারজানা ববি, শরিফুল ইসলাম সোহান সহ ইয়ুথ গ্রপের সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় স্ট্যান্ডিংকমিটি সক্রিয় করার নানা উপায় উল্লেখ করা হয়। ভবিষ্যতে ইউনিয়িন পরিষদের স্ট্যাডিং কমিটিগুলো আরও সক্রিও হবে এবংইউনিয়ন পরিষদের কর্মকান্ড আরও গতিশীল হবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।
বাগেরহাটে এডিডি ইন্টারন্যাশানালের সভা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে স্বেচ্ছাসেবী সংস্থা এডিডি ইন্টারন্যাশানাল বাংলাদেশ এর পেয়ার সাপোর্ট গ্রুপ সদস্যদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রনবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
রনবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, এডিডি ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম।
এসময়, এডিডি ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার আব্দুর রাকিব, আব্দুল্লাহ আল হারুন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, এডিডি ইন্টারন্যাশানাল বাগেরহাটের ফিল্ড কোঅর্ডিনেটর এহেসানুল হক, শিক্ষার্থী সেজান আহম্মেদ শিমুল, মুরশিদা কাশমিম মুনাসহ পেয়ার সাপোর্ট গ্রুপের সদস্যরা অংশগ্রহন করেন। কান্ট্রি ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, সমাজে মানসিক সমস্যাগ্রস্থ মানুষদের উপেক্ষা না করে তাদের পাশে দাড়াতে হবে। মানসিক সমস্যাগ্রস্তরা সমাজেরই অংশ। তাই তাদেরকে সুস্থ্যভাবে টিকে থাকার জন্য সকলকে তাদের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।
বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনমজুরের পায়ের রগ কাটল প্রতিপক্ষরা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ সুমন হাওলাদার(৩৫) নামের এক দিনমজুরকে মারধর ও কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। শনিবার (১৫ জানুয়ারি) রাতে শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের মল্লিক বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় সুমনকে প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে মুমূর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মোঃ সুমন হাওলাদার(৩৫) উত্তর তাফালবাড়ি গ্রামের মৃত্যু আবুল হাওলাদারের ছেলে।
আহত সুমনের চাচা সিদ্দিক হাওলাদার বলেন, রাতে স্থানীয় ল চার রাস্তার মোড় থেকে বাড়ি যাওয়ার পথে মল্লিকের বাড়ির সামনে বসে একই গ্রামের বেলাল ও দবিরুলসহ কয়েকজন সুমনের পথ আটকে মারধর ও কুপিয়ে ফেলে রেখে যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এক্সরে রিপোর্টে দেখেছি এক পায়ের রগ কেটে ফেলেছে তারা।
জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে তারা এই ঘটনা ঘটিয়েছে। আমার ভাজিতা মনে হয় বাঁচবে না এই মুঠোফোনে হাউমাউ করে কান্না করেন বৃদ্ধ সিদ্দিক হাওলাদার।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক নাদিরা নওরীন বলেন, সুমন হাওলাদারের হাত ও পায়ে কাঁটা জখম রয়েছে। এছাচা শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দিয়েছি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাইদুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলার শিকার হয়েছেন সুমন। সুমনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডুমুরিয়ায় উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর’র ৩য় মৃত্যুবার্ষিকী পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আলী মুনসুরের ৩য় মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। ২০১৯ সালের ১৬ জানুয়ারী সকালে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।এরপর থেকে উপজেলা বিএনপি মরহুমের মাগফিরাত কামনায় যথাযথ মর্যাদায় পালন করে আসছে দিবসটি।গতকাল রবিবার উপজেলা বিএনপির উদ্যোগে এ উপলক্ষে কবর জিয়ারত,দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।পুরাতন সাব-রেজিষ্ট্রি জামে মসজিদে দোয়া মাহফিল শেষে উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যদেন যুগ্ম-আহবায়ক শেখ সরোয়ার হোসেন, মাস্টার আমিরুল ইসলাম, মোল্যা কবির হোসেন, শেখ শাহিনুর রহমান, অরুন কুমার গোলদার, হাবিবুর রহমান হোবি, মশিউর রহমার লিটন, আমিনুর রহমান, মোল্যা মশিউর রহমান, মাহাবুর শেখ,শাহানুর রহমান,খান শফিকুল ইসলাম,সরদার দৌলত হোসেন,সায়েদুজ্জামান বাবু,গাজী মোনায়েম,আজমল হুদা মিঠু,জিয়াউর রহমান জীবন,মাষ্টার আয়ুব আহমেদ,জিএম রফিকুল,নুর ইসলাম, শফিকুল জোয়ার্দার,ফজলুল মোড়ল,আব্দুল মালেক,জাহাতাপ গাজী,এ্যাড,মশিউর রহমান,মাহাবুর রহমান পিকুল, হাফেজ মতিয়ার রহমান,রিপন হালদার,সৈকত মোল্যা,বিল্লাল হোসেন,শেখ আঃ রশিদ,হালিম বাগাতি প্রমুখ।অপর দিকে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে ট্রলারঘাট আল-মদিনা জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালীম,বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান বাচ্চু,শেখ দিদারুল হোসেন দিদার,শেখ হাফিজুর রহমান,সরদার আব্দুল মালেক,খান ইসমাইল হোসেন,শেখ ফরহাদ হোসেন,আব্দুর রব আকুঞ্জি,হেমায়েত রশিদ খান,শেখ শাহিনুর রহমান, আসাদুজ্জামান মিন্ট,আবুল কাশেম মোল্যা,হুমায়ুন শেখ,শহীদ খান,রাজ্জাক সরদার,আবু জাফর খান,শহিদুল ইসলাম,মুরাদুজ্জামান সবুজ,মুনসুর শেখ,বাবলু শেখ,হালিম বাগাতি,আলামিন সরদার,মনিরুজ্জামান সোহাগ, আব্দুল্লাহ শেখ,সাকিব হাসান প্রমূখ।
মেট্রোপলিটন স্টেশনারী ব্যবসায়ী সমিতির নির্বাচনে কচি সভাপতি – স্বপন সাধারণ সম্পাদক নির্বাচিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা মেট্রোপলিটন স্টেশনারী ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮ট থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর কালিবাড়ি রোডস্থ সমিতির নিজস্ব কার্যালয় ভোট গ্রহনের নির্ধারিত সময় থাকলেও কেন্দ্রে ভোটার উপস্থিতি থাকায় সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। রোববার গভীর রাতে ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ¦ শেখ গুলজার আহম্মাদ ফলাফল ঘোষনা করেন। এ সময় নিরর্বাচন পরিচালনা কমিটির সদস্য আলহাজ¦ অধ্যাপক মো. আযম খান, আলহাজ¦ এস এম ওবায়দুল্লাহ ও আলহাজ¦ মো. ইদ্রিস মোল্লা উপস্থিত ছিলেন। তেরটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আলহাজ¦ শেখ মো. নূরুল হক কচি , সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান বিশ^াস, সহ-সভাপতি আলহাজ¦ মো. কবির হোসেন, সাধারণ সম্পাদক, মাহবুবুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জিকু, মো. মাসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সমশের খান মামুন, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুব আহম্মেদ, পরিবেশ ও শালিশী বিষয়ক সম্পাদক মো. অহিদুল ইসলাম, প্রচার ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নকীব জসিম উদ্দিন , ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস.এম . নাজমুল হুদা রুহিত, কার্যকরী সদস্য মো. হাফিজুর রহমান ও মো. ইমরান হোসেন রাজীব রাজু । নির্বাচনে ১০৮৯জন ভোটারের মধ্যে ১০১৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
খুলনা ট্রাক ব্রোকারেজ সমিতির শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা ট্রাক ট্রান্সপোর্ট ব্রোকারেজ বহুমুখি সমবায় সমিতির লিঃ এর সভাপতি মো. আসলাম হোসেন মৃধার চাচা ও খুলনা জেলা আইনজীবী সমতির সাবেক সহ-সভাপতি আইনজীবী রুস্তম আলী মৃধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হচ্ছেন সমিতির সাধারণ সম্পাদক কাজী আফজাল হোসেন, মো. সরোয়ার হোসেন খলিফা, ছমির উদ্দিন মিনা, আলহাজ¦ আ. জলিল হাওলাদার, হাফেজ সিরাজুল ইসলাম, আলহাজ¦ মো. ফজলুল হক হাওলাদার, মো. মজিবুর রহমান, মো. ফারুক হোসেন হাওলাদার, আলহাজ¦ মো. রফিকুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন খান, আলহাজ¦ মো. ইসমাইল শেখ ও সমিতির নির্বাহী পরিচালক মো. নূরুল ইসলামসহ সমিতির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
কয়রায় বারি উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তাদের ফসলের মাঠ পরিদর্শন
