Home আঞ্চলিক পিকচার প্যালেস হল: ইতিহাস-ঐতিহ্য কি মুছে যাবে

পিকচার প্যালেস হল: ইতিহাস-ঐতিহ্য কি মুছে যাবে

99
খুলনার ৮০ বছরের পুরোনো সিনেমা হল পিকচার প্যালেস-খুলনাঞ্চল

স্টাফ রিপোর্টার।।

সিনেমা দেখতে গিয়ে মা অপমানিত বোধ করেছিলেন। জমিদার শৈলেন চন্দ্র ঘোষ তাই নির্মাণ করেন ‘নীলা’ সিনেমা হল। ভারত বিভক্তির পর মালিকানা বিনিময়ের সূত্রে ‘পিকচার প্যালেস’ নাম হয়ে যায় সেটির। তার পর থেকে গত নব্বইয়ের দশকেও প্রতিদিন মানুষজন ছুটে আসত এখানে সিনেমার টানে। সিনেমা দেখাকে সামাজিকতার বন্ধন করে তুলেছিল ‘পিকচার প্যালেস’।

কিন্তু সিনেমা ব্যবসায় ধস নেমেছে। সিনেমা প্রদর্শনী কক্ষের স্থাপত্যেও এসেছে নানা পরিবর্তন। সব মিলিয়ে গত এক দশক আগে বন্ধ হয়ে যায় হলটি। তারপর অনেকটা গোপনেই শুরু হয় ৮০ বছরের পুরোনো সিনেমা হলটি ভেঙে ফেলার কাজ। কিন্তু মূল হল আর ভবনের ছাদ ভেঙে ফেলার পর ভাঙাভাঙিতে বাদ সেধেছে জেলা প্রশাসন। হলের জমিতে সৈয়দপুর ট্রাস্টের বা হাজি মুহম্মদ মুহসীনের সম্পত্তি রয়েছে- এমন দাবিতে মামলা করেছে জেলা প্রশাসন। অতএব, মাঝপথে আটকে গেছে ভাঙাভাঙির কাজ।

নীলা থেকে পিকচার প্যালেস :তবে ভেঙে নিশ্চিহ্ন করে ফেলা হলেও কিছুতেই ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না ‘পিকচার প্যালেসের’ নাম। খুলনার বিশিষ্ট ইতিহাস গবেষক এইচএম জামাল উদ্দিন জানান, চল্লিশের দশকে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন জমিদার শৈলেন চন্দ্র ঘোষ। তার মা একদিন ছবি দেখতে যান ‘উল্লাসিনী’ হলে। লাইনে দাঁড়িয়ে হলে প্রবেশ করতে অপমানিত বোধ করেন। শৈলেন চন্দ্র তা জানতে পেরে ১৯৪২ সালে নিজেই একটি সিনেমা হল নির্মাণ করেন। মায়ের নামানুসারে সেটির নাম দেওয়া হয় ‘নীলা হল’।

ভারত বিভক্তির পর ১৯৪৭ সালে শৈলেন ঘোষ সপরিবারে ভারত চলে যান। তখন ভারত থেকে আসা অবাঙালি দ্বীন মোহাম্মদের সঙ্গে তাদের জমির মালিকানা বিনিময় হয়। পরে দ্বীন মোহাম্মদরা ওই হলের নাম দেন ‘পিকচার প্যালেস’। ধীরে ধীরে হলের সামনের স্থানটি ‘পিকচার প্যালেস মোড়’ নামে পরিচিত হয়ে ওঠে। নানা ব্যাংক, বীমা, সরকারি-বেসরকারি অফিস ও অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে এ হলকে কেন্দ্র করে। বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী, পেশাজীবী সংগঠনগুলো মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালনের জন্য ‘পিকচার প্যালেস মোড়’কেই বেছে নেয়।

ষাটের দশকেই পিকচার প্যালেস সিনেমা হলটি আধুনিকায়ন করে তাতে এসি ও সিনেমাস্কোপ পর্দা লাগানো হয়। প্রায় প্রতি শোতেই থাকত ‘হাউসফুল’। কিছুদিন পর শুক্র ও রোববার সকাল সাড়ে ১০টায় যোগ হয় মর্নিং শো। মর্নিং শোর ছবিগুলো ছিল ইংলিশ। মর্নিং শোর ছবিগুলোতে অবশ্য হাউসফুল হতো না। কিন্তু তার পরও মালিক নিয়ম করে ইংলিশ ছবি চালাতেন। বাংলা, হিন্দি ও পাকিস্তানি ছবির ভিড়ে ওই ইংলিশ ছবিগুলো খুলনার মানুষের জন্য ছিল বাইরের পৃথিবীর খোলা জানালা।

