Home আঞ্চলিক কৃষকদের সুবিধার্থে প্রতিটি এলাকায় সেচ মিটারের ব্যবস্থা করা হবে:এমপি বাবু

কৃষকদের সুবিধার্থে প্রতিটি এলাকায় সেচ মিটারের ব্যবস্থা করা হবে:এমপি বাবু

9

খবর বিজ্ঞপ্তি ।।

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, কয়রায় লবণ পানির চিংড়ী ঘের বন্ধ করে ধান সহ অন্যান্য কৃষিজাত পণ্য উৎপাদনের লক্ষ্যে কৃষকদের সুবিধার্থে প্রতিটি এলাকায় সরকারিভাবে সেচ মিটারের ব্যবস্থা করা হবে। মঙ্গলবার (১১ জানুয়ারি) কয়রা উপজেলা পরিষদে মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বেড়িবাঁধ ছিদ্র করে পাইপ দিয়ে লবণ পানি উঠানামার কারণে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ সহ নদী ভাঙ্গন সৃষ্টি হচ্ছে এবং এটি সামুদ্রিক ঘূর্ণিঝড়ের চেয়ে ক্ষতিকর। তিনি দূর্যোগ থেকে কয়রার ১২০ কিলোমিটার বেড়িবাঁধ রক্ষার্থে লবণ পানির পরিবর্তে মিষ্টি পানির চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য সকল জনপ্রতিনিধিদের অনুরোধ জানান। এছাড়া তিনি প্রতিটি এলাকার কৃষক যাহাতে সহজ শর্তে সরকারিভাবে সেচ মিটার নিয়ে সারা বছর ফসল উৎপাদন করতে পারে সে ব্যবস্থা করার আশ্বাস দেন। উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সামাদ গাজী, মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারি, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়লসহ উপজেলা পরিষদের সকল সরকারি কর্মকর্তাবৃন্দ। সভা শেষে সংসদ সদস্য সকল ইউপি চেয়ারম্যানদের সাথে এক আলোচনা সভায় মিলিত হন। কয়রায় লবণ পানির চিংড়ী ঘের বন্ধ করতে বেড়িবাঁধের তলায় এবং উপরে পাইপ তুলে ফেলার জন্য সবাই একমত পোষণ করেন। এছাড়া সিদ্ধান্ত হয় মিষ্টি পানির মৎস্য ঘের সহ কৃষকদের উদ্বুদ্ধ করে সল্প খরচে সেচ মিটার নিয়ে চাষাবাদ করার জন্য সহযোগিতা করা হবে।