কয়রা (খুলনা) প্রতিনিধি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ খুলনার আওতাধীন এমএলটি সাইট কয়রায় দিন ব্যাপী কৃষকের মাঠ পরিদর্শন করেন বারি উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার একটি প্রতিনিধি দল। রবিবার সকাল ১১ টা থেকে শুরু করে দিনব্যাপী ফসলের মাঠ পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধি দলে উপস্থিত থেকে বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিন আহমেদ, কনসালটেন্ট বিটি বেগুন প্রকল্পের ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ, খুলনার বৈজ্ঞানিক কর্মকর্তা মুস্তফা কামাল শাহাদাৎ, মাশফিকুর রহমান, এমএলটি সাইট কয়রার বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান। উক্ত প্রতিনিধি দল ৩ নং কয়রা, ৪নং কয়রা, উত্তরবেদকাশি সহ বিভিন্ন এলাকায় কৃষকের বিটি বেগুন, হাইব্রিড বেগুন, টমেটো, ফুলকপি, মরিচ, রসুন, পেয়াজ, আলু, সরিষা, গম, বার্লি ও কাউন, কিনোয়া ও চিয়াসিডের ফসলের মাঠ পরিদর্শন। পরিদর্শনকালে বৈজ্ঞানিক কর্মকর্তাদ্বয় বিভিন্ন ফসলের মাঠ দেখে সন্তুষ্ঠি প্রকাশ করে বলেন, উপকূলীয় লবণাক্ত এলাকায় ৩০ বিঘা জমিতে বিটি বেগুনের চাষ কৃষকের একটা লাভজনক ফসল, কারন এই জাত ডগা ও ফল ছিদ্্রকারী পোকার আক্রমণ না থাকায় যেমন কৃষক লাভবান হচ্ছে অপরদিকে ক্রেতারা বিষমুক্ত সবজি খেতে পারছেন। এবং বেগুনে পোকা না থাকায় কৃষক দামও বেশি পাচ্ছে। বৈজ্ঞানিক কর্মকর্তারা কৃষকদেরকে অভয় দিয়ে বলেন, আপনারা কয়রার লবণাক্ত জমিতে ফসলে সবুজে সমারোহ করেছেন এবং ফসলের মাঠকে আরও একটু সাজিয়ে যত্ন করে রাখেন আমরা কয়রার এই মাঠে বাংলাদেশে সরকারের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়কে নিয়ে আসব ইনশাআল্লাহ।
শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধি, পানি, পার্কিং ও মশক নিধন সমস্যা সমাধানে দিকনির্দেশনা প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিয়ে রবিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের পুরাতন সম্মেলন কক্ষে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে প্রভোস্টবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ও সকল হলের প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে অপরাজিতা ও খান বাহাদুর আহছানউল্লাহ হলের পানি সমস্যা সমাধান, শিক্ষার্থীদের মোটরসাইকেল পার্কিংয়ের সমস্যা সমাধান এবং আবাসন সুবিধা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সভা থেকে শিক্ষার্থীদের সভায় হলগুলোতে মশক নিধনকল্পে সব হল মিলে দুটি ফগার মেশিন ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে একটি ক্রয় কমিটিও গঠন করা হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর অপারেশন থিয়েটারের উদ্বোধন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর রোগীদের জন্য অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১ টা ১৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলার পূর্ব পার্শে^র অপারেশন থিয়েটার কক্ষে ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ শেখ কুদুরত ই খুদা। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“ জরুরী বিভাগে মেজর অপারেশনের চাপ থাকার কারণে মাইনর অপারেশনগুলো করতে সমস্যা হয়। সে কারণে আলাদাভাবে মাইনর অপারেশনের জন্য এ অপারেশন থিয়েটার চালু করা হয়েছে।” তিনি আরো বলেন, “এখানে সপ্তাহে ৪ দিন অর্থাৎ শনি, সোম, মঙ্গল ও বৃহস্পতিবার মাইনর সার্জারীর জন্য অপারেশন কার্যক্রম চালু থাকবে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সামেক’র সহযোগী অধ্যক্ষ কাজী আরিফ আহমেদ, ডাঃ নারান প্রসাদ সান্যাল, সামেক’র বিভাগীয় প্রধান ইউরোলজী’র ডাঃ মোজাম্মেল হক,আর এস ডাঃ রাশিদুজ্জামান, সাংবাদিক ইব্রাহিম খলিল, খান নাজমুল হুসাইন প্রমুখ।
সেচ দিয়ে সরকারী খালের মাছ বিক্রির অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় দুই ইউপি সদস্যের বিরুদ্বে প্রায় দের কিলোমিটার সরকারী খালে সেচ দিয়ে মাছ বিক্রির অভিযোগ। মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউপির ৮ নং ওয়ার্ডে গাবগাছিয়া গ্রামের মোল্লারজোর পানগুছি কাটা খালে দুই দিন ৬ টি স্যালো মেশিন দিয়ে পানি শেচ দিয়ে কচুরিপানা পরিস্কারের নামে মাছ বিক্রি করা অভিযোগ করেছে স্থানীয়রা। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপি সদস্যরা। সরেজমিনে গিয়ে দেখা যায়,মোল্লারজোর পানগুছি কাটা খালের প্রায় দের কিলোমিটার কচুরি দুইপাশে সরিয়ে খালের মাছ ধরে আবারও বাধ কেটে দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছিক কয়েকজন স্থানীয় বাসিন্দারা বলেন,স্থানীয় ইউপি সদস্য মোঃ আসাদ শেখ ও সাগরের উদ্বোগে গত মোল্লারজোর পানগুছি কাটা খালে দুই দিন ৬ টি স্যালো মেশিন দিয়ে পানি শেচ দিয়ে কচুরিপানা পরিস্কারের নামে মাছ স্থানীয়দের বিক্রি করে।
তবে অভিযোগ অস্বীকার করে দুই ইউপি সদস্য বলেন,খালের পানি নিস্কাষন ও কচুরিপনা পরিস্কার করার জন্য আমরা এই উদ্বোগ নিয়েছিলাম। আমরা বাহিরে কোন মাছ বিক্রি করিনি,তবে এই কাজের জন্য কোন সরকারী বরাদ্ব না থাকায় আমরা স্থানী ৬৬ জনের কাছ থেকে ৫ শত করে টাকা নিয়া এই কাজ করেছি আর খালে যে মাছ পাওয়া গেছে সব মাছই ৬৬ জনের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে।
ফকিরহাটের লখপুরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ দু’লক্ষ টাকার ক্ষতি
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিহাটের লখপুর ইউনিয়নের খাজুরা গ্রামের মৎস্য চাষি মোঃ রাহিম শেখ এর দেড় বিঘার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় দু’লক্ষ্য টাকার মাছ চুরি ও ক্ষতি সাধন করা হয়েছে। শনিবার গভীর রাতে খাজুরা গ্রামে এই বিষ প্রয়োগ ও মাছ চুরির ঘটনাটি ঘটেছে। মোঃ রাহিম শেখ উক্ত গ্রামের মোঃ আব্দুল গফ্ফার শেখ এর পুত্র ও একজন সফল মৎস্য চাষি।
ভুক্তভোগী মোঃ রাহিম শেখ জানান, প্রতিদিনের ন্যায় তিনি দেড় বিঘার মৎস্য ঘেরে রাতের খাবার দিয়ে বাড়ীতে চলে আসেন। এসময় অজ্ঞাত দৃস্কৃতকারীরা তার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরি করে পালিয়ে যায়। তাদের দেওয়া বিষে ঘেরে থাকা বিপুল পরিমানে সাদা ও চিংড়ী মাছ মারা যায়। এতে তার প্রায় দু’লক্ষাধীক টাকার ক্ষতি সাধিত হয়েছে। এর আগেও ঐ কুচক্রি মহল তাঁকে নানা ভাবে ক্ষতি সাধন করে। যা নিয়ে তিনি সঙ্কিত রয়েছেন।
ফকিরহাটে ৫৪দিন পর দু’জন করোনা রুগী শনাক্ত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় টানা ৫৪দিন পর সংক্রমণের তৃতীয় ধাপে রবিবার প্রথম দু’জন করোনা রোগি শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও অপরজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আক্রান্ত দু’জনই করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার জানান, রবিবার ১৮জনকে করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ জন করোনা পজিটিভ হয়েছেন। এদের একজন পাগলা শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং অপরজন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম অহিদুজ্জামান। তিনি আরও বলেন, উপজেলায় সর্দি জ¦রের প্রকোপ থাকলেও করোনা ভাইরাস পরীক্ষায় মানুষের আগ্রহ কম। তিনি সকলকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানান। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী বলেন, আক্রান্ত দুজনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। অন্যন্যা কর্মকর্তাসহ ঐ বিদ্যালয়ের শিক্ষকদের পরীক্ষা করা হয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পর্যাবেক্ষণে রাখা হয়েছে। উল্লেখ্য, ফকিরহাটে ইতোপূর্বে প্রথম ও দ্বিতীয় ধাপের সংক্রমনে ৯৮৭ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। এছাড়া সে সময় করোনাক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে উপজেলায় মোট ১৯জন মারা গিয়েছিল।
ফকিরহাটে ইয়াবাসহ মাদককারবারি আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে কাজী আজাহার আলী কলেজের হোস্টেল এলাকা থেকে ১২পিচ ইয়াবা ট্যাবলেট সহ পাগলা উত্তরপাড়া গ্রামের লাচ্চু শেখ (২৪) নামের এক মাদককারবারিকে আটক করেছেন মডেল থানা পুলিশ। শনিবার সন্ধা ৭টার দিকে গোপন সংবাদ পেয়ে ফকিরহাট মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স উক্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো খায়রুল আনাম। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে।
আজ মহানগর ও জেলা বিএনপির যৌথ প্রস্ততি সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ১৯ জানুয়ারী বুধবার স্বাধীনতার মহান ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, উন্নয়ন ও উতপাদনের রাজনীতির সূচনাকারী এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৬ তম জন্মবার্ষিকী। যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্য খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য, খ্যাতনামা কবি, লেখক, সাংবাদিক আবদুল হাই শিকদার। বিভিন্ন পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতারা আলোচক হিসেবে বক্তব্য রাখবেন।