বাণিজ্যিক ভবন হবে :এক দশক ধরে বন্ধ থাকার পর গত বছরের শেষ দিকে ‘পিকচার প্যালেস’ বিক্রি করে দেওয়া হয়। সেখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের লক্ষ্যে নতুন মালিকপক্ষ গোপনে হল ভেঙে ফেলতে শুরু করে। সরেজমিন দেখা গেছে, হলের বাইরের দোকানগুলো এখনও আগের মতোই রয়েছে। যার কারণে বাইরে থেকে বোঝার উপায় নেই হল ভাঙা হচ্ছে। জেলা প্রশাসনের মামলার পর ভাঙাভাঙি স্থগিত হলে নগরবাসী জানতে পারে, এখানে হাজী মুহম্মদ মুহসীনের সম্পত্তি রয়েছে।

হল ভবনের ভেতরের অংশের কিছুটা জায়গা ইজারা নিয়ে মোটরসাইকেল রাখার গ্যারেজ করেছেন মো. খলিলুর রহমান। তিনি বলেন, মালিকপক্ষ জমিটি ডেভেলপার কোম্পানিকে দিয়েছে। এখানে ১০ তলা বাণিজ্যিক ভবন হবে। তারা শুনেছেন, দ্বিতীয় তলায় একটি সিনেপ্লেক্সও হবে।

খলিলুর রহমান বলেন, পিকচার প্যালেস সিনেমা হলের সঙ্গে তিনি জড়িত প্রায় ৩০ বছর ধরে। আগে হলের বাইরে তার একটি দোকান ছিল। হল ভাঙার কাজ শুরু হলে ফাঁকা অংশ তিনি গ্যারেজ হিসেবে ভাড়া নিয়েছেন। গত নভেম্বর মাসে হল ভাঙা শুরু হয়। ডিসেম্বরে জেলা প্রশাসনের লোকজন হল ভাঙা বন্ধ করে দেয়।

অনুসন্ধানে জানা গেছে, গত বছরের শেষ দিকে হলের কিছু জমি সরাসরি, কিছু জমি বহুতল ভবন নির্মাণের জন্য বিক্রি করেছেন দ্বীন মোহাম্মদের পরিবারের সদস্যরা। ডেভেলপার প্রতিষ্ঠান ‘প্রাসাদ নির্মাণ প্রাইভেট লিমিটেড’ সেখানে বহুতল ভবন নির্মাণ করবে। প্রতিষ্ঠানের মালিক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ খুলনার নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির উপাচার্য। বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তারা এটি দেখাশোনা করছেন। এ বিষয়ে কোনো মন্তব্য করতে দায়িত্বরত কর্মকর্তারা রাজি হননি।

হারিয়ে যাচ্ছে হারাধনের ছেলেগুলো :১৯৩৬ সালে বড় বাজারের এক ব্যবসায়ী খুলনায় প্রথম উল্লাসিনী সিনেমা হল নির্মাণ করেন। পরে নির্মাণ করা হয় ‘নীলা হল’ বা ‘পিকচার প্যালেস’। এরপর নগরীতে ‘সোসাইটি’, ‘চিত্রালী’, ‘লিবার্টি’, ‘স্টার’, ‘ঝিনুক’, ‘সঙ্গীতা’, ‘বৈকালী’, ‘চিত্রালী’, ‘মিনাক্ষী’, ‘জনতা’, ‘সাগরিকা’, ‘গ্যারিসন’ ও ‘শপথ’ সিনেমা হল গড়ে ওঠে।

কিন্তু গত এক দশকে বন্ধ হয়ে গেছে ‘উল্লাসিনী’, ‘মিনাক্ষী’, ‘পিকচার প্যালেস’, ‘স্টার’, ‘জনতা’, ‘সাগরিকা’ ও ‘বৈকালী’ সিনেমা হল। এর মধ্যে ‘বৈকালী’ হলের স্থানে পাঁচতারকা হোটেল নির্মাণকাজ চলছে। স্টার হলও ভেঙে স্থান ফাঁকা করা হয়েছে। বর্তমানে ভাঙা হচ্ছে পিকচার প্যালেস সিনেমা হল।

খুলনার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ কমিটির সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন বলেন, একটি শহরের প্রাণ হচ্ছে তার ইতিহাস-ঐতিহ্য পুরোনো সব স্থাপনা। নগরীর ডাকবাংলো ও পিকচার প্যালেস হলকে কেন্দ্র করে এ এলাকায় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হয়। কয়েক বছর আগে ডাকবাংলোটি ভেঙে ফেলা হয়েছে। এখন ভাঙা হচ্ছে হল। দায়িত্বশীলদের উচিত পুরোনো এসব স্থাপনা সংরক্ষণে উদ্যোগী হওয়া।-সমকাল