খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা ।।
সাতক্ষীরা কলারোয়া উপজেলার ৪ নং ইউনিয়নের লাঙলঝাড়া গ্রামে চলছে ড্রেজার দিয়ে অবৈধ পন্থায় বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময় অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেও থামানো যায়নি বালু উত্তোলন। এ খুঁটির জোর কোথায়? সরেজমিনে খোঁজ খবর নিয়ে জানা গেছে, কলারোয়া উপজেলার লাঙলঝাড়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ তৈরি করার নিমিত্তে মাটি দিয়ে ভরাটের জন্য কলারোয়া উপজেলা প্রকল্প অফিস থেকে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) মাধ্যমে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সরকারীভাবে বরাদ্ধ আসে ১ লক্ষ ৪৭ হাজার ৩ শত টাকা । বরাদ্ধকৃত প্রকল্পের কাজ করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করে , যার আহবায়ক হিসাবে দায়িত্ব পান ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন। কিন্তুু প্রধান শিক্ষক রাষ্ট্রীয় আইন অমান্য করে অতি লাভের আশায় বশীভূত হয়ে উক্ত বরাদ্ধের টাকা আত্মসাতের জন্য নিন্ম প্লাবিত জনবসতিপূর্ণ লাঙলঝাড়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের আনুমানিক ১ শত গজ দূর থেকে পুকুরে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে যা ভূমি ধ্বসের অন্যতম কারণ। স্থানীয়রা অভিযোগ করে বলেন, একই ইউনিয়নের তৈলকুপি গ্রামে অবৈধভাবে বালু উত্তোলণের ফলে ইতোপূর্বে ভয়াবহ ভূমি ধ্বসের সৃষ্টি হয়। যার ফলে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেওয়া একটি ঘর সম্পূর্ণ বিলীন হয়ে যায়। এ বিষয়ে লাঙলঝাড়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রকল্পের আহবায়ক জাহাঙ্গীর হোসেনের কাছে মুঠোফোনে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটা জনবসতিপূর্ণ এলাকা না, এটা ফাঁকা পুকুর। বাড়িঘর আছে দূরে দূরে তা এমনি অসুবিধা হওয়ার কথা না।” একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়ে রাষ্ট্রীয় আইন অমান্য করছেন কেন? এমন প্রশ্ন করলে তিনি এ প্রতিবেদককে বলেন, “না আমি অবশ্য আমাদের ট্রেনিং সেন্টারে চলে আইছি খুলনায়, বুইছেন, দেখি এলাকায় এসে আলাপ করছি পরে। না আমি আইন অমান্য করব কেন ? যাদের পুকুর তাদের কাছ থেকে অনুমতি নিলাম বুইছেন।” সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “না না না সরকারী অনুমোদন তোদন আমি নেইনি।” এ বিষয়ে ৪ নং লাঙলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এম আবুল কালামের কাছে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, “ হাই স্কুলের হেড মাস্টারের কাছে মনে হয় ফোন করছিলেন আপনি , আমি বলি বিষয়টা ঐ স্কুলের জলাবদ্ধতার কারণে মাঠ ডুবে থাকে। আমি একটি প্রকল্প দিয়েছি, বাট ঐ অঞ্চলে মাটি নেই, আমি টিএনও ও ডিসি সাহেবের নলেজে দিয়ে প্রাথমিক একটি অনুমতি নিয়েই ডিসি সাহেবের কাছে একটি দরখাস্ত দিতে বলেছি কালকেই আমি দিব।” এ বিষয়ে কলারোয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহানের কাছে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি আলাপ কলটি রিসিভ করেননি। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের কাছে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, “ এ বিষয়ে আমি কিছু জানিনা এবং আমাকে কেউ কিছু জানায়নি।” কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন চৌধুরীর কাছে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, “ আমার এ বিষয়টা একটু আগে ফোন দিয়ে এখানকার একজন লোকাল সাংবাদিক জানাইছে, তা আমি এটা জানলাম এটা দ্রুত একটা ব্যবস্থা নিব।”











