কর্মসূচি সফল করতে খুলনা মহানগর ও জেলা বিএনপির এক যৌথ প্রস্ততি সভা ১৭ জানুয়ারী সোমবার বেলা ১১ টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ, ওয়ার্ড, থানা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।
সাবেক কাউন্সিলরের স্বামীর মৃত্যুতে বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর ও মহিলা দল নেত্রী হাসনা হেনার স্বামী শেখ জাহাঙ্গীর হোসেন (৫২) রবিবার সকাল সাড়ে ৬টার দিকে চিকিতসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন মহানগর আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।
মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের খননকৃত বালু ফেলতে জমি অধিগ্রহণই এখন একমাত্র ভরসা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের নাব্যতা রক্ষায় নদীর দুই পাড়ে রাখা উত্তোলিত বালু অন্যত্র সরানো ও নতুন বালু ফেলার জন্য জমি অধিগ্রহণই একমাত্রই ভরসা হয়ে দাঁড়িয়েছে। বাগেরহাটের মোংলা ও রামপাল উপজেলার উপর দিয়ে প্রবাহমান ঘাষিয়া চ্যানেলটিতে চলমান সংরক্ষণ ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখতে না পারলে আবারো এ নৌপথ বন্ধ হয়ে যাওয়ার আশংকা করছেন সংশ্লিষ্টরা। এ চ্যানেলের খননকৃত বালু ফেলার জায়গা সংকটের কারণে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের নিয়মিত ড্রেজিং কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া উত্তোলিত মাটি-বালু অপসারণের জন্য স্থানীয় কয়েকটি রাস্তা ব্যবহারের ক্ষেত্রেও বাঁধার সম্মুখীন হচ্ছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়, এই ঘাষিয়াখালী চ্যানেলটি পলি পড়ে ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সম্পূর্ণভাবে ভরাট হয়ে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে তেলবাহী ট্যাংকারসহ সকল নৌযান সুন্দরবনের অভ্যন্তরের শ্যালা নদী দিয়ে যাতায়াত শুরু করে। ওই সময়ে সুন্দরবনে ট্যাংকার ডুবে বনের ও আশপাশের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। তখন এ ইস্যুতে দেশী-বিদেশী পরিবেশবাদীরা সোচ্চার হন। এরপরই সরকার ঘাষিয়াখালী চ্যানেলটি সচলের সিদ্ধান্ত নিলে বিআইডব্লিউটিএ নাব্যতা ফেরাতে ২০১৪ সালে খনন কাজ শুরু করে। প্রায় ২৩/২৬ কিঃ মিঃ নৌপথ খনন শেষে প্রধানমন্ত্রী ২০১৬ সালে চ্যানেলটি আবারো উম্মুক্ত ঘোষণা করেন। সেই থেকে প্রতিদিন জোয়ারের সুবিধা নিয়ে গড়ে ১০০টি বিভিন্ন ধরণের গভীরতা সম্পন্ন নৌযান চলাচল করছে। খননের পর থেকে প্রায় ১ লাখ ৯৭ হাজারেরও বেশি নৌযান এ পথদিয়ে চলাচল করেছে।
চ্যানেলটি থেকে এ পর্যন্ত ৩৩৮.৯৭ লাখ ঘনমিটার পলি উত্তোলন করা হয়েছে। চ্যানেলের বর্তমান গভীরতা ভাটার সময় ১৬ ফুট ও প্রসস্ত আড়াইশত থেকে ৩শ ফুট। বর্তমানে নৌবাহিনীর প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটের ৪ টি ড্রেজার সার্বক্ষণিক খনন কাজে নিয়োজিত রয়েছে। ২০২১-২২ইং অর্থ বছরেও খননের জন্য ৬৫ কোট টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
চ্যানেলটি চালু করা হলেও এ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বিমুখী ও রাত্রিকালীন নৌযান চলাচলের অনুমতি দিতে পারেনি। এছাড়াও নদীর প্রসস্ততাও বাড়াতে পারেনি।
নদী রক্ষার আন্দোলনের নেতা ও মোংলা-ঘাষিয়াখালী চ্যানেল রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ বলেন, চ্যানেলে সার্বক্ষণিক নৌযান চলাচল ও প্রসস্তগা বাড়ানোর দাবী উপেক্ষা করা হচ্ছে। এটির রক্ষা নিশ্চিত করতে প্রয়োজনে পতিত জমি অধিগ্রহণ করতে হবে। এছাড়া চ্যানেল সংলগ্ন নদী-খাল খনন ও এর দুইপাশের বিলগুলো সম্পুর্ণভাবে উম্মুক্ত রাখতে হবে যাতে পানির প্রবাহ ঠিক রাখা সম্ভব হয়।
এ বিষয়ে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবন রক্ষা ও এ এলাকার পরিবেশ ঠিক রাখতে হলে নদীর দখল-দুষণ বন্ধ করতে হবে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, উন্নয়নের নামে নদী ও চ্যানেলের চরভরাটি জায়গা কাঁটাতার ও সাইনবোর্ড দিয়ে দখল করতে দেখা যাচ্ছে। এতে করে নদী সংকুচিত হচ্ছে। যে কারণে নদীর গতি ব্যাহত হচ্ছে। নদী রক্ষায় নীতিমালা ও মহামান্য হাইকোর্ট এর রায় থাকার পরও মাঠ পর্যায়ে তার বাস্তবায়ন হচ্ছে না। এ জন্য বাগেরহাট জেলা কালেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালান করতে পারেন। নদী-খাল ও জলাভূমি রক্ষা করতে না পারলে আমাদের কোন উন্নয়নের সুফল মিলবে না।
বিআইডব্লিউটিএ’র খুলনার নির্বাহী প্রকৌশলী আঃ মতিন বলেন, এই নৌরুটি সচল রাখতে আমরা হিমশিম খাচ্ছি। চ্যানেলের জয়খার ৫ কি.মি. এলাকায় মাটি ফেলার জায়গা নেই। সংরক্ষণ ড্রেজিং মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মাটি অপসারণেও নানান জটিলতা সৃষ্টি হচ্ছে। ডাম্পিংয়ের বালু অপসারণে
স্থানীয় রাস্তা ব্যবহারের কারণে রাস্তা নষ্ট হওয়ায় সংশ্লিষ্টরা ক্ষতিপূরণ দাবী করেছে। করোনার করণে ডাম্পিং এলাকার বালু অপসারণে কিছুটা ধীরগতি সৃষ্টি হয়েছে। নতুন করে জায়গা পাওয়া গেলে বালু ডাম্পিং করে রাখা সম্ভব হবে বলে জানান তিনি।
এ নৌ চ্যানেলটি সচল রাখতে হলে সংরক্ষণ ড্রেজিং অব্যাহত ও খননকৃত বালু অপসারণ করতেই হবে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে জমি অধিগ্রহণ করতে হবে। এছাড়াও চ্যানেল সংলগ্ন প্রবাহমান নদী ও খালের জোয়ার ভাটা নির্বিঘ্ন রাখতে হবে যাতে করে পানির প্রবাহ ঠিক রাখা সম্ভব হয়। এজন্য খনন এবং নজরদারির পাশাপাশি তীরভূমি ও প্লাবনভূমি উম্মুক্ত করতে হবে বলেও মত ঘাষিয়াখালী চ্যানেল রক্ষা সংগ্রাম কমিটির নেতৃবৃন্দদের।
খুলনায় বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি পেলো একশত শিক্ষার্থী
খবর বিজ্ঞপ্তি
খুলনায় একশত দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। খুলনা বিশ্ববিদ্যালয় এবং বি এল কলেজ সহ বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট একশত জন দরিদ্র শিক্ষার্থী এ বৃত্তি লাভ করেছে।
রবিবার সকাল ১১ টায় খুলনা প্রেস ক্লাব ব্যাংকুয়েট হলে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য ডাঃ আসমা আক্তার।
শিক্ষা প্রসারের লক্ষে প্রতি বছর বিদ্যানন্দের থাকে কোটি টাকার শিক্ষা বৃত্তি প্রোগ্রাম। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে সারাদেশ ব্যাপী হাজার হাজার শিক্ষার্থীর পাঠানো আবেদন থেকে খুলনা জোনে বাছাইকৃত ১০০ জন শিক্ষার্থীকে আজ এই শিক্ষাবৃত্তি তুলে দেয়া হয়েছে। শিক্ষা বৃত্তি হিসেবে প্রত্যেক শিক্ষার্থী নগদ পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ পেয়েছেন।
চলমান করোনা মহামারীতে বহুদিন বন্ধ ছিলো শিক্ষা প্রতিষ্ঠান। কর্মহীনতায় মানুষ অর্থের অভাবে অনেকেরই পড়ালেখার পথ বন্ধ হয়ে যায়।
করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারকে বিদ্যানন্দ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে সহায়তা করে যাচ্ছে আত্মনির্ভরশীল হতে। এরই অংশ হিসেবে ২০২১ সালের শিক্ষাবৃত্তি হিসেবে বিদ্যানন্দ কয়েক হাজার শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দেয়া হচ্ছে।
খুলনায় ১৬ লাখের বেশি প্রথম ডোজ এবং ১০ লাখ ৮০ হাজারের বেশিকে দ্বিতীয় ডোজ প্রদান
তথ্য বিবরনী।।
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জানুয়ারি মাসের সভা রবিবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব আবার বৃদ্ধি পাচ্ছে। আজ খুলনা জেলায় ১৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে টিকা গ্রহণকারী ব্যক্তিরা করোনায় আক্রান্ত হলেও তদের মধ্যে রোগের তীব্রতা ও মৃত্যুরহার কম হবে বলে আশা করা যায়। খুলনা জেলায় ২১ লাখ ব্যক্তিকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রার বিপরীতে গতকাল পর্যন্ত ১৬ লাখের বেশি ব্যক্তিকে প্রথম ডোজ এবং ১০ লাখ ৮০ হাজারের বেশি ব্যক্তিকে দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে। খুলনায় আজ ১৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি আছেন। তবে আইসিইউতে কোন করোনাভাইরাস আক্রান্ত রোগী ভর্তি নেই।
সভায় খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম জানান, খুলনা সিটি কর্পোরেশনে ১০ লাখ জনগোষ্ঠীর জন্য ওয়াসা প্রতিদিন ২৪ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে ১৪ কোটি লিটার পানি সরবরাহ করে। সভাপতির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী বলেন, করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরিধান নিশ্চিতে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। এসময় স্কুলভিত্তিক টিকাদান কার্যক্রম সফল করতে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মোঃ ছাদিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সুশান্ত সরকার, কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
