খুলনাঞ্চল রিপোর্ট||
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা ইরাদের জামিনের মেয়াদ পরবর্তী হাজিরার তারিখ আগামী ৩ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
রোববার বেলা ১১টায় বরিশালের বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রফিকুল ইসলাম পরবর্তী হাজিরা পর্যন্ত জামিন আবেদন মঞ্জুর করেছেন। আসামি পক্ষের আইনজীবি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
২০১৯ সালের ৩০ ডিসেম্বর দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আলী আকবর বাদী হয়ে আউয়ালের বিরুদ্ধে খাসজমিতে ভবন নির্মাণ, অর্পিত সম্পত্তি ও পুকুর দখলের অভিযোগে পৃথক তিনটি মামলা করেন। একটি মামলায় আউয়ালের সঙ্গে তার স্ত্রী পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লায়লা ইরাদকেও আসামি করা হয়।
২০০৮ ও ২০১৪ সালে পরপর দুইবার পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আউয়াল।











































