>> গ্রেফতার আসামি মাসুম কারাগারে
স্টাফ রিপোর্টার।।
খুলনার লবনচরা থানাধীন রূপসী রূপসা এলাকায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় মোহাম্মদনগর এলাকার আয়ুব আলী সানার ছেলে মাসুম নামের একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় ব্যবসায়ীর পিতা বাদি হয়ে লবণচরা থানায় মামলা দায়ের করেছেন। সন্ত্রাসী মাসুমের নামে পুর্বের হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। আসামি মাসুমকে আদালতে সোপর্দ করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গতকাল শনিবার তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
আহতরা হলেন, লবনচরা থানার রূপসী রূপসা এলাকার মোঃ নুর ইসলামের স্ত্রী রোকেয়া বেগম (৬৫), তার ছেলে মোঃ আবু বক্কর ছিদ্দিক (৩৫) ও মোঃ রওনোকুল ইসলাম (৪০) আহত হয়েছেন। এদের মধ্যে মোঃ আবু বক্কর ছিদ্দিকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।
ভুক্তভোগি পরিবার সুত্র জানায়, মাসুম তার দলবল নিয়ে ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। দুপুরে বালু ব্যবসায়ী আবু বক্করের বাড়িতে প্রবেশ করে তাকে মারপিট করে। তারা বিভিন্ন সময় ওই ব্যবসায়ীর কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলো। সন্ত্রাসীদের হাত থেকে ব্যবসায়ীকে বাঁচাতে এতে মা রোকেয়া বেগম ও মোঃ রওনোকুল ইসলাম হামলার শিকার হন। মামলার অপর আসামি জাহাঙ্গীর আলম পলাতক রয়েছেন।
এবিষয়ে লবণচরা থানার ওসি (তদন্ত) মোঃ আমিরুল ইসলাম বলেন, এঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিদের মধ্যে একজনকে গ্রেতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে।











