দাকোপের লোকালয় থেকে হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপে বাঘের তাড়া খেয়ে কিংবা খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসা একটি মায়া হরিণ উদ্ধার করে আবারও সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সকাল ১০টার দিকে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
বন ও জীববৈচিত্র্য রক্ষার সংগঠন কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্য কৈলাশগঞ্জ এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম জানান, খুলনার দাকোপের রামনগর সরকার বাড়ি মন্দিরের সামনে মরা খাল দিয়ে হরিণটি পার হয়ে লোকালয়ে চলে আসে। শীতের সময় মাঝে মধ্যে এ রকম হরিণ পার হয়।
তিনি জানান, শনিবার ভোরে রামনগর দেবচকের নদী পার হয়ে রামনগর দশঘর বিলের ভেতর দিয়ে প্রায় ৪ কিলোমিটার দূরে দোলখোলা চলে আসে হরিণটি। এলাকাবাসী দেখতে পেয়ে হরিণটিকে ধরে কৈলাশগঞ্জ ফরেস্ট অফিসে খবর দিয়ে তাদের কাছে হস্তান্তর করে। এলাকাবাসীর কাছ থেকে আরো জানা যায় লোকালয়ে বাঘের আনাগোনাও বেড়েছে। কৈলাশগঞ্জ টহল ফাঁড়ির দেলোয়ার হোসেন বলেন, গাজী ফিসের পূর্ব কোণের আলিমুলতলার মরা খাল পার হয়ে চলে এসে আর ফিরে যেতে পারেনি হরিণটি। পরে স্থানীয় লোকদের সহায়তায় টাইগার টিম, সিপিজির সদস্যদের নিয়ে হরিণটিকে ধরে কৈলাশগঞ্জ টহল ফাঁড়ির পুকুরপাড়ের বনে ছেড়ে দেয়া হয়।
দাকোপে বিলুপ্তির পথে টুল-পিঁড়িতে বসে চুল-দাড়ি কাটা
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ) ।।
দাকোপে বিলুপ্তির পথে টুল-পিঁড়িতে বসে চুল-দাড়ি কাটা হারিয়ে যেতে বসেছে ভ্রাম্যমাণ নরসুন্দরদের চুল ও দাড়ি কাটার এ দৃশ্য বর্তমানে শহর-বন্দর ও গ্রামের হাট বাজারগুলোতে রয়েছে এসি ও নন-এসি সেলুন। আছে পুরুষদের জন্য পারলারও। সেসব সেলুন ও পারলারে চুল ও দাড়ি কাটার জন্য রয়েছে আধুনিক যন্ত্রপাতি ও মেশিন। তবে কালক্রমে হারিয়ে যেতে বসেছে ভ্রাম্যমাণ নরসুন্দরদের চুল ও দাড়ি কাটার চিত্র। সময়ের সঙ্গে সঙ্গে অন্য অনেক পেশার মতোই নরসুন্দরের এই পেশা প্রায় বিলুপ্তির পথে। তারপরও কখনও কখনও গ্রামাঞ্চল ও চরাঞ্চলের হাটবাজারে চোখে পড়ে ভ্রাম্যমাণ নরসুন্দরের কর্মযজ্ঞ। ভ্রাম্যমাণ এসব নরসুন্দর চুল কাটার বা ছাঁটার যন্ত্রপাতি নিয়ে বসেন গ্রামীণ ও চরাঞ্চলের হাট বাজারগুলোতে। হাট বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে আসা ক্রেতারাই নরসুন্দরদের ‘কাস্টমার’। সম্প্রতি সরে জমিন দাকোপ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঐতিহ্যবাহী দাকোপ, লাউডোব, কালিনগর, তিলডাংগা হাটের বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, হাটের বিভিন্ন স্থানে বসে চুল ও দাড়ি কাটার কাজ করছে নরসুন্দরদের কয়েকটি দল। প্রতিটি দলে রয়েছেন ৮-১২ জন নরসুন্দর। কাস্টমারদের পিঁড়ি বা টুলে বসিয়ে চুল ও দাড়ি কাটছেন তারা। কাস্টমারদের সমাগম ছিল চোখে পড়ার মতো। নরসুন্দরদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক যুগ ধরে এভাবেই দাড়ি ও চুল কাটছেন তারা। সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাটে আসা মানুষ জন তাদের কাস্টমার। তারা বিভিন্ন হাট বাজারে খোলা আকাশের নিচে বসে চুল ও দাড়ি কেটে জীবিকা নির্বাহ করে আসছেন। তারা চুল কাটতে ২০-৩০ টাকা এবং শেভ বা দাড়ি ঠিক করতে ১৫-২০ টাকা নেন। সদর উপজেলার চালনা এলাকা থেকে হাটে আসা তাজ গাজী বলেন, ‘ছোটবেলায় বাবার সঙ্গে হাটে এসে এই ভ্রাম্যমাণ নরসুন্দরদের কাছে চুল কাটাতাম। এখন আমি সন্তানদের এনে চুল কাটাচ্ছি। তিনি বলেন, ‘আমি দিনমজুর মানুষ। সেলুনে চুল ও দাড়ি কাটাতে গেলে ৫০ থেকে ১০০ টাকা লাগে। আর এদের কাছে মাত্র ৩০ থেকে ৫০ টাকায় চুল ও দাড়ি কাটানো যায়। সেলুন আর এদের কাজের মান প্রায় সমান।’ লাউডোব এলাকার বাসিন্দা করিম মোল্লা বলেন, আমাদের এলাকার বেশিরভাগ মানুষই ভ্রাম্যমাণ এই নরসুন্দরদের দিয়ে চুল-দাড়ি কাটান। তাদের কাছে অনেক কম টাকায় চুল-দাড়ি কাটানো যায়। নরসুন্দর কার্তিক বলেন, ‘এ পেশা আমার দাদার ছিল। দাদার মৃত্যুর পরে বাবাও ছিলেন এ পেশায়। বাবার কাছ থেকেই আমার এ পেশার হাতেখড়ি। বাবার মৃত্যুর পরে আমিই হাল ধরেছি। টিকিয়ে রাখার চেষ্টা করছি।’ তিনি বলেন, হাটে সপ্তাহে দুদিন হাট বসে। হাটে হাজার হাজার মানুষের সমাগম হয়। প্রতিটি হাটে চুল ও দাড়ি কেটে ৫০০-৮০০ টাকা আয় হয়। এ আয় দিয়েই সংসার চালাচ্ছি। তবে নরসুন্দর আব্দুল আজিজ বললেন ভিন্ন কথা। তিনি বলেন, যারা এক সময় আমার বাপ-দাদাদের চুল ও দাড়ি কেটেছেন তাদের সন্তানদের এখন বেশিরভাগই শহরমুখী। কেউ জীবিকার সন্ধানে আবার কেউ কেউ উচ্চশিক্ষার জন্য শহরে পাড়ি জমিয়েছেন। এক সময়ে আনুমানিক পাঁচ শতাধিক নরসুন্দর থাকলেও বর্তমানে তা কমে ২০০-তে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, ভ্রাম্যমাণ নরসুন্দরদের সেলুন নেই। আমরা হাট বাজারে কাস্টমারদের চুল ও দাড়ি কাটি। সামান্য পুঁজি খাটাই বলে ৩০-৫০ টাকার মধ্যে চুল ও দাড়ি কেটে দিতে পারি।
শরণখোলায় সন্ত্রাসী হামলায় দিনমজুর আহত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. হোসাইন মামুন ওরফে সুমন হাওলাদার (৩৫) নামের এক দিনমজুরকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। ১৫ জানুয়ারী শনিবার রাতে উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের আউয়াল মল্লিকের বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। আশংকাজন অবস্থায় সুমনকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের মৃত. আবুল হাওলাদারের ছেলে সুমনের সাথে প্রতিবেশী ফরিদ খাঁন ও বেল্লাল খাঁনের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন শনিবার রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের খাদা চৌরাস্তা থেকে বাড়িতে যাবার পথে একই গ্রামের কবির খাঁনের পূত্র ফরিদ খাঁন ও মোতালেব খাঁনের পূত্র বেল্লাল খাঁনের নেতৃত্বে ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় ধাঁরালো অস্ত্র দিয়ে সুমনকে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনার প্রতক্ষ্যদর্শী মো. সিদ্দিকুর রহমানের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় রাত ১০টার দিকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পওে তার অবস্থার অবনতি ঘটলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এস.এম ফয়সাল আহমেদ জানান, আহত সুমনের হাতে ও পায়ে গুরুতর জখম রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এফএইচআই’র সাথে খুলনা সিটি কর্পোরেশনের এক অংশীদারিত্বমূলক সমঝোতা স্মারক স্বাক্ষরিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর ইপিআই কর্মসূচিকে সমন্বিত করার লক্ষ্যে পুষ্টি পরিসেবা আধুনিকায়ন ও সম্প্রসারণ করতে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এফএইচআই ৩৬০ (ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল)-এর সাথে খুলনা সিটি কর্পোরেশনের এক অংশীদারিত্বমূলক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রবিবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর উপস্থিতিতে চুক্তিতে কেসিসি’র পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম এবং এফএইচআই৩৬০ এর পক্ষে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডা. নাজমুস শাহার সাদেক। ইউএসএআইডি’র (ইউনাইটেড এস্টেটস এজেন্সী ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) অর্থায়নে সংস্থার স্ট্রেনদিং মাল্টিসেক্টরাল নিউট্রেশন প্রোগ্রামিং থ্রু ইমপ্লিমেন্টেশন সাইন্স একটিভিটি প্রজেক্ট-এর আওতায় সংস্থাটি খুলনা মহানগরীতে পুষ্টি বিষয়ক কার্যক্রম বাস্তবায়ন করবে।
