কুষ্টিয়া প্রতিনিধি ।।
কুষ্টিয়া সদর উপজেলায় ট্রাকচাপায় ভ্যানচালকসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে উপজেলার বাজালিয়া সেনের চাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার স্বস্তিপুর এলাকার হজেল হোসেনের ছেলে ভ্যানচালক মোক্তার হোসেন (৫০), একই এলাকার আজিজুল হকের স্ত্রী জেসমিন (৩০), আলামপুর হালদারপাড়া এলাকার ভাদু মোল্লার মেয়ে রোজিনা খাতুন (২৭) এবং হালদারপাড়ার মনোরঞ্জনের স্ত্রী স্বপ্না রানী (৪৫)। আহত তাহমিনা আলামপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের শরিফুলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ঝিনাইদহগামী দ্রুতগতির একটি ট্রাক বিপরীতমুখী একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে গেছে।
এ ঘটনায় আহত তাহমিনা খাতুন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী দ্রুতগতির একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে মরদেহ চারটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ট্রাকটিকে জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে।
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাত সাড় ৯টার দিকে তারাগুনিয়া-ভেড়ামারা সড়কের তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিদ্যুৎ হোসেন (২৭) উপজেলার কৈপাল এলাকার মৃত হযরত আলীর ছেলে এবং রাজন আলী (৩৬) একই এলাকার কেরু আলীর ছেলে।
দৌলতপুর থানার ওসি এসএম জাবীদ হাসান জানান, রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে কৈপাল এলাকায় বাড়ি ফিরছিলেন দুজন। পথিমধ্যে তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে ভেড়ামারাগামী একটি ড্রাম ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।
এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী পলাতক রয়েছে।










