উল্লেখ্য, কমিউনিটি ম্যানেজমেন্ট (সিএমএএম) প্রোগ্রামের মাধ্যমে তীব্র অপুষ্টি নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টাকে সমর্থন করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য। কর্মসূচির আওতায় কেসিসি’র বিদ্যমান স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে দুই বছরের কম বয়সী শিশুদের উচ্চতা, ওজন এবং মধ্য-বাহুর পরিধি পরিমাপ করে শিশুদের পুষ্টির অবস্থা যাচাই করা, ছোট শিশুকে খাওয়ানোর বিষয়ে কাউন্সেলিং প্রদানের জন্য প্রশিক্ষণ প্রদান ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে। এছাড়া এ কার্যক্রমে যোগদানে অনুপস্থিত এমন শিশু লালন-পালনকারীদের সেবায় যুক্ত করতেও কাজ করা হবে। পরিসেবা প্রদানের নির্ধারিত সময়সূচিতে মোবাইল ম্যাসেজের মাধ্যমে সতর্ক করাসহ শিশু স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত জরুরী অনুসন্ধানের জন্য একটি টোল-ফ্রি টেলিফোন পরিসেবাও চালু থাকবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, বাংলাদেশে শিশুর অপুষ্টি একটি গুরুতর চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, মা ও শিশু পুষ্টির চাহিদা পূরণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছেন। সকল শিশুকে পুষ্টি কার্যক্রমের আওতায় আনতে সরকার জাতীয় পুষ্টি নীতিমালা প্রণয়ন করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এ কাজে সহযোগিতার হাত বাড়িয়েছে। এ সকল কার্যক্রম শিশুদের অপুষ্টি কমাতে সহায়ক ভূমিকা রাখবে এবং সরকারের পুষ্টি কার্যক্রমকে আরো ত্বরান্বিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংস্থাগুলোকে কেসিসি’র পক্ষ থেকে সম্ভব সব ধরণের সহযোগিতা দেয়া হবে বলে সিটি মেয়র অভিমত ব্যক্ত করেন।কেসিসি’র সচিব মো: আজমুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. স্বপন কুমার হালদার, প্রকল্পের পুষ্টি বিষয়ক উপদেষ্টা ডা. নাসরিন জাহানসহ প্রকল্পের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
সিটি মেয়রের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর বাগমারা নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী এস এম সরোয়ার হোসেন-এর মৃত্যুতে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আশাশুনি প্রেসক্লাবে নবনির্বাচিত চেয়ারম্যান হোসেনের মতবিনিময়
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি সদর ইউপি নির্বাচনে নবনির্বাচিত নৌকা প্রতীকের চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) বিকাল ৩.৩০ টায় প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাব সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত চেয়ারম্যানকে পুস্পস্তবক দিয়ে বরণ করে নেন ক্লাবের নেতৃবৃন্দ। পরে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকতা মর্যাদাকর ও বড় পেশা, সেবার পেশা। আশাশুনির সাংবাদিকরা মফঃস্বলে থেকে যে গুরুদায়িত্ববোধের পরিচয় দিয়ে কাজ করে যাচ্ছেন আমি সেজন্য ধন্যবাদ জানাই। প্রেসক্লাবের উন্নয়ন ও সমস্যার কথা আমি অবগত আছি। সবদিক বিবেচনায় রেখে আমার সহযোগিতা থাকবে। আগামী ৫ বছরে প্রেসক্লাবের সকল দাবী পুরনের চেষ্টা আমার থাকবে। তিনি চেয়ারম্যান নির্বাচিত হতে পারায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইউনিয়নের উন্নয়নে আমি পরিকল্পনা গ্রহন করেছি। নির্বাচনের পূর্বেই ৯টি রাস্তার অনুমোদন করিয়েছি। শ্রীকলসে নতুন প্রাইমারী স্কুল প্রতিষ্ঠায় উর্দ্ধত পর্যায়ে কাজ চলছে। আশাশুনিতে ৮ম শ্রেণি পর্যন্ত স্কুল প্রতিষ্ঠা, হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। নির্বাচনী ইস্তেহার আমার বড় চ্যালেঞ্জ। ৫ বছরে আমার কর্ম পরিকল্পনার অর্ধেকের বেশী পুরন করতে চাই। ইউনিয়ন পরিষদের জমিতে কমিউনিটি সেন্টার, দোকান ঘর বরাদ্দ, সমাবেশ মঞ্চ স্থাপন, পাঞ্জেগানা মসজিদ স্থাপনসহ অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে। উপজেলা কোর্ট ফিরিয়ে আনতে চাই। নাগরিক সুবিধার ক্ষেত্রে মেম্বারগণ কনভেনার থাকবেন এবং স্থানীয়দের সম্পৃক্ত করে কাজ পরিচালনা করা হবে।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এস কে হাসানসহ সকল সদস্য ও কর্মকর্তা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নবনির্বাচিত মহিলা মেম্বার অঞ্জনা সানা ও মেম্বার মঙ্গল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
বাগেরহাট জেলা কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি।।
খুলনাস্থ বাগেরহাট জেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে গতকাল রোববার বিকেলে নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ সমিতি কার্যালয়ে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির প্রধান উপদেষ্টা ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক।
সমিতির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ আব্দুল জব্বার মোল্লার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ শেখ মুহাম্মদ সাহেব আলি, সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আসাদুর রহমান, সমাজসেবক আলহাজ¦ আফরোজা আক্তার মঞ্জু, আলহাজ¦ এসএম রুহুল আমীন, এইচ এ হাদী, আব্দুল হাই পলাশ প্রমুখ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, কাজী এনামুল হক টুকু।
প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এতদাঞ্চলের সকল জনকল্যাণমূলক সংগঠনসহ বিত্তবানদের প্রতি গরীব ও অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানান।
দুদকের মামলা: স্ত্রীসহ সাবেক এমপি আউয়ালের জামিনের মেয়াদ বাড়ল
খুলনাঞ্চল রিপোর্ট
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা ইরাদের জামিনের মেয়াদ পরবর্তী হাজিরার তারিখ আগামী ৩ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
রোববার বেলা ১১টায় বরিশালের বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রফিকুল ইসলাম পরবর্তী হাজিরা পর্যন্ত জামিন আবেদন মঞ্জুর করেছেন। আসামি পক্ষের আইনজীবি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
২০১৯ সালের ৩০ ডিসেম্বর দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আলী আকবর বাদী হয়ে আউয়ালের বিরুদ্ধে খাসজমিতে ভবন নির্মাণ, অর্পিত সম্পত্তি ও পুকুর দখলের অভিযোগে পৃথক তিনটি মামলা করেন। একটি মামলায় আউয়ালের সঙ্গে তার স্ত্রী পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লায়লা ইরাদকেও আসামি করা হয়।
২০০৮ ও ২০১৪ সালে পরপর দুইবার পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আউয়াল।
সরকার বিশ্ববিবেককে বিভ্রান্ত করতে চাইছে: রিজভী
ঢাকা অফিস।।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোতে পুলিশ পাঠানো হচ্ছে। সেখানে তাদের তৈরি জবানবন্দিতে জোর করে স্বাক্ষর করানো হচ্ছে। বলা হচ্ছে- আমার ছেলে বা আমার স্বামী নিজে নিজেই হারিয়ে গেছে। পুলিশ লিখে নিয়ে যাচ্ছে আর সেই জবানবন্দিতে সই করতে বলছে। এভাবে মিথ্যা বিবৃতিতে সই নিয়ে ‘বিশ্ববিবেককে বিভ্রান্ত করার চক্রান্ত’করছে আওয়ামী লীগ সরকার। যাতে বিশ্বকে দেখানো যায়, যারা গুম হয়েছে তারা নিজে নিজে হারিয়ে গেছে।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক তাজমেরী এসএ ইসলামের মুক্তির দাবিতে ইউনির্ভাসিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউটাব) আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশে রিজভী বলেন, কোনো লাভ হবে না। পতন যখন অত্যাসন্ন হয়, সেই পতনকে কেউ ঠেকাতে পারবে না।
অধ্যাপক তাজমেরী ইসলামের মুক্তির দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তাকে মুক্তি দিন, অন্যথায় এইটাই অগ্নি স্ফূলিঙ্গের মত আন্দোলনের এমন দাবানল তৈরি হবে যাতে সরকারের পতন অবশ্যম্ভাবী হবে।
ইউটাবের প্রেসিডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ও মহাসচিব অধ্যাপক মোর্শেদ হাসান খানের পরিচালনায় মানববন্ধনে বিএনপির অ্যাডভোকেটে শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক লুতফর রহমান, অধ্যাপক আখতার হোসেন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম, কামরুল আহসান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আনিসুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যপক মতিনুর রহমান, ডক্টরস অ্যসোসিয়েশনের অধ্যাপক হারুন আল রশিদ, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, শামীমুর রহমান শামীম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কাদের গনি চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম ফিরোজ, ছাত্র দলের ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, সাইফ মাহমুদ জুয়েল, রাকিবুল ইসলাম, আমানউল্লাহ আমান প্রমূখ বক্তব্য রাখেন।
‘চাঁদা না পেয়ে নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি হত্যা করে’ ইউপি সদস্য উত্তমকে
যশোর অফিস
যশোরের অভয়নগরের সুন্দলী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারকে কথিত নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্যরা হত্যা করেছে বলে দাবি করছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ওই হত্যাকাণ্ডে জড়িত নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করার পর রোববার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ এই দাবি করে ডিবি।
গত ১০ জানুয়ারি অভয়নগরের হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নব নির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারের নিকট চাঁদার টাকা না পেয়ে তাকে গুলি করে হত্যা করে।
এ ঘটনায় পরদিন অভয়নগর থানায় মামলা হলে পুলিশ সুপারের নির্দেশে তদন্তে নামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
যশোরের ডিবির অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার সংবাদ সম্মেলনে জানান, ডিবি পুলিশ পরিদর্শক শেখ শাহিনুর রহমাননের নেতৃত্বে ১৫ থেকে ১৬ জানুয়ারি ভোর পর্যন্ত খুলনার ডুমুরিয়া থানার বিভিন্ন এলাকা, যশোরের অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি।
এই অভিযানে ডিবি ইকরামুল গোলদার, প্রজিৎ বিশ্বাস, প্রল্লব বিশ্বাস, প্রশান্ত মন্ডল ও বিজন কুমার মন্ডলকে পাঁচজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে বিজন ও প্রশান্ত সরকারের আহ্বানে ইতোপূর্বে আত্মসমর্পণ করেছিলেন।
রুপন কুমার সরকার জানান, তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি এয়ারগান, তিন রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, ছয় রাউন্ড ১২ বোর কার্তুজ, একটি লোহার রড, একটি ককটেল, ১০ গ্রাম বোমা তৈরির পাউডার (গান পাউডার), ৫০ গ্রাম বোমা তৈরির তারকাটা, উত্তম মেম্বার হত্যার মিশনে আসামিদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল।
যশোরের ডিবির অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার বলেন, ‘আসামিরা সংঘবদ্ধ কথিত নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। তারা দলীয় ছদ্মনাম ব্যবহার করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলায় অবৈধ অস্ত্র-গুলি, বিস্ফোরক দ্রব্য ইত্যাদি ব্যবহার করে হত্যা, চাঁদাবাজি করে চলেছে। ইতোপূর্বে আত্মসমর্পণ করে পুনরায় তারা সংঘবদ্ধ হয়ে নতুন সদস্য সংগ্রহ করে দল গঠন করে যশোরের অভয়নগর, মণিরামপুর, কেশবপুরসহ আশপাশের জেলায় মাছের ঘের দখল, চাঁদাবাজি ও হত্যাকাণ্ড ঘটাচ্ছে।’
সংবাদ সম্মেলনে রুপন কুমার সরকার বলেন, ‘হত্যার পরে জড়িতরা বিভিন্ন জনের কাছে চাঁদা চাওয়ার সময় উত্তম সরকারকে খুন করার রেফারেন্স টেনে মোবাইল ফোনে ভয়ভীতি দেখায়।’
অবৈধ অস্ত্র গুলি উদ্ধার বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন বাদী হয়ে অভয়নগর ও মণিরামপুর থানায় পৃথক দুটি মামলা করেছেন। এর আগেও আসামিদের বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি মামলা রয়েছে।
শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
খুলনাঞ্চল রিপোর্ট।।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৬ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ নির্দেশ দেন।
এছাড়া বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন। তার পরিবর্তে নতুন প্রভোস্ট হিসেবে নাজিয়া চৌধুরীকে নিয়োগ করা হয়েছে।
এদিন দুপুর ২টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সকল বিভাগের প্রধান, ছাত্র উপদেশ ও নির্দেশনার পরিচালক এবং প্রক্টর আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা ছাত্রীদের দাবি মেনে নেন এবং সাত দিনের সময় চান কিন্তু আন্দোলনকারীরা তা না মানায় শিক্ষকরা ওই স্থান ত্যাগ করেন।
এরপর আন্দোলনকারীরা শিক্ষকদের পেছন পেছন স্লোগান দিয়ে চেতনা ৭১ এর সামনে থেকে উপাচার্য ভবনের দিকে এগিয়ে আসেন।
এ সময় উপাচার্য কার্যালয় থেকে নামলে তারা উপাচার্যের পথ অবরোধ করে হামলা চালায়। এক পর্যায়ে শিক্ষকদের সহায়তায় উপাচার্যকে আইআইসিটি ভবনের দিকে নিয়ে যাবার সময় আন্দোলনকারীদের হামলার শিকার হয় উপাচার্যসহ কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও সংবাদকর্মীরা।
পরে উপাচার্য আইআইসিটি ভবনে গেলে আন্দোলনকারীরা ওই ভবনের সদর দরজায় তালা মেরে দেন এবং কাউকেই ভেতরে প্রবেশ দেয় না। সবশেষ দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি শিক্ষা ভবনে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করেন।
এরপর সন্ধ্যায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, শর্টগানের গুলি ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের পর আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে আইআইসিটি ভবন থেকে তালা ভেঙে উপাচার্যকে উদ্ধার করে পুলিশ।
সংঘর্ষ চলাকালে অর্ধশতাধিক শিক্ষার্থী-শিক্ষক ও পুলিশেরও বেশ কয়েকজন কর্মী আহত হন।
রোববার (১৬ জানুয়ারি) সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগের দাবিসহ তিন দফা দাবি আদায় এবং ছাত্রীদের চলমান আন্দোলনে ছাত্রলীগের হামলার অভিযোগে রাস্তা অবরোধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা।
পরে দুপুর পৌনে তিনটার দিকে গোল চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে গিয়ে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবির, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দীন আহমদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মহিবুল আলম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিক্ষক সমিতির সভাপতি শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে হলের গুণগত মান উন্নত এবং অব্যবস্থাপনার সঠিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এ জন্য তিনি শিক্ষার্থীদের কাছে সাত দিনের সময় চান। কিন্তু শিক্ষার্থীদের তিন দফা দাবি না মানার পরিপ্রেক্ষিতে তারা বর্ধিত সময় দিতে অনিচ্ছা প্রকাশ করেন এবং তখন শিক্ষার্থীরা তাদের সামনে ধিক্কার ধিক্কার, প্রশাসন ধিক্কার বলে স্লোগান দিতে থাকেন।
এরপরে শিক্ষার্থীরা শিক্ষকদের পিছু নেন এবং অর্জুন তলা থেকে ফিরে রেজিস্ট্রার ভবনের সামনে গেলে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনকে সামনে পান। তখন শিক্ষার্থীরা উপাচার্যের পিছু নিয়ে ‘ধিক্কার ধিক্কার’ স্লোগান দিতে থাকে। এ সময় উপাচার্যকে নিয়ে উপস্থিত শিক্ষক ও কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইসিটি ভবনে ঢুকলে শিক্ষার্থীরা সেখানে উপাচার্যকে অবরুদ্ধ করেন।
ইবির ‘পোস্টার ট্রি’র জীবনাবসান
কুষ্টিয়া প্রতিনিধি।।
কুুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের ছবি সামনে এলেই ফুটে উঠতো লাল কৃষ্ণচূড়ার ছবি। কেননা কৃষ্ণচূড়া গাছটিকে নিয়েই প্রধান ফটকের ছবি তোলা হতো। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত এ গাছের নিচেই বিভিন্ন সময়ে হয়েছে আন্দোলন-সংগ্রাম আর অনুষ্ঠান। অনেকের কাছে এটি বিশ্ববিদ্যালয়ের ‘পোস্টার ট্রি’।
গাছটি আর স্বাগতম জানাবে না। আর কোনো ছবিতে ভাসবে না তার প্রতিচ্ছবি। শনিবার (১৫ জানুয়ারি) কালের সাক্ষী অনিন্দ্য সুন্দর এ গাছটি কেটে ফেলা হয়। এর আগে গত মৌসুমে অনাবৃষ্টি আর অযত্নে মারা যায় গাছটি।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা গাছটির বিদায় দেখতে জড়ো হন শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই মোবাইলে গাছটির শাখা-প্রশাখা কর্তনের ছবি ও ভিডিও ধারণ করেন।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, বছরখানেক আগে জীবনাবসান ঘটে শত শত ঘটনার সাক্ষী এ গাছটির। এরপর থেকে পাতাহীন রিক্ত শাখা-প্রশাখা নিয়ে দাঁড়িয়ে ছিল। অবশেষে এটিকে কেটে ফেলা হয়েছে।
বসন্তে কৃষ্ণচূড়ার লাল আভায় রঙিন হয়ে উঠতো প্রধান ফটক। ভেতরে প্রবেশ করা বিদ্যার্থীদের জন্য যেন এটি পরিণত হয়েছিল ‘লাল গালিচায়’। বিস্তৃত শাখা-প্রশাখা মেলে আগলে রেখেছিল ফটক প্রাঙ্গণকে। যা এখন শুধুই ইতিহাস।
গাছটির ফুল দেখে অনেকেরই ভাষ্য ছিল, অন্য কোথাও এত ফুলসমৃদ্ধ কৃষ্ণচূড়া গাছ দেখেননি তারা। ভর্তি পরীক্ষা দিতে এসে গাছটির প্রেমে পড়ার কথাও জানান শিক্ষার্থীদের অনেকে। শিক্ষার্থীদের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলা আর অযত্নে মারা গেছে গাছটি। তারা একইস্থানে নতুন করে আরেকটি কৃষ্ণচূড়ার চারা রোপণের দাবি জানিয়েছেন।
সকালে গাছটি কাটা শুরু হলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গাছ কাটার কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেন অনেকে। গাছটিকে নিয়ে স্মৃতিচারণ করে আবেগী ক্যাপশন দেন তারা। এসব পোস্টে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা গাছটির বিদায়ে আবেগমাখা নানা মন্তব্য করেন। কয়েকজন শিক্ষার্থী ফেসবুক লাইভে আবেগপ্রবণ ধারাভাষ্যের সঙ্গে গাছটি কাটার দৃশ্য প্রচার করেন।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মীরা বলেন, এটি একটি বাধ্যতামূলক আত্মহত্যার গল্প। গাছেরও জীবন আছে, কিন্তু কিছু বলার ক্ষমতা নেই। যদি থাকতো হয়তো চিৎকার করে বলতো, ‘হে মানুষ, তোমরা বড়ই অকৃতজ্ঞ’!
গাছটি কাটার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, শুকিয়ে যাওয়া ডাল-পালা ভেঙে দুর্ঘটনার আশঙ্কায় গাছটি কাটা হয়েছে। ওই জায়গায় আরেকটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সাবেক শিক্ষার্থী অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘গাছটির মৃত্যুতে আমরাও শোকাহত। তবে খুব দ্রুতই একই জায়গায় আরেকটি কৃষ্ণচূড়া গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে আমাদের।’
মেহেরপুরে দুই ক্লিনিক মালিকের জেল-জরিমানা
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে রাবেয়া মেডিকেল সার্ভিসেসের মালিক আব্দুল লতিফ ও মুকুল বাশারকে ছয়দিনের কারাদণ্ড এবং সনো ল্যাবের মালিক জে পি আগওয়ালার ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার মো. আবু সাঈদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, ১৯৮২ সালের মেডিকেল প্র্যাক্টিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৩ এর ২ ধারায় দোষী সাব্যস্ত করে রাবেয়া মেডিকেল সার্ভিসেসর মালিক আব্দুল লতিফ ও তার অংশীদার মুকুল বাশারকে ছয় দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আইনের ৫২ ধারায় সনো ল্যাবের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, ভ্রাম্যমাণ আদালতের রায় বাস্তবায়ন করে দুজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
খুলনা বিভাগে করোনা শনাক্ত দ্বিগুণেরও বেশি
স্টাফ রিপোর্টার।।
খুলনা বিভাগে আবারও বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত শনিবার শনাক্তের সংখ্যা ছিল ৩২। সেই তুলনায় রোববার (১৬ জানুয়ারি) করোনা শনাক্ত হয়েছে দ্বিগুণেরও বেশি।
রোববার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে জানা যায়, খুলনা বিভাগের করোনা শনাক্তের সংখ্যা ৮৯ জন। এর মধ্যে সীমান্তবর্তী জেলা যশোরেই ৪০ জন শনাক্ত হয়েছে। খুলনায় ২৫ জন ও ঝিনাইদহে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া নড়াইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে তিনজন করে এবং সাতক্ষীরায় দুজনের করোনা শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া, বাগেরহাট ও মাগুরায় একজনও করোনা শনাক্ত হয়নি।
স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনে আরও জানা যায়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১৪ হাজার ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ২৯৩ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ১৯৫ জন।
শনাক্ত সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৮ হাজার ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ১৬১ জন।
এছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছে ৮০৯ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৮ জন।
খুলনা ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, রোববার সকাল পর্যন্ত হাসপাতালের ইয়েলো জোনে ১৪ জন চিকিৎসাধীন।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, শনিবার (১৫ জানুয়ারি) রাতে খুমেকের পিসিআর মেশিনে ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১৩৫ জন খুলনা মহানগরী ও জেলার। সব মিলিয়ে ১৭ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১৬ জন এবং সাতক্ষীরার একজনের শনাক্ত হয়েছে।
এদিকে করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে শনিবার খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী, আরিফুল ইসলাম ও দেবাশীষ বসাক। এসময় মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় করায় মোট ৩৪টি মামলায় ৩৪ জনকে ৮ হাজার ১৭০ টাকা জরিমানা করা হয়।
খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, সারাদেশে করোনা সংক্রমণ বেড়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে অনীহা, একস্থানের মানুষ অন্যস্থানে যাতায়াত, যথাযতভাবে মাস্ক না পরাসহ বিভিন্ন কারণে সংক্রমণ বাড়ছে। চলতি মাসের শুরু থেকে খুলনায়ও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। জেলায় ৮ থেকে ৯ শতাংশ সংক্রমণ রয়েছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চললে সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।
খুলনা যুবলীগের সম্মেলন: জেলায় চমকের আশা, নগরীতে প্রায় নির্ধারিত
স্টাফ রিপোর্টার ।।
প্রায় দুই দশক পর পর ২২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা জেলা যুবলীগের সম্মেলন। এছাড়া আহ্বায়ক কমিটি গঠনের প্রায় দেড় বছর পর হতে চলেছে খুলনা মহানগর যুবলীগের সম্মেলন।
সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ফিরেছে চাঞ্চল্য। ইতিমধ্যে নগর ও জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, খুলনা নগরীর সভাপতি ও সাধারণ সম্পাদক প্রায় নিশ্চিত হলেও জেলা নিয়ে চলছে নানা সমীকরণ। অনেক পোড় খাওয়া নেতারাও চাইছেন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ।
নগর শাখায় দুই পদে মাত্র দু’জন জীবন বৃত্তান্ত জমা দিলেও জেলা সভাপতি হতে ছয় আর সাধারণ সম্পাদকের হতে ১১ জন জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।
যুবলীগের কেন্দ্রীয় উপ দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা জানিয়েছেন, খুলনা নগর যুবলীগের সভাপতি পদে সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক পদে শেখ শাহজালাল হোসেন সুজন জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।
খুলনা জেলা যুবলীগে সভাপতি পদে জীবন বৃত্তান্ত জমা দেওয়া ছয়জন হলেন, বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক অজিত বিশ্বাস, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত হোসেন পল্টু, সরদার জাকির হোসেন, জসিম উদ্দিন বাবু, চৌধুরী রায়হান ফরীদ, হাদীউজ্জামান হাদী।
এছাড়া সাধারণ সম্পাদক পদে জীবন বৃত্তান্ত জমা দেওয়া ১১ জন হলেন, এ বি এম কামরুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, মো. পারভেজ হাওলাদার, মো. মুশফিকুর রহমান সাগর, তসলিম হুসাইন তাজ, দেব দুলাল বাড়ই বাপ্পি, মো. আবু সাঈদুজ্জামান, মাহফুজুর রহামন সাগর, জলিল তালুকদার, মো. কামরুজ্জামান মোল্লা ও হারুন উর রশিদ।
তিনি আরও বলেন, ২২ জানুয়ারি খুলনা মহানগর ও জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত চাওয়া হয়। পদ প্রত্যাশীরা জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, জীবন বৃত্তান্ত জমা দেয়ার পর প্রার্থীরা ছুটছেন একটি রাজনৈতিক পরিবারের সদস্যদের আশীর্বাদ নিতে। শুধু তাই নয়, জেলা ও নগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন তারা।
গোপালগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার সাক্ষীকে খুন
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে চাঞ্চল্যকর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলার সাক্ষী পার্টস ব্যবসায়ী মিন্টু মিনা ওরফে কোটন মিনাকে (৪৮) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
রবিবার (১৬ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ থানা পুলিশ ঢাকা-খুলনা মহাসড়কের শহরের ফরিককান্দি নামক স্থান থেকে কোটনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে।
আগামী ২৪ জানুয়ারি চাঞ্চল্যকর বাসু হত্যা মমলায় কোটনের সাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিলো। স্থানীয়রা ধারণা করছেন এই সাক্ষ্য প্রদানকে সামনে রেখে কে বা কারা তাঁকে হত্যা করেছে।
হত্যাকাণ্ডের শিকার কোটন মিনা গোপালগঞ্জ শহরের ফকিরকন্দি এলাকার আক্তার মিনার ছেলে। কোটন শহরের কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের মিনা মটর্সের মালিক। তিনি মটর পার্ট ও বাসের ব্যবসা করতেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, গতকাল শনিবার রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে কুয়াডাঙ্গা থেকে ফকিরকান্দির বাড়িতে যান। ঘরে প্রবেশের আগেই মোবাইলে অজ্ঞাত ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে তিনি বের হন। এরপর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। রাত ১২ টার দিকে পরিবারের লোকজন তাঁর মোবাইল ফোনটি বন্ধ পান। পরে রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাড়ির পাশে ফরিককান্দিতে স্থানীয়রা মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মৃতদেহের বাম পাঁজরে কোপের চিহ্ন ও শরীরের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, নিহতের মুখ মাফলার দিয়ে বাঁধা ছিলো।
তালায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু
তালা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় মটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই মারা গেছেন এবং এ ঘটনায় আহত হয়েছেন একজন। রোববার বিকেল পাঁচটার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের আলাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরা জেলার তালা উপজেলার আঠুলিয়া গ্রামের আব্দুর রশিদ মোড়ল (৬০) এবং একই গ্রামের তার চাচাতো ভাই জিল্লুর রহমান মোড়ল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাতক্ষীরা থেকে একটি বাস খুলনার দিকে যাচ্ছিলো। এসময় খুলনার দিক থেকে আসা মটরসাইকেলে করে আসা তিনজন তালার দিকে যাচ্ছিলেন।
এরপর, সাতক্ষীরা-খুলনা সড়কের আলাদিপুর এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তালার আঠুলিয়া গ্রামের আব্দুর রশিদ ও জিল্লুর রহমান মারা যান।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আনম জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। এছাড়াও, মরদেহ উদ্ধার করে পুলিশের জাতপুর ক্যাম্পে রাখা হয়েছে। সোমবার মরদেহগুলো সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।
মাগুরা মেডিকেল কলেজে জনবল সংকট এখনো আছে
মাগুরা প্রতিনিধি ।।
শিক্ষার্থীরা আবাসন সমস্যায় পড়ছেন। এ ছাড়া প্যাথলজির সব যন্ত্র ব্যবহার করতে পারছেন না শিক্ষার্থীরা। জনবল ও অবকাঠামো-সংকট নিয়েই যাত্রা শুরু হয়েছিল মাগুরা মেডিকেল কলেজের। গত তিন বছরে নতুন শিক্ষার্থী যুক্ত হয়েছেন। জনবল ও অবকাঠামো সুবিধা বেড়েছে। কিন্তু সংকট এখনো রয়েই গেছে।
কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন এই মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মিত হওয়ার আগপর্যন্ত বিদ্যমান কোনো সংকটই পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব নয়। এতে শিক্ষার্থীরা আবাসন সমস্যায় পড়ছেন। এ ছাড়া প্যাথলজির সব যন্ত্র ব্যবহার করতে পারছেন না শিক্ষার্থীরা।
২০১৯ সালের ১০ জানুয়ারি ৫০ জন শিক্ষার্থী নিয়ে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের একটি অংশে যাত্রা শুরু হয় মাগুরা মেডিকেল কলেজের। এরপর আরও দুইটা ব্যাচ মিলে এখন শিক্ষার্থীর সংখ্যা ১৪৫। চলতি বছরেই নতুন ব্যাচে যুক্ত হবে আরও ৫০ জন শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে শিক্ষক, কর্মচারী, কক্ষ ও শিক্ষার্থীদের হোস্টেল-সংকটের মতো বিষয়গুলো চিন্তায় ফেলছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে।
গত মঙ্গলবার মেডিকেল কলেজে গিয়ে কথা হয় তৃতীয় বর্ষের শিক্ষার্থী দীপ্ত দেব, সাদিয়া আক্তারসহ বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। তাঁরা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী। তাঁরা বলেন, মাত্র কয়েকটা কক্ষ নিয়ে এই কলেজের যাত্রা শুরু হয়েছিল। তেমন কোনো আসবাবও ছিল না। এরপর ধাপে ধাপে শ্রেণিকক্ষের পাশাপাশি লাইব্রেরি, মরচুয়ারি ডিসেকশন কক্ষসহ অবকাঠামোগত বেশ কিছু উন্নতি হয়েছে। তবে এখনো বড় ধরনের বেশ কিছু সংকট রয়েই গেছে।
দীপ্ত দেব বলেন, ‘নতুন মেডিকেলের শিক্ষার্থী হিসেবে আমরা অনেক সুবিধা থেকেই বঞ্চিত। তবে এখন অন্যতম সমস্যা হচ্ছে আমাদের শ্রেণিকক্ষ ও গবেষণাগারের পাশেই সদর হাসপাতালের চারটি স্টোররুম রয়েছে। এটার কারণে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হচ্ছে।’ মেয়েদের জন্য ছাত্রী হোস্টেল নেই। ভাড়া করা একটি বাসাতে আমাদের থাকতে হচ্ছে। বেশ কিছু সমস্যা রয়ে গেছে।
সাদিয়া আক্তার বলেন, ‘মেয়েদের জন্য ছাত্রী হোস্টেল নেই। ভাড়া করা একটি বাসাতে আমাদের থাকতে হচ্ছে। যেখানে খাওয়াদাওয়াসহ বেশ কিছু সমস্যা রয়ে গেছে।’
এই মেডিকেল কলেজে শুরু থেকেই শিক্ষকের সংকট রয়েছে। অধ্যক্ষের কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন বিভাগের ৯৭টি পদ রয়েছে। তবে বর্তমানে রয়েছেন অধ্যক্ষসহ ২৫ জন। মন্ত্রণালয় অনুমোদিত জনবলকাঠামো অনুযায়ী কলেজে ১১ জন অধ্যাপক থাকার কথা। আছেন মাত্র একজন।
শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে ফরেনসিক মেডিসিন ও বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষক-সংকট প্রকট। এই দুই বিভাগে একজন করে প্রভাষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম, যেখানে প্রতিটি বিভাগে কমপক্ষে একজন করে সহকারী অধ্যাপক ও দুজন করে প্রভাষক দরকার। প্যাথলজি বিভাগে শিক্ষকের সব পদ এখনো শূন্য। কয়েক মাসের মধ্যেই এ বিষয়ে পড়তে হবে শিক্ষার্থীদের।
অবকাঠামোগত অনেক সরঞ্জাম মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলেও সবকিছু এখনো বুঝে পায়নি কর্তৃপক্ষ। আবার বেশ কিছু সরঞ্জাম এসে পৌঁছালেও টেকনোলজিস্টের অভাবে অনেক কিছু অব্যবহৃত থেকে যাচ্ছে। যেমন বায়োকেমিস্ট্রি ও প্যাথলজির অন্তত তিনটি অ্যানালাইজার দুই বছরের বেশি সময় ধরে পড়ে আছে টেকনোলজিস্টের অভাবে। শিক্ষকেরা বলছেন, রোগ নিরূপণের এসব যন্ত্র সঠিকভাবে ব্যবহার করতে পারলে শিক্ষার্থীরা যেমন শিখতে পারতেন, সাধারণ রোগীরাও স্বল্প খরচে পরীক্ষা-নিরীক্ষা করাতে পারত।
মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমীন বলেন, ‘প্রতিষ্ঠিত মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যেমন বড় পরিসরে তত্ত্বীয় ও ব্যবহারিক বিষয়গুলো শিখছেন, আমরা সেগুলো পাচ্ছি না। একজন অধ্যাপক যেভাবে শিক্ষার্থীদের তাঁর অভিজ্ঞতা দিয়ে বোঝাতে পারেন, একজন প্রভাষক হয়তো সেভাবে না-ও পারতে পারেন। এর প্রভাব হয়তো ভবিষ্যতে পড়বে।’
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, মাগুরা মেডিকেল কলেজ ক্যাম্পাসের জন্য শহরের পারলা ও শ্রিকুন্ডী মৌজায় জায়গা নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রথমে ৫০ একর জমির একটি নকশা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২৭ একর জমি নিয়ে একটি নকশা চূড়ান্ত করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, ওই নকশা ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়ে অর্থ ছাড় হলে জমি অধিগ্রহণের কাজ শুরু হবে।
মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ দীন-উল ইসলাম বলেন, ‘অনেক সংকটের মধ্যেও গত জুলাইয়ে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অংশ নেওয়া ২৫টি সরকারি-বেসরকারি মেডিকেলের মধ্যে পেশাগত পরীক্ষায় মাগুরা প্রথম হয়েছে। এই বছরে মেডিকেলে শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা—দুটোই বাড়বে। ফলে অবকাঠামো-সংকটের বিষয়টি আমাদের ভাবাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ ফিমেল সার্জারি ও ফিমেল মেডিসিন বিভাগের দুটো অংশ মৌখিকভাবে আমাদের ব্যবহারের জন্য দিয়েছে। ওই দুটো ওয়ার্ডের সঙ্গে স্টোররুম হিসেবে ব্যবহৃত চারটি কক্ষ মেডিকেল কলেজকে দেওয়া হলে স্থায়ী ক্যাম্পাস হওয়ার আগে আর অবকাঠামো-সংকট নিয়ে ভাবতে হবে না।’
এ বিষয়ে মাগুরার সিভিল সার্জন ও ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) চিকিৎসক শহীদুল্লাহ দেওয়ান বলেন, এখানে মেডিকেল কলেজের নিজস্ব কোনো স্থাপনা নেই। পুরোনো ভবনে ১০০ ও নতুন ভবনে ১৫০ শয্যা মিলে ২৫০ শয্যা হাসপাতাল। এর মধ্যেও কলেজের জন্য অনেকগুলো কক্ষ ছেড়ে দেওয়া হয়েছে। এর বেশি কক্ষ ছাড়তে হলে রোগীরা বঞ্চিত হবেন।











